বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

বিনোদন

প্রীতির সাথে প্রেমের গুঞ্জনে ১৮ বছর পর মুখ খুললেন ব্রেট লি

নিউজজি ডেস্ক  আগস্ট ৬, ২০২৬, ১৩:৫০:১০

77
  • সংগৃহীত

ঢাকা: ভারতে ক্রিকেট ও বিনোদন জগতের সম্পর্ক দীর্ঘদিনের। মনসুর আলী খান পতৌদি-শর্মিলা ঠাকুর থেকে শুরু করে বিরাট কোহলি-আনুষ্কা শর্মার মতো তারকা জুটির গল্পে বারবার আলোচনায় এসেছে ক্রিকেট ও বলিউডের যোগসূত্র।

তবে সব সম্পর্কের গুঞ্জন বাস্তবে রূপ নেয় না। অনেক গল্পই থেকে যায় শুধুই আলোচনার বিষয় হয়ে। এমনই এক বহুল আলোচিত গুঞ্জন ছিল অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লি ও বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার সম্পর্ক নিয়ে।

২০০৮ সালে শুরু হওয়া সেই জল্পনার প্রায় ১৮ বছর পর এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার।

সম্প্রতি এক বাণিজ্যিক শুটিংয়ের কাজে মুম্বাই এসেছিলেন ব্রেট লি। সেখানে 'বোম্বে টাইমস'-কে দেওয়া এক সাক্ষাৎকারে দীর্ঘদিনের এই গুঞ্জনের ইতি টেনে তিনি বলেন, ‘আপনাদের জন্য আসল খবর হলো, আমি কখনোই কোনো বলিউড অভিনেত্রীর সঙ্গে প্রেম করিনি।

প্রীতি জিনতা ও আমি দারুণ বন্ধু ছিলাম এবং এখনো আছি।

ঘটনার সূত্রপাত ২০০৮ সালে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী আসরে। সে বছর কিংস ইলেভেন পাঞ্জাবে (বর্তমান পাঞ্জাব কিংস) যোগ দেন ব্রেট লি এবং ২০১০ সাল পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজিতেই খেলেন তিনি। পাঞ্জাব দলের অন্যতম মালিক ছিলেন প্রীতি জিনতা। মাঠে ও মাঠের বাইরে দুজনকে প্রায়ই একসঙ্গে দেখা যেত, আর সেখান থেকেই ছড়িয়ে পড়ে প্রেমের খবর।

মালিক ও খেলোয়াড়ের এই রসায়ন নিয়ে দীর্ঘ ১৮ বছর লি চুপ থাকলেও, সম্পর্কের বিষয়ে ব্রেট লি জানান-এসব খবরে তিনি কখনো বিচলিত হননি। অজি তারকার ভাষায়, তখন প্রীতি পাঞ্জাব দলের মালিক ছিল। ও ভীষণ বুদ্ধিমতী একজন নারী এবং তার প্রতি আমার মনে অনেক সম্মান আছে। এসব গল্প আমাকে কখনো ভাবায়নি, কারণ আমি সত্যটা জানতাম। মানুষ যত খুশি গুঞ্জন ছড়াতে পারে, তবে আমি কখনোই এগুলোকে নিজের ওপর প্রভাব ফেলতে দিইনি।

অবশ্য ব্রেট লি এতদিন পর নীরবতা ভাঙলেও প্রীতি জিনতা ২০১০ সালেই বিষয়টির স্পষ্ট ব্যাখ্যা দিয়েছিলেন। বিরক্তি প্রকাশ করে তৎকালীন এক সাক্ষাৎকারে প্রীতি বলেছিলেন, আমার মনে হয় প্রতিবছর ব্রেটের সঙ্গে আমার প্রেমের গুঞ্জন ছড়ানোটা বেশ পুরোনো এবং বাসি খবর হয়ে গেছে। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এখানে নতুন কোনো খবর নেই! আমরা শুধুই বন্ধু।

মাঠের বাইরে ব্যক্তিগত জীবনে ব্রেট লি ২০০৬ সালে বিয়ে করেন এলিজাবেথ কেম্পকে। এই দম্পতির একটি ছেলেসন্তান থাকলেও বিয়ের দুই বছরের মাথায় সম্পর্কের টানাপোড়েন শুরু হয় এবং ২০০৯ সালে আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে ২০১৪ সালে লানা অ্যান্ডারসনকে বিয়ে করেন লি; বর্তমানে তাদের সংসারে দুটি সন্তান রয়েছে।

অন্যদিকে, রূপালী পর্দা ছেড়ে দূরে থাকলেও আইপিএলের মাঠে পাঞ্জাব কিংসের গ্যালারিতে তার উজ্জ্বল উপস্থিতি নিয়মিতই দেখা যায়। তবে দীর্ঘ বিরতি কাটিয়ে রূপালী পর্দায় ফিরছেন এই অভিনেত্রী; সানি দেওলের বিপরীতে তার অভিনীত 'বাটওয়ারা ১৯৪৭' সিনেমাটি আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers