শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ , ২ জুমাদাউস সানি ১৪৪৮

বিনোদন

৫০ বছরের ছোট নায়িকার সাথে রজনীকান্ত

নিউজজি ডেস্ক  নভেম্বর ৫, ২০২৬, ১৩:৩৯:০৬

86
  • ছবি : সংগৃহীত

ঢাকা: দক্ষিণী সিনেমায় এবার নতুন এক জুটিকে ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। প্রায় ৫০ বছরের বয়সের ব্যবধান থাকা সত্ত্বেও একই সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত ও শ্রীলীলা। ‘থালাইভা’খ্যাত রজনীকান্তের আসন্ন সিনেমা ‘ধর্মন’-এ নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন শ্রীলীলা। সম্প্রতি ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সিনেমাটি পরিচালনা করছেন অশ্বথ মারিমুথু। এই ছবির মাধ্যমেই প্রথমবারের মতো রজনীকান্তের সঙ্গে কাজ করতে যাচ্ছেন তিনি। অন্যদিকে, শ্রীলীলা এবারই প্রথমবারের মতো পর্দা ভাগাভাগি করবেন এই সুপারস্টারের সঙ্গে।

শ্রীলীলাকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে ছবিটির প্রযোজনা সংস্থা। ভিডিওটির মাধ্যমে সিনেমায় অভিনেত্রীর যুক্ত হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে।

রজনীকান্ত ও শ্রীলীলা ছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সিমরন, নয়নতারা, যোগী বাবু ও রাশি খান্না। সিনেমাটির প্রথম প্রচার ঝলক প্রকাশের পর থেকেই রজনীকান্তের চরিত্র নিয়ে দর্শকের মধ্যে তৈরি হয়েছে নানা কৌতূহল। প্রাথমিকভাবে পাওয়া ইঙ্গিত অনুযায়ী, ছবিতে একজন চিকিৎসকের ভূমিকায় দেখা যেতে পারে অভিনেতাকে। তবে চরিত্রটির পরিচয় দিতে গিয়ে নির্মাতারা ‘কেট্টা পৈয়ন’ শব্দবন্ধ ব্যবহার করেছেন। এর অর্থ ‘খারাপ মানুষ’। ফলে চরিত্রটিতে নেতিবাচক বৈশিষ্ট্য থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

দক্ষিণী চলচ্চিত্রে শ্রীলীলার ব্যস্ততা দিন দিন বাড়ছে। চলতি বছরের শুরুতে ‘পরাশক্তি’ সিনেমার মাধ্যমে তামিল ছবিতে অভিষেক হয় তার। এরপর একাধিক বড় বাজেটের সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। ধনুষ ও মমুটী অভিনীত আসন্ন ‘ওম’ সিনেমায় ধনুষের স্ত্রীর চরিত্র রোজা হিসেবে দেখা যাবে তাকে। এ ছাড়া অজিত কুমারের ‘ডেয়ারডেভিল’ সিনেমাতেও যুক্ত হয়েছেন শ্রীলীলা।

‘ধর্মন’-এর সংগীত পরিচালনা করছেন অনিরুদ্ধ রবিচন্দর। এর আগে ‘পেটা’, ‘দরবার’, ‘জেলার’, ‘ভেট্টৈয়ন’ ও ‘কুলি’ সিনেমায় রজনীকান্তের সঙ্গে কাজ করেছেন তিনি। ফলে এই জুটির নতুন কাজ নিয়েও সংগীতপ্রেমীদের আগ্রহ রয়েছে। তবে এখনো সিনেমাটির মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের এপ্রিলে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘ধর্মন’।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers