বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ , ৩ জুমাদিউল আউয়াল ১৪৪৮

বিনোদন

অবশেষে ঢাকায় ‘কাভিশ’, একই মঞ্চে থাকছে শিরোনামহীন-মেঘদল

নিউজজি ডেস্ক  সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১৪:৩৩:৩৮

214
  • ছবি : সংগৃহীত

ঢাকা: নিরাপত্তাজনিত কারণে দীর্ঘদিন স্থগিত থাকার পর অবশেষে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’-এর কনসার্ট। প্রায় ১০ মাসের অপেক্ষার পর আগামী ২৬ সেপ্টেম্বর রাজধানীতে বসছে এই সংগীতের আয়োজন। এতে কাভিশের পাশাপাশি একই মঞ্চে পারফর্ম করবে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’ ও ‘মেঘদল’।

গত শনিবার (১২ সেপ্টেম্বর) আয়োজক প্রতিষ্ঠান ‘প্রাইম ওয়েভ কমিউনিকেশন’ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কনসার্টের নতুন তারিখ ঘোষণা করে। এর আগে আয়োজনটির নাম ছিল ‘ওয়েভ ফেস্ট: ফিল দিজ উইনটার’। নতুন আয়োজনে নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’। তবে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে এখনো কনসার্টের ভেন্যুর নাম প্রকাশ করা হয়নি।

আয়োজকরা জানিয়েছেন, গত বছর যারা কনসার্টের অগ্রিম টিকিট কিনেছিলেন, তাদের নতুন করে টিকিট সংগ্রহ করতে হবে না। আগের টিকিট দেখিয়েই তারা এবারের আয়োজনে অংশ নিতে পারবেন। পাশাপাশি অনলাইন টিকিট প্ল্যাটফর্ম ‘টিকিফাই’-এ নতুন টিকিট বিক্রিও শুরু হয়েছে। সাধারণ ক্যাটাগরির টিকিটের দাম ২ হাজার ৯৯৯ টাকা এবং ভিআইপি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৪৯৯ টাকা।

উল্লেখ্য, কাভিশের সঙ্গে শিরোনামহীন ও মেঘদলকে নিয়ে গত বছরের ৫ ডিসেম্বর ঢাকার মঞ্চে এই কনসার্টটি হওয়ার কথা ছিল। কিন্তু দেশের তৎকালীন সার্বিক পরিস্থিতি বিবেচনায় অনুমতি না পাওয়ায় আয়োজনটি স্থগিত করা হয়।

১৯৯৮ সালে জাফর জাইদি ও মাজ মাওদুদের হাত ধরে গড়ে ওঠা পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’ ২০২৫ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো বাংলাদেশে গান শোনাতে এসেছিল। তাদের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’, ‘মোরে সাইয়া’, ‘নিন্দিয়া রে’ ও ‘ফাসলে’।

এদিকে, কনসার্টের দেশীয় দুটি ব্যান্ডও শ্রোতাদের জন্য নিয়মিত নতুন গান নিয়ে আসছে। সম্প্রতি ভারতের কলকাতায় ‘মেঘের সঙ্গে চাঁদের দেখা’ শীর্ষক কনসার্টে পশ্চিমবঙ্গের ব্যান্ড চন্দ্রবিন্দুর সঙ্গে গান পরিবেশন করে এসেছে ‘মেঘদল’। এছাড়া কোক স্টুডিও বাংলায় ব্যান্ডটির নতুন গান ‘মুল্লুক’ প্রকাশিত হয়েছে। অন্যদিকে, নিয়মিত কনসার্টের পাশাপাশি সম্প্রতি ‘স্বপ্নের টিকিট’ শিরোনামে নতুন গান প্রকাশ করেছে ‘শিরোনামহীন’।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers