সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ১ জিলহজ ১৪৪৭

ফিচার
  >
বিশেষ কলাম

পাঠকের কল্পনায় শুদ্ধতম কবির ‘আকাশলীনা’

শোয়েব নাঈম ২৩ অক্টোবর , ২০২৫, ২৩:৫১:০২

510
  • পাঠকের কল্পনায় শুদ্ধতম কবির ‘আকাশলীনা’

"সাহিত্যিক অন্নদাশংকর রায় জীবনানন্দ দাশকে অভিহিত করেছেন " শুদ্ধতম কবি" বলে। কবি শঙ্খ ঘোষ বলছেন "কবিতার জাদুকর"। কেউ কেউ বলেন প্রেম ও প্রকৃতির কবি। বাংলা কবিতায় সুররিয়ালিজম তার হাত দিয়ে চর্চার শুরু ও বিকশিত হওয়া।

তার কবিতায় চিত্রকল্প, উপমা,বাস্তবতা- পরাবাস্তবতার মেলবন্ধন এক অদ্ভুত আচ্ছন্নতায় বুঁদ করে সমঝদার পাঠককে।

গত ২২ অক্টোবর ছিল প্রয়াণ দিন। তার কাছে বাংলা সাহিত্য বিশেষ ঋণী। শুদ্ধতম কবির জন্যে শ্রদ্ধা "।

কবিতার উৎকর্ষ বিচার করতে হলে কবির সৃজনশক্তির পাশাপাশি, পাঠকের কল্পনাশক্তির প্রভাবও একটি অপরিহার্য উপাদান। পাঠকের কাব্যবোধের মানসিক পরিসর যত সমৃদ্ধ ও আত্মোন্নত হবে, ভাববাহী সাহিত্যের শ্রেষ্ঠ শাখা— কবিতাও ততই পাঠক-সমৃদ্ধ হয়ে উঠবে। কারণ, কাব্যরসের চূড়ান্ত উপলব্ধি ঘটে পাঠকের সক্রিয় অংশগ্রহণে, যেখানে কল্পনা কেবল পাঠ-প্রতিক্রিয়া নয়, বরং এক সৃজনশীল পুনর্নির্মাণ। কাব্যপাঠে অনেক সময়ই কবিতার অস্পষ্টতা পাঠকের কাছে ‘দুর্বোধ্যতা’র রূপ নেয়।

অন্যদিকে, প্রয়োজনীয় পাঠপ্রস্তুতির অভাবে পাঠক প্রায়শই সহজভাবে বুঝতে পারার কবিতাকেই ‘ভালো কবিতা’ বলে স্বীকৃতি দেন। এই দুই চরমতার মধ্যবর্তী যে সূক্ষ্ম অঞ্চলটি, সেখানেই অবস্থান করে পাঠকের কল্পনা, যা কবিতায় অনুপস্থিত অথচ কাব্যবোধ দ্বারা অনুভূত, পুনরায় সৃজিত ও অর্থ-সম্প্রসারিত হয়। একে বলা যায় ‘কাব্যমিথ্যের সৃজন’; সেই মায়াবী সৌন্দর্য যা পাঠকের অন্তর্লোক থেকে কবিতাকে নতুন আলোয় প্রতিস্ফুরিত করে তোলে।

 জীবনানন্দ দাশের 'আকাশলীনা' এই কবিতাটি পাঠ-কল্পনার একটি উল্লেখযোগ্য উদাহরণ হয়ে  কবিতা-শাখায় পাঠকদের কাব্য-কল্পনার জন্য অনুরূপ বিষয়ে আবির্ভূত হয়ে আছে অধিককাল যাবত। প্রথম পাঠে এই কবিতাটিকে মনে হয় বেশ সরল শান্ত প্রেমের কবিতা, কিন্তু কবিতাটির  ‘in-between lines’ পাঠ করলে সঙ্কেতশব্দে এবং যতিচিহ্নের ব্যবহারে কাব্যিক-কল্পনায় ত্রিকোণ প্রেমের নাট্যদ্বন্দ্বে অনুভূত হয়। কবিতার শুরুতে লেখা আছে "নক্ষত্রের রূপালি ভরা রাতে" এবং এর একটু পরেই রয়েছে বাংলা কাব্যসাহিত্যের কাব্যমিথ্যের সৌন্দর্য্যে সৃষ্ট যাদুদন্ডের প্রভাব—

"কী কথা তাহার সাথে? — তার সাথে !"

এই পঙ্‌ক্তির মধ্যেই প্রথিত রয়েছে কবিতার রহস্যময় উত্তাপ ও অন্তর্গত দ্বন্দ্ব। ‘তাহার’ ও ‘তার’— এই দুইটি সর্বনামের রূপভেদ এখানে যেন এক ম্যাজিশিয়ানের হাতের ট্রিক্সের মতো কাজ করেছে। ‘তাহার’-এর বিস্তৃত চরিত্র, প্রশ্নবোধক চিহ্নের সংযোজন, তারপর হঠাৎ স্তম্ভিত এক দীর্ঘ ড্যাশ— এবং শেষে বিস্ময়বোধক চিহ্ন। সবকিছু মিলিয়ে একটি ক্ষণস্থায়ী অথচ গভীর মনস্তাত্ত্বিক নাটক নির্মাণ করেছে।

এই ছোট্ট পঙ্‌ক্তিতে কবির ঈর্ষা, সংশয়, প্রেম, সহানুভূতি— সবকিছুর এক ক্ষুদ্র অথচ বিস্তৃত দৃশ্য ফুটে উঠছে। প্রথমে প্রশ্নবোধক চিহ্নে স্পষ্ট হয়েছে প্রেমিকের ঈর্ষা ও সংশয়। তারপর ড্যাশে প্রকাশ পেয়েছে অবদমিত ক্রোধের নিঃশব্দ স্তব্ধতা, এবং সর্বশেষে বিস্ময়বোধক চিহ্নে অনুভূত হয় আকস্মিক উন্মোচনের বিস্ময়। কল্পনাপ্রবণ পাঠকের কাছে যেন এই ড্যাশের ভিতরে দাঁড়িয়ে থাকে এক নীরব, অদৃশ্য তৃতীয় পুরুষ— এই কবিতার প্রেম-নাট্যের নির্বাক চরিত্র।

এখানেই কাব্যপাঠের মূল সৃজনধারা। কবিতার গূঢ় সৌন্দর্য কেবল ভাষায় নয়, বরং এর পরত-পরত যতিচিহ্নে, বিরতিতে, নীরবতার ভেতরে লুকিয়ে থাকে। সংবেদনশীল পাঠক সেই নীরবতাকে কল্পনায় অনুবাদ করে কবির অনুক্ত ভাবনাকে প্রসারিত করেন। যেন কবিতাটি তাঁর নিজের অভ্যন্তর থেকে পুনরায় সৃষ্টি হয়েছে। সত্যিকার অর্থে, পাঠক ও কবিতা— উভয়ে তখন যমজ আত্মার মতো হয়ে ওঠে।

কবির ভাষায় যে অনুভূতি অঙ্কুরিত, পাঠকের কল্পনায় তা চারারূপে বিকশিত হয়। এই সৃজনশীল সহাবস্থানের ভেতরেই জন্ম নেয় কবিতার প্রকৃত উৎকর্ষ, যেখানে কবি ও পাঠক উভয়েই কাব্যরসের সহ-স্রষ্টা হয়ে ওঠেন।

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers