শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ , ২ জুমাদাউস সানি ১৪৪৮

বিনোদন

দূরে থেকেও মৌসুমীর জন্মদিনে ওমর সানীর শুভেচ্ছা

নিউজজি ডেস্ক  নভেম্বর ৩, ২০২৬, ১২:৫৭:১২

115
  • ছবি : সংগৃহীত

ঢাকা: নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা আরিফা পারভীন মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল সিনেমা। ভক্তদের কাছে ‘প্রিয়দর্শিনী’ হিসেবে পরিচিত এই অভিনেত্রীর জন্মদিন আজ মঙ্গলবার (৩ নভেম্বর)। ৫৩ বছর পেরিয়ে ৫৪ বছরে পা রাখছেন তিনি। বিশেষ এই দিনে স্ত্রীর পাশে থাকতে পারছেন না চিত্রনায়ক ওমর সানী। দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

ভিডিও বার্তায় মৌসুমীকে উদ্দেশ করে ওমর সানী বলেন, আল্লাহ তাঁকে সুস্থ রেখেছেন, এ জন্য তিনি কৃতজ্ঞ। দূরত্ব কখনো ভালোবাসার পথে বাধা হতে পারে না উল্লেখ করে অভিনেতা জানান, গত ৩৫ বছর ধরে তিনি মৌসুমীর জন্মদিন উদ্‌যাপন করে আসছেন। ৩ নভেম্বর স্ত্রীর বিশেষ দিনেও তাঁর প্রতি ভালোবাসা ও শুভকামনা প্রকাশ করেন তিনি।

পর্দায় এই জুটিকে কখনো প্রেম, কখনো মান-অভিমান কিংবা চোখের জলে দর্শকদের মুগ্ধ করতে দেখা গেছে। আবার রোমান্টিক গানের দৃশ্যে ফুলের বাগানে ঘুরে বেড়িয়েছেন একসঙ্গে। তবে পর্দার এই জনপ্রিয় জুটির বাস্তব জীবনের প্রেমের গল্পের শুরুটা ছিল বেশ অদ্ভুত। জানা যায়, চাবুকের আঘাত খেতে খেতেই তাঁদের প্রেমের সূচনা হয়েছিল।

অনেক দিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন মৌসুমী। আর দেশে ব্যবসা ও অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন ওমর সানী। তবে খুব শিগগির তাদের দেখা হচ্ছে বলে জানান এই চিত্রনায়ক। ওমর সানী বলেন, “গ্রিন কার্ড পাওয়ার পর তোমাকে সবাই শুভেচ্ছা জানিয়েছেন। আমিও তোমাকে শুভেচ্ছা জানিয়েছি। আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখেন, তবে অল্প কিছুদিনের মধ্যে আমাদের দেখা হচ্ছে।” 

জীবনসঙ্গীর বিশেষ দিনে হৃদয় থেকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন ওমর সানী। তিনি বলেন, “মৌসুমী, তোমার জন্মদিনে আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, সেটা হচ্ছে—তোমার সুস্থতা, তোমার সম্মান, আত্মমর্যাদা, তোমার মমত্ববোধ। সবচেয়ে বড় বিষয়, মানুষ তোমাকে যেভাবে সম্মান করেন, সেই সম্মানকে আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন। শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী।”  

ওমর সানীর ভিডিও বার্তার কমেন্ট বক্সে মৌসুমীর ভক্ত-অনুরাগীরাও শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি প্রিয় তারকার সুস্বাস্থ্য কামনা করেছেন। 

১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন মৌসুমী। তার বাবার নাম নাজমুজ্জামান মনি ও মা শামীমা আখতার জামান। ছোটবেলায় অভিনেত্রী এবং গায়িকা হিসেবে কর্মজীবন শুরু করেন মৌসুমী। এরপর ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট’ প্রতিযোগিতায় বিজয়ী হন, যার ওপর ভিত্তি করে তিনি ১৯৯০ সালে টেলিভিশনের বাণিজ্যিক ধারার বিভিন্ন অনুষ্ঠানে কাজের সুযোগ পান।

চিত্রনায়িকা হিসেবে ঢাকাই চলচ্চিত্রে মৌসুমীর অভিষেক ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে। এ সিনেমায় সালমান শাহর সঙ্গে জুটিবদ্ধ হন এই অভিনেত্রী। প্রথম সিনেমাতে নিজেদের মেধার পরিচয় দেন সালমান শাহ ও মৌসুমী। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। দুজনই ঢালিউডে নিজেদের অবস্থান তৈরি করে নেন। 

তারপর তিন দশকের বেশি সময় ধরে ঢালিউডে মেধার দ্যুতি ছড়াচ্ছেন মৌসুমী। নারগিস আক্তার পরিচালিত ‘মেঘলা আকাশ’ ও চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই অভিনেত্রী পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

১৯৯৫ সালের ৪ মার্চ, বিবাহবন্ধনে আবদ্ধ হন ওমর সানী-মৌসুমী। এ দম্পতির সংসার আলো করে জন্ম নিয়েছে একটি কন্যা ও একটি পুত্রসন্তান। এ যুগল বিবাহিত জীবনের ৩২ বছর পার করছেন।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers