শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ , ২২ রবিউল আউয়াল ১৪৪৮

বিনোদন

নেপালে অপু বিশ্বাস ও মুর্তজা পলাশের ‘শিকার’র মহরত

নিউজজি ডেস্ক  আগস্ট ১০, ২০২৬, ১৮:২৮:০১

125
  • সংগৃহীত

দুই পাশে উঁচু পাহাড়, সামনে বিশাল পর্বতশ্রেণি, নীল আকাশ আর প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা নেপালের পোখারায় শুরু হয়েছে অপু বিশ্বাস ও মুর্তজা পলাশ অভিনীত সিনেমা ‘শিকার’-এর শুটিং। প্রথম দিন শুটিং স্পটে একে একে হাজির হতে দেখা যায় অপু বিশ্বাস, মুর্তজা পলাশ, বড়দা মিঠু এবং কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত রনি ও জিল্লু খ্যাত অভিনেতা শ্যাম ভট্টাচার্যকে।

একপর্যায়ে শুরু হয় মহরতের মূল আনুষ্ঠানিকতা। নিজস্ব রীতি-নীতি ও নিয়ম-কানুন অনুসরণ করে সিনেমাটির মঙ্গল কামনায় প্রথমেই দোয়া করেন এর মূল অভিনেতা মুর্তজা পলাশ। এরপর নারিকেল ভেঙে সিনেমাটির শুভ সূচনা করেন অভিনেতা শ্যাম ভট্টাচার্য। আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় কামরুজ্জামান রোমান নির্মিত ও রেজা ফিল্ম প্রযোজিত সিনেমা ‘শিকার’-এর দৃশ্যধারণের কাজ। বাংলাদেশ, ভারত ও নেপাল তিন দেশের শিল্পী ও কলাকুশলীরা মিলে নির্মাণ করছেন এই সিনেমাটি।

শিকার সিনেমার গল্প নিয়ে অপু বিশ্বাস বলেন, যখন নির্মাতা গল্প নিয়ে আসেন, আমি তখনই রাজি হয়ে যাই। কারণ, সিনেমাটিতে আমার কাজের জায়গা আছে, অভিনয়ের জায়গা আছে। আর এই সিনেমার মাধ্যমে আরও একজন নতুন নায়ক মুর্তজা পলাশের অভিষেক হবে। এটা নিয়েও আমি অনেক বেশি এক্সাইটেড। আশা করি, গল্পটি দর্শকের ভালো লাগবে।

এর আগে একাধিক নাটকে অভিনয় করলেও প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করছেন অভিনেতা মুর্তজা পলাশ। সিনে দুনিয়ায় অভিষেক নিয়ে এই অভিনেতা বলেন, প্রথমবারের মতো সিনেমা করছি, কারণ এই সিনেমার গল্প পড়ে মনে হয়েছে, আমি এই চরিত্রটি ফুটিয়ে তুলতে পারব। তাই নির্মাতার কথা মতো আমি গত আট মাস ধরে নিজের লুক তৈরি করেছি এবং আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি, দর্শককে যেন ভালো কিছু উপহার দিতে পারি। আশা করি, গল্পটি দর্শকের হৃদয়ে আঁচড় কাটবে।

জানা গেছে, নেপালের বিভিন্ন মনোরম পরিবেশ আর পাহাড়ের সৌন্দর্যে মাসজুড়ে চলবে সিনেমাটির দৃশ্যধারণের কাজ। আগামী বছর ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

নিউজজি/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers