শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ , ৪ জুমাদিউল আউয়াল ১৪৪৮

বিনোদন

কারিনার পাসপোর্ট বুকে নিয়ে ওমরাহে বাবা কায়সার হামিদ

নিউজজি ডেস্ক  সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১২:২৩:৩৮

129
  • ছবি : সংগৃহীত

ঢাকা: মেয়েকে সঙ্গে নিয়ে পবিত্র কাবা শরিফে ওমরাহ পালনের ইচ্ছা ছিল জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের। কিন্তু বাবার সেই ইচ্ছা পূরণের আগেই না ফেরার দেশে চলে যান তার মেয়ে, জনপ্রিয় কনটেন্ট নির্মাতা ও অভিনেত্রী কারিনা কায়সার। প্রিয় মেয়েকে হারিয়ে শোকে কাতর কায়সার হামিদ এবার তার স্মৃতিকে সঙ্গে নিয়েই পবিত্র মক্কায় ওমরাহ পালন করতে গেছেন।

কারিনা আজ পাশে নেই, তবে তার স্মৃতি হিসেবে বাবার কাছে রয়ে গেছে মেয়ের পাসপোর্ট। মেয়ের অপূর্ণ ইচ্ছা পূরণের পাশাপাশি সেই স্মৃতিচিহ্ন বুকে ধারণ করেই এবার পবিত্র কাবা শরিফে উপস্থিত হয়েছেন কায়সার হামিদ।

কারিনাকে নিয়ে ওমরাহ পালনের পরিকল্পনা গত বছর থেকেই করেছিলেন কায়সার হামিদ। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই হঠাৎ থেমে যায় কারিনার জীবন। লিভার সংক্রান্ত জটিলতায় ভুগে কয়েক মাস আগে ভারতের চেন্নাইয়ের ভেলোর ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মেয়ের অপূর্ণ ইচ্ছাকে হৃদয়ে ধারণ করে এবার কাবা শরিফে গেছেন কায়সার হামিদ। মক্কা থেকে সামাজিক মাধ্যমে কারিনার পাসপোর্ট হাতে একটি আবেগঘন ছবি প্রকাশ করেছেন তিনি। সেখানে মেয়েকে নিয়ে আল্লাহর ঘরে আসার পরিকল্পনার কথা স্মরণ করে নিজের অনুভূতি জানিয়েছেন।

কায়সার হামিদ আরও জানান, স্বপ্নে তিনি কারিনাকে নিজের সঙ্গে পবিত্র কাবা শরিফ প্রদক্ষিণ করতে দেখেছেন। এ কারণে তার বিশ্বাস, শারীরিকভাবে পাশে না থাকলেও আত্মিকভাবে কারিনা তাদের সঙ্গেই ওমরাহ পালন করেছে। মেয়ের পাসপোর্টটিও পুরো সময় নিজের সঙ্গে রেখেছেন তিনি।

প্রাণবন্ত উপস্থাপনা এবং মানুষের জীবনের সঙ্গে সম্পৃক্ত নানা কনটেন্টের মাধ্যমে অল্প সময়েই তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন কারিনা কায়সার। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্য লেখাতেও নিজের দক্ষতার পরিচয় দেন তিনি। এ ছাড়া বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিক ও ওয়েব সিরিজে অভিনয় করে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন এই তরুণ শিল্পী।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers