শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ , ২২ রবিউল আউয়াল ১৪৪৮

বিনোদন

থাইল্যান্ডে স্কুটি দুর্ঘটনায় আহত খায়রুল

নিউজজি ডেস্ক  আগস্ট ১২, ২০২৬, ১৫:৫৪:২৭

95
  • সংগৃহীত

ঢাকা: থাইল্যান্ডে নাটকের শুটিং করতে গিয়ে স্কুটি দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেতা খায়রুল বাসার ও চিত্রগ্রাহক মেহেদী রনি। মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার পর কোলান দ্বীপের একটি পাহাড় থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে দুজনই পাতায়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, কোলান দ্বীপের একটি পাহাড়ে নাটকের কয়েকটি দৃশ্যের শুটিং করছিলেন খায়রুল বাসার ও তার দল। শুটিং শেষে চিত্রগ্রাহক মেহেদী রনি স্কুটি চালিয়ে পাহাড় থেকে নিচে নামছিলেন। এ সময় হঠাৎ স্কুটিটির নিয়ন্ত্রণ হারিয়ে গেলে দুজনই সড়কে পড়ে যান।

দুর্ঘটনাটি আকস্মিক হওয়ায় শুরুতে তারা কিছুটা হতবিহ্বল হয়ে পড়েন। পরে কাছাকাছি থাকা শুটিং দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করেন এবং হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনায় খায়রুল বাসারের বুকে ও হাঁটুতে আঘাত লেগেছে। হাঁটাচলা করতেও তার কষ্ট হচ্ছে। অন্যদিকে মেহেদী রনি তুলনামূলক বেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন বাসার। তার শরীরের বিভিন্ন অংশ ছিলে গিয়ে ক্ষত হয়েছে। দুজনেরই এক্স-রে করানো হবে। এরপর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে।

এ দুর্ঘটনার কারণে থাইল্যান্ডে চলমান নাটকের শুটিং আপাতত বন্ধ রাখা হয়েছে। শারীরিক অবস্থার কারণে আগামী দুই থেকে তিন দিন তার পক্ষে শুটিং করা সম্ভব হবে না বলেও জানিয়েছেন খায়রুল বাসার।

জানা গেছে, ঈদের পর বিরতি শেষে একসঙ্গে কয়েকটি নাটকের শুটিং করতে থাইল্যান্ডে গেছেন খায়রুল বাসার। নাটকগুলোর নাম এখনও জানা যায়নি। এগুলো পরিচালনা করছেন মীর আরমান হোসেন। শুটিংয়ে বাসারের সহশিল্পী হিসেবে সাদনিমা বিনতে নোমানসহ আরও কয়েকজন অভিনয় করছেন।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers