বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

বিনোদন

কেন নিম্নমানের সিনেমায় কাজ করেছিলেন অভিনেত্রী সুস্মিতা

নিউজজি ডেস্ক  আগস্ট ৮, ২০২৬, ১২:১০:৫৭

86
  • সংগৃহীত

ঢাকা: ভারতীয় অভিনেত্রী সুস্মিতা মুখার্জির দীর্ঘ অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে। ‘গোলমাল’, ‘খলনায়ক’ ও ‘কিং আঙ্কল’-এর মতো সিনেমায় অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান তিনি। তবে ক্যারিয়ারের এমন কিছু সময়ও ছিল, যা এখনো তাকে অস্বস্তিতে ফেলে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভক্তের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সেই সময়ের কথা প্রকাশ্যে আনেন সুস্মিতা। তিনি জানান, আর্থিক সংকট ও বিপুল ঋণের বোঝার কারণে একসময় এমন কিছু সিনেমায় অভিনয় করতে হয়েছিল, যেগুলো নিয়ে এখন গর্ববোধ করেন না তিনি।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ৫ আগস্ট ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন সুস্মিতা। সেখানে তাকে একজন প্রশ্ন করেছিলেন, তিনি কেন সেসব সিনেমায় অভিনয় করেছেন, যেখানে নারীদের অসম্মান করা হয়েছে এবং যা নিয়ে সমালোচনাও হয়েছিল। জবাবে অভিনেত্রী জানান, বিষয়টি তার জীবনের যন্ত্রণাদায়ক একটি অধ্যায়।

এ তারকার ভাষ্যমতে―আমাকে একজন প্রশ্ন করেছিলেন, আমি খারাপ সিনেমায় অভিনয় করেছিলাম কেন? প্রশ্ন শুনে থমকে গিয়েছিলাম। নিজের জীবনের ওই সময়ের কথা মনে করা খুবই অস্বস্তিকর। হ্যাঁ, আমি ভালো সিনেমার পাশাপাশি কিছু খারাপ সিনেমায়ও কাজ করেছি। সেসব পর্নোগ্রাফি ছিল না। কিন্তু কিছু সিনেমা সত্যিই নিম্নমানের ছিল এবং যা নারীদের প্রতি অসম্মানজনকও ছিল। কেননা, তখন আমি অসহায় ছিলাম।

কেন এমন সিদ্ধান্ত নিতে হয়েছিল, তা ব্যাখ্যা করতে গিয়ে ২০২২ সালের কঠিন সময়ের কথা তুলে ধরেছেন সুস্মিতা। সে সময় তার ও স্বামীর মালিকানাধীন মিডিয়া প্রতিষ্ঠান ‘প্রয়াস প্রোডাকশন’ আর্থিক সংকটের কারণে বন্ধ হয়ে যায়। এর সঙ্গে তাদের ঘাড়ে চাপে প্রায় কোটি টাকার ঋণের বোঝা।

সুস্মিতা জানান, পরিস্থিতি এতটাই কঠিন হয়ে উঠেছিল যে পাওনাদাররা নিয়মিত তাদের বাড়িতে এসে অর্থ পরিশোধের জন্য চাপ দিতেন এবং নানা ধরনের কথা শুনতে হতো। ওই সময় তাদের সন্তানরাও ছোট ছিল। পরিবারের আর্থিক পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়েই তাকে আবার অভিনয়ে ফিরতে হয়েছিল।

এরপর ঋণ শোধ করার জন্য পরবর্তী কয়েক বছর স্বামী-স্ত্রী দু’জন অনেক পরিশ্রম করেন। পাশাপাশি মেয়ের উচ্চশিক্ষার খরচও বহন করতে হয়েছে। মেয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে পড়ালেখা করেছেন। সুস্মিতার ভাষ্যমতে―মেয়ের পড়ালেখার জন্যও আমাকে উপার্জন করতে হয়েছে। এ জন্য কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম। তখন যা করেছি, এ জন্য আমার কোনো আফসোস নেই। আমার সন্তানদের ভালোভাবে মানুষ করতে পেরেছি এবং তারা আজ প্রতিষ্ঠিত।

এদিকে বর্তমানে নিজের কাজ বেছে নেয়ার ব্যাপারে খুবই সতর্ক সুস্মিতা। এখন আর এমন কোনো কাজ করেন না, যা তার হৃদয় স্পর্শ করে না। সম্মানের কাজ করেন, ভালো উপার্জন করেন এবং যে ধরনের কাজ করছেন; তাতে ভীষণ খুশি তিনি। সবশেষ জানান, অভিনয় ক্যারিয়ারে সবসময় পছন্দমত কাজ করার সুযোগ থাকে না।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers