মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ , ২ রবিউস সানি ১৪৪৮

বিনোদন

‘একজন শিল্পীকে অসম্মান করা সভ্যতার শিক্ষা নয়’

নিউজজি ডেস্ক  সেপ্টেম্বর ১, ২০২৬, ১৬:০৬:৪২

364
  • সংগৃহীত

ঢাকা: দীর্ঘ অভিনয়জীবন একজন শিল্পীকে এনে দেয় পরিচিতি, জনপ্রিয়তা ও দর্শকের ভালোবাসা। তবে সময়ের সঙ্গে অনেক অভিনয়শিল্পীকেই তাদের পুরোনো পেশাগত পরিচয় থেকে সরে আসতে দেখা যায়। ব্যক্তিগত নানা কারণে কেউ অভিনয় থেকে দূরে থাকেন, আবার কেউ কেউ অতীতের পেশাজীবন নিয়েও আক্ষেপ প্রকাশ করেন।

সম্প্রতি এমনই একটি বিষয়কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত জানিয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ফেসবুকে দেওয়া এক পোস্টে কারও নাম উল্লেখ না করে তিনি শিল্পী ও শিল্পচর্চার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান। পাশাপাশি অতীতের পরিচয়কে অবমূল্যায়ন করার আগে নিজের মূল্যবোধ নিয়েও ভাবার পরামর্শ দেন এই অভিনেত্রী।

প্রভা লেখেন, ‘একটা পরিচয় যদি একদিন আপনাকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ আর মানুষের ভালোবাসা দিয়ে থাকে, তাহলে সেই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে বরং নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করবেন।’

নিজের বক্তব্য কঠিন কিংবা কিছুটা তিক্ত শোনাতে পারে- এমন আশঙ্কার কথাও জানিয়েছেন প্রভা। তবে এরপরও নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ‘আমি চাই না অশিক্ষা, অজ্ঞতা আর সংস্কৃতির প্রতি অসম্মান নিয়ে কেউ সংস্কৃতিচর্চায় আসুক।’

শিল্পচর্চায় যুক্ত হওয়ার আগে শিক্ষা, মূল্যবোধ ও সংস্কৃতিবোধকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী। তার ভাষায়, যারা সংস্কৃতির জগতে আসবেন, তাদের ‘শিক্ষা নিয়ে, মূল্যবোধ নিয়ে, সংস্কৃতিবোধ নিয়ে এবং সবচেয়ে বেশি নিজের পরিচয়ের প্রতি সম্মান নিয়ে’ আসা উচিত।

প্রভার পোস্টের সবচেয়ে আলোচিত অংশ হয়ে উঠেছে শিল্প ও অভিনয়কে ‘পাপ’ হিসেবে দেখার ধারণার বিরোধিতা। নিজের অবস্থান পরিষ্কার করে তিনি লেখেন, ‘কারণ শিল্প কোনো পাপ নয়। শিল্প একটি পরিচয়। শিল্প একটি সংস্কৃতি।’

একজন শিল্পীর দীর্ঘ ক্যারিয়ারের সঙ্গে তার পরিচয়, পরিশ্রম ও সৃষ্টিশীলতার যে সম্পর্ক, সেটিকেই সামনে এনেছেন প্রভা। তার মতে, কোনো শিল্পী পরবর্তী জীবনে ভিন্ন পথ বেছে নিলেও সেই কারণে তার অতীতের শিল্পচর্চাকে অসম্মান করা উচিত নয়।

পোস্টের শেষদিকে তিনি বলেন, ‘আর একজন শিল্পীকে অসম্মান করা কোনোভাবেই সভ্যতার শিক্ষা নয়।’

প্রভা তার পোস্টে নির্দিষ্ট কারও নাম উল্লেখ না করলেও, সাম্প্রতিক সময়ে কয়েকজন শিল্পীর অভিনয়জীবন ও অতীত পেশা নিয়ে দেওয়া নানা বক্তব্যকে কেন্দ্র করে যে আলোচনা চলছে, সেই প্রেক্ষাপটেই অনেকে তার এই পোস্টের তাৎপর্য খুঁজছেন।

বিশেষ করে কোনো অভিনয়শিল্পী দীর্ঘদিনের ক্যারিয়ার থেকে সরে গিয়ে সেই সময়ের কাজকে নেতিবাচকভাবে মূল্যায়ন করলে সহকর্মী ও শিল্পীদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। প্রভার বক্তব্যও সেই বিতর্কেরই অংশ হিসেবে সামনে এসেছে।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers