শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ , ২ সফর ১৪৪৮

ফিচার

সংগীতশিল্পী লাকী আখন্দের জন্মদিন আজ

নিউজজি ডেস্ক জুন ৭, ২০২৬, ১২:৩০:০৮

219
  • লাকী আখন্দ

ঢাকা: বাংলা গানের কিংবদন্তি সুরকার ও সঙ্গীত পরিচালক লাকী আখন্দ ছিলেন এক অনন্য সৃষ্টিশীল প্রতিভা। তিনি অসংখ্য জনপ্রিয় ও নন্দিত গান উপহার দিয়ে বাংলা সংগীতের ইতিহাসে স্থায়ী স্থান করে নিয়েছেন। আজ এই গুণী সঙ্গীতজ্ঞের জন্মদিন। শুভ জন্মদিন লাকী আখন্দ।

১৯৫৬ সালের ৭ জুন ঢাকার পাতলা খান লেনে জন্মগ্রহণ করেন লাকী আখন্দ। খুব অল্প বয়সেই, মাত্র ৫ বছর বয়সে তিনি তার বাবার কাছ থেকে সঙ্গীতের হাতেখড়ি নেন। ১৯৬৩ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত তিনি রেডিও ও টেলিভিশনে শিশুশিল্পী হিসেবে বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়া মাত্র ১৪ বছর বয়সে এইচএমভি পাকিস্তানের সুরকার এবং ১৬ বছর বয়সে এইচএমভি ভারতের সঙ্গীত পরিচালক হিসেবে যুক্ত হয়ে তিনি প্রতিভার স্বাক্ষর রাখেন।

১৯৭৫ সালে তিনি তার ছোট ভাই হ্যাপী আখন্দের একটি অ্যালবামের সঙ্গীত পরিচালনা করেন। ওই অ্যালবামের ‘আবার এলো যে সন্ধ্যা’ এবং ‘কে বাঁশি বাজায়রে’ গান দুটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

১৯৮৪ সালে লাকী আখন্দ তার নিজের নামে প্রথম একক অ্যালবাম প্রকাশ করেন, যা সরগমের ব্যানারে বাজারে আসে। এই অ্যালবামের ‘আগে যদি জানতাম’, ‘আমায় ডেকোনা’, ‘মামুনিয়া’ এবং ‘এই নীল মনিহার’ গানগুলো ব্যাপক শ্রোতাপ্রিয়তা অর্জন করে এবং এখনো জনপ্রিয়তা ধরে রেখেছে।

এছাড়া তিনি কুমার বিশ্বজিতের কণ্ঠে ‘যেখানে সীমান্ত তোমার’, সামিনা চৌধুরীর কণ্ঠে ‘কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে’ এবং জেমসের কণ্ঠে ‘লিখতে পারি না কোনো গান আর তুমি ছাড়া’সহ বেশ কিছু কালজয়ী গানের সুর ও সংগীতায়োজন করেন।

দীর্ঘদিন ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন লাকী আখন্দ। ২০১৭ সালের ২১ এপ্রিল তিনি ঢাকার আর্মানিটোলার বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers