বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ , ১ জুমাদাউস সানি ১৪৪৮

বিনোদন

আদালত থেকে বের হয়ে ক্ষোভ প্রকাশ পরীমনির

নিউজজি ডেস্ক  নভেম্বর ৫, ২০২৬, ১৬:৩৯:৪১

105
  • ছবি : সংগৃহীত

ঢাকা: ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও হুমকির মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। তবে জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণ ছাড়ার সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হন তিনি। এক ব্যক্তির বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী। একই সঙ্গে সাংবাদিকদের কাছে ঘটনার ভিডিও ফুটেজ দেখে ওই ব্যক্তিকে শনাক্ত করার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

আদালতের কার্যক্রম শেষে নিজের সাদা গাড়ির দিকে যাচ্ছিলেন পরীমনি। এ সময় তাকে ঘিরে ধরেন উপস্থিত সাংবাদিকেরা। তাদের কেউ কেউ জামিনের বিষয়ে অভিনেত্রীর প্রতিক্রিয়া জানতে চান। তবে কোনো প্রশ্নের জবাব না দিয়ে দ্রুত গাড়ির দিকে এগিয়ে যান তিনি।

গাড়িতে ওঠার মুহূর্তে হঠাৎ এক ব্যক্তির দিকে ক্ষুব্ধ হয়ে এগিয়ে যান পরীমনি। তাকে বলতে শোনা যায়, ‘তুই আমার হাত দিয়েছিস ক্যান!’ এ সময় মুঠোফোন হাতে থাকা ওই ব্যক্তি বলেন, ‘আমি আপনার গায়ে হাত দিব কেন? আমি ভিডিও করছি।’ পাশ থেকে পরীমনির সহকারীরাও দাবি করেন, ওই ব্যক্তি তার গায়ে হাত দিয়েছেন। প্রায় ৩০ সেকেন্ড ধরে চলে এই বাক্‌বিতণ্ডা। এ সময় পরীমনিকে আরও বলতে শোনা যায়, ‘কত বড় সাহস, গায়ের মধ্যে হাত দেয়, সাহস দেখায়।’

এদিকে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের উপস্থিতিতে পরীমনি বলেন, এই তোমাদের ক্যামেরাতে রেকর্ড আছে না? তোমাদের সাংবাদিকদের মধ্যে একটা ছেলে আমার গায়ে হাত দিয়েছে। ফুটেজ দেখে খুঁজে বের করবে। সাংবাদিক হয়ে মেয়েদের গায়ে হাত দেয়, কত বড় সাহস! চোখে লাইট দেবে না, আমার সমস্যা হচ্ছে।

এ সময় ক্যামেরার আলো চোখে ফেলায়ও বিরক্তি প্রকাশ করেন তিনি। একপর্যায়ে গালিগালাজও করেন অভিনেত্রী। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তি বারবার দাবি করেন, তিনি পরীমনির গায়ে হাত দেননি, শুধু ভিডিও করছিলেন। পরে দ্রুত গাড়িতে উঠে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন পরীমনি।

প্রসঙ্গত, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় গত বুধবার (৪ নভেম্বর) সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারিত ছিল। কিন্তু সেদিন আদালতে উপস্থিত হননি পরীমনি। তার আইনজীবী সময় চেয়ে আবেদন করলেও আদালত তা নাকচ করে দেন। পরে অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়। এর পরদিন বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে আত্মসমর্পণের পাশাপাশি জামিনের আবেদন করেন তিনি। বেলা ১১টা ৫৫ মিনিটে আদালতে উপস্থিত হওয়ার পর শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

অন্যদিকে, মামলার আইনি জটিলতার মধ্যেও অভিনয় নিয়ে ব্যস্ত রয়েছেন পরীমনি। সম্প্রতি গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ওয়েব সিনেমা ‘সেপারেশন’-এর কাজ শেষ করেছেন তিনি। এতে তার সঙ্গে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। এ ছাড়া ‘ফারজানা’ শিরোনামের একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজও প্রায় শেষ পর্যায়ে। তারেক রহমান পরিচালিত এই সিনেমার কাজ নিয়েও বর্তমানে ব্যস্ত সময় কাটছে অভিনেত্রীর।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers