শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ , ২ জুমাদাউস সানি ১৪৪৮

বিনোদন

জন্মদিনে ‘কিং’ এর প্রথম গান প্রকাশ

নিউজজি ডেস্ক  নভেম্বর ২, ২০২৬, ১৩:০৫:২৪

102
  • ছবি : সংগৃহীত

ঢাকা: বলিউড সুপারস্টার শাহরুখ খানের ৬১তম জন্মদিনে ভক্তদের জন্য বিশেষ উপহার হিসেবে প্রকাশ করা হয়েছে তাঁর বহুল আলোচিত সিনেমা ‘কিং’-এর প্রথম গান। ‘তু মিল যায়ে’ শিরোনামের রোমান্টিক গানটিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন।

গানটির সুরারোপ করেছেন শচীন-জিগার। এতে কণ্ঠ দিয়েছেন ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান ও ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। প্রকাশের পরপরই গানটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

গানটিতে শাহরুখ ও দীপিকার রসায়ন দর্শকদের বিশেষভাবে নজর কেড়েছে। তাঁদের জুটি দেখে অনেকেরই মনে পড়েছে ‘ওম শান্তি ওম’ সিনেমার কথা। এ ছাড়া গানে শাহরুখের শারীরিক গঠন নিয়েও ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

গানের শুরুতে শাহরুখের একটি সংলাপও রয়েছে—‘ম্যায় কাতিল নহি, আশিক হুঁ’, যার অর্থ ‘আমি খুনি নই, প্রেমিক’। এড শিরান ও অরিজিৎ সিংয়ের যৌথ পরিবেশন নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা করছেন শ্রোতারা।

এদিকে শাহরুখের জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন করেছে প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগল। মুম্বাইয়ের বান্দ্রা-ওরলি সি লিংকে ‘কিং’ সিনেমার প্রচারণায় বিশেষ একটি স্থাপনা প্রদর্শন করা হয়। গভীর রাতে গাড়ি নিয়ে বের হয়ে সেই আয়োজন দেখতে যান শাহরুখ।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আয়োজনের ছবি প্রকাশ করে গুগল জেমিনিকে ধন্যবাদ জানান তিনি। মজা করে শাহরুখ লেখেন, ‘দোস্ত হো তো গুগল জেমিনি জ্যায়সা’—অর্থাৎ বন্ধু হলে গুগল জেমিনির মতো হওয়া উচিত।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। এতে শাহরুখ ও দীপিকা ছাড়াও অভিনয় করেছেন অভিষেক বচ্চন, রানী মুখার্জি, সুহানা খানসহ আরও অনেকে।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers