বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ , ২৭ সফর ১৪৪৮

ফিচার

বরেণ্য নির্মাতা আব্দুল্লাহ আল মামুনের জন্মদিন আজ

নিউজজি ডেস্ক জুলাই ১৩, ২০২৬, ১৪:১৫:৫৭

107
  • সংগৃহীত

ঢাকা: দেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট নির্মাতা আব্দুল্লাহ আল মামুনের জন্মদিন আজ। ১৯৪২ সালের ১৩ জুলাই জামালপুরে জন্মগ্রহণ করেন গুণী এই নির্মাতা। তার জন্মদিনে ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে রইল শুভেচ্ছা।

আব্দুল্লাহ আল মামুন ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৬৬ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রযোজক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে তিনি নাটক নির্মাণ ও লেখালেখিতে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি ফিল্ম ও ভিডিও ইউনিটের পরিচালক এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নাট্য রচনা ও নির্মাণ ২ কাজেই সিদ্ধহস্ত ছিলেন আব্দুল্লাহ আল মামুন। তার রচিত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে- ‘সুবচন নির্বাসনে’, ‘এখন দুঃসময়’, ‘সেনাপতি’, ‘এখনও ক্রীতদাস’, ‘কোকিলারা’, ‘দ্যাশের মানুষ’, ‘মেরাজ ফকিরের মা’, ‘মেহেরজান আরেকবার’ ইত্যাদি।

আব্দুল্লাহ আল মামুনের ক্যারিয়ারের অন্যতম সেরা সৃষ্টি ‘সংসপ্তক’। শহীদুল্লাহ কায়সারের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত এই ধারাবাহিক নাটক তাকে দেশের নাট্যাঙ্গনে কিংবদন্তির আসনে পৌঁছে দেয়। দীর্ঘ সময় পরও ‘সংসপ্তক’ বাংলা নাটকের ইতিহাসে একটি অনন্য সৃষ্টি হিসেবে বিবেচিত হয়ে আসছে।

চলচ্চিত্র নির্মাণেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন আব্দুল্লাহ আল মামুন। তার পরিচালিত ‘সারেং বউ’, ‘সখী তুমি কার’, ‘দুই জীবন’, ‘বিহঙ্গ’ ও ‘পদ্মাপাড়ের দৌলতী’সহ বেশ কিছু সিনেমা দর্শক ও সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছে।

দীর্ঘ কর্মজীবনে তিনি শতাধিক নাটক নির্মাণ ও প্রযোজনা করেছেন। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘শীর্ষবিন্দু’, ‘জীবন ছবি’, ‘ঘরোয়া’, ‘উত্তরাধিকার’, ‘একজনমে’ ও ‘জোয়ার ভাটা’। নির্মাতার পাশাপাশি অভিনেতা হিসেবেও তিনি নিজের দক্ষতা ও সৃজনশীলতার পরিচয় দিয়েছেন।

আবদুল্লাহ আল মামুন কর্মজীবনে অর্জন করেন প্রথম জাতীয় টেলিভিশন পুরস্কার, বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাংলা একাডেমী পুরস্কার, অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার, থিয়েটার প্রবর্তিত মুনীর চৌধুরী সম্মাননা, একুশে পদকসহ অসংখ্য সম্মাননা।

২০০৮ সালের ২১ আগস্ট ৬৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন আব্দুল্লাহ আল মামুন। তবে তিনি চলে গেলেও স্মরণীয় হয়ে আছেন নাটকের জগতে, দর্শকদের মনে; তার অনবদ্য সব সৃষ্টিকর্মের মাধ্যমে।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers