শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ , ২ জুমাদাউস সানি ১৪৪৮

বিনোদন

মান্নাতের বারান্দায় শাহরুখ, উচ্ছ্বসিত ভক্তরা

নিউজজি ডেস্ক  নভেম্বর ৩, ২০২৬, ১২:৩৩:২৩

84
  • ছবি : সংগৃহীত

ঢাকা: আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিং ও প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাহরুখ খান। পাশাপাশি মুম্বাইয়ের বাড়ি মান্নাতে চলছে সংস্কারকাজ। এসব কারণে ধারণা করা হচ্ছিল, নিজের ৬১তম জন্মদিনে ভক্তদের সঙ্গে দেখা করবেন না বলিউড বাদশাহ। এমন খবরে মন খারাপ হয়েছিল প্রিয় তারকার অপেক্ষায় থাকা ভক্তদের।

তবে শেষ পর্যন্ত ভক্তদের নিরাশ করেননি শাহরুখ। ২ নভেম্বর জন্মদিনের সন্ধ্যায় মান্নাতের বারান্দায় হাজির হয়ে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। মধ্যরাত থেকেই প্রিয় অভিনেতার এক ঝলক দেখার অপেক্ষায় ছিলেন অসংখ্য ভক্ত।

জানা গেছে, বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে তাজ হোটেলে জন্মদিন উদ্‌যাপন করেন শাহরুখ। পরে সন্ধ্যায় নিজের বাড়ি মান্নাতের বারান্দায় এসে ভক্তদের অভিবাদন জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সাদা টি-শার্ট ও জিনস পরা শাহরুখ ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন এবং উড়ন্ত চুমু ছুড়ে দিচ্ছেন। এ সময় চিরচেনা ভঙ্গিতে দুই হাত প্রসারিত করে দাঁড়ানোর পাশাপাশি সালাম ও নমস্কার জানিয়ে সবার প্রতি ভালোবাসা প্রকাশ করেন তিনি। প্রিয় তারকাকে একনজর দেখতে ও ক্যামেরায় বন্দি করতে তখন ব্যস্ত হয়ে পড়েন ভক্ত ও আলোকচিত্রীরা।

শাহরুখের দেখা না পেয়ে যখন ভক্তদের অপেক্ষার প্রহর দীর্ঘ হচ্ছিল, তখনই তাকে বহনকারী গাড়ির বহর মান্নাতের দিকে যেতে দেখা যায়। নিরাপত্তার কারণে বাড়ির সামনের সড়কে আগে থেকেই ব্যারিকেড দিয়ে রেখেছিল মুম্বাই পুলিশ। পরে সন্ধ্যার অন্ধকার ভেদ করে মান্নাতের বিশেষভাবে তৈরি মঞ্চে হাজির হন অভিনেতা। বর্তমানে বাড়িটিতে সংস্কারকাজ চলছে।

এদিকে শাহরুখের জন্মদিন উপলক্ষে দিনভর নানা আয়োজন করেন ভক্তরা। কেউ মুম্বাইয়ের জুহুর একটি রেস্তোরাঁয় কেক কেটে জন্মদিন উদ্‌যাপন করেন, কেউ মান্নাতের সামনে অভিনেতার বড় বড় পোস্টার নিয়ে হাজির হন। নাচ-গানেও মেতে ওঠেন তারা। পাশাপাশি শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’-এর ‘তু মিল জায়ে’ গানটি একসঙ্গে উপভোগ করেন ভক্তরা। জন্মদিনের প্রথম প্রহরে গানটি সামাজিক মাধ্যমে প্রকাশ করে তাদের চমক দেন নায়ক। এতে দীপিকা পাড়ুকোনকেও দেখা গেছে।

শাহরুখের ৬১তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের সহকর্মীরাও। তাদের মধ্যে রয়েছেন কারিনা কাপুর, কাজল, অজয় দেবগন, অ্যাটলি, রিতেশ দেশমুখ, ফারাহ খান ও শিল্পা শেঠি।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers