সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ১ জিলহজ ১৪৪৭

ফিচার
  >
বিশেষ কলাম

সত্যের পাশে থাকা সাংবাদিকের আত্মাহুতি

এজাজ ইউসুফী ২৩ আগস্ট , ২০২৫, ১৩:২৪:৫৩

438
  • সত্যের পাশে থাকা সাংবাদিকের আত্মাহুতি

বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকতার মর্যাদা নিয়ে বহু আলোচনা হলেও বিভুরঞ্জন সরকারের খোলা চিঠি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল—সত্যিকারের সৎ ও দায়বদ্ধ সাংবাদিকের কী পরিণতি হয় এই সমাজে। অর্ধশতাব্দীরও বেশি সময় সাংবাদিকতা করেছেন তিনি, কখনও প্রকাশ্যে বা ছদ্মনামে লিখেছেন নির্ভয়ে, শাসকগোষ্ঠীর দমননীতি অগ্রাহ্য করে দাঁড়িয়েছেন মানুষের পক্ষে। অথচ জীবনের শেষপ্রান্তে এসে তাঁকে লিখতে হলো—“সত্য লিখে বাঁচা সহজ নয়।”

চিঠিটি নিছক ব্যক্তিগত আক্ষেপ নয়, এটি এক নির্মম বাস্তবতার দলিল। যে মানুষ মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এরশাদের স্বৈরশাসন পর্যন্ত সত্য প্রকাশে অবিচল থেকেছেন, তাঁর জীবনে কোনো আর্থিক নিরাপত্তা জোটেনি। না পেয়েছেন প্লট, না পেয়েছেন চাকরির নিশ্চয়তা, এমনকি চিকিৎসার খরচও জোগাতে হিমশিম খেয়েছেন। সন্তানদের মেধা থাকলেও তারা রাজনৈতিক প্রতিহিংসা ও স্বাস্থ্যগত সীমাবদ্ধতার কারণে এগোতে পারেনি। সমাজে যিনি একদিন ছিলেন কলমের সম্মুখ সারির যোদ্ধা, আজ তাঁর লেখা পত্রিকায় ছাপানো নিয়েও টানাপড়েন।

আরও বেদনাদায়ক হলো গণমাধ্যমের বর্তমান সংকট। জুলাই ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতার পট-পরিবর্তনের পরও সম্পাদকরা ভয়ের আবহে কাজ করেন, লেখকদের লেখা ছাপাতে হয় হুমকির মুখে। একসময় যে কলামে খ্যাতিমান রাজনীতিক, বুদ্ধিজীবীরা মুগ্ধ হতেন, আজ সেটিই নাকি পাঠক “খায় না"। সত্যিই কি পাঠক সত্যকে খেতে চায় না, নাকি প্রভাবশালী মহল পাঠকের নামে সত্যকে নির্বাসনে পাঠায়?

এই আত্মাহুতি আমাদের জন্য এক গভীর সতর্কবার্তা। বিভুরঞ্জন সরকারের ব্যক্তিগত ব্যর্থতা আসলে রাষ্ট্র ও সমাজের সমষ্টিগত ব্যর্থতা। আমরা এমন এক দেশে বাস করি, যেখানে আপসহীন ও দায়বদ্ধ সাংবাদিকতার কোনো মূল্য নেই, যেখানে সৎ মানুষকে বারবার প্রান্তিক করে দেওয়া হয়।

বিভুরঞ্জন সরকারের শেষ বাণী ছিল—“দুঃখই হোক আমার জীবনের শেষ সঙ্গী, আর পৃথিবীর সকল প্রাণী সুখী হোক।” এই মানবিক আকুতি আমাদের বিবেককে নাড়া দিক। সাংবাদিকতার মানে শুধু পেশা নয়, এটি সত্যের পক্ষে দাঁড়ানোর লড়াই। আর সেই লড়াই যেন আর কোনো সৎ সাংবাদিককে আত্মাহুতিতে ঠেলে না দেয়—এই হোক আমাদের অঙ্গীকার।

বি.দ্র.- (এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। নিউজজি২৪ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers