সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

ফিচার
  >
বিশেষ কলাম

শুভস্য শীঘ্রম

মাঈনুদ্দীন দুলাল ৭ মে , ২০২৬, ২০:৩৩:০৪

336
  • শুভস্য শীঘ্রম

উপসাগরীয় যুদ্ধ থামার ব্যাপারে কিছু অগ্রগতি দৃশ্যমান হচ্ছে। ইরানে আক্রমণকারী খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করে নলেছেন,আগামী এক সপ্তাহের মধ্যেই ইরানের সাথে একটি সমঝোতা বা চুক্তি হতে পারে। তিনি তার ঘনিষ্ট সংবাদ মাধ্যম ফক্স নিউজের সাংবাদিক ব্রেট বায়ারকে বুধনার এক লাইভ অনুষ্ঠানে এ কথা বলেছেন।

সাংবাদিক ব্রেট বায়ার বলেছেন, ফোনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার কথা হয়েছে। প্রস্তাবিত সমঝোতা স্মারক নিয়ে ট্রাম্প বেশ ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। সময়সীমা সম্পর্কে  তিনি বলেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে এক সপ্তাহের মধ্যেই চুক্তিটি চূড়ান্ত হতে পারে।

তবে বিষয়টিকে ট্রাম্প এখনো ‘সতর্ক আশাবাদ’হিসেবেই দেখছেন বলেও উল্লেখ করেন ব্রেট বায়ার। সম্ভাব্য এ চুক্তির মূল শর্ত হিসেবে দুটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমত, ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া। দ্বিতীয়ত, হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত রাখা নিশ্চিত করা। বুধবার ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, ইরানের সঙ্গে আমাদের আলোচনা বেশ ভালোভাবেই এগোচ্ছে। তারা নিজেরাও আলোচনা করতে ও চুক্তিতে আসতে চায়। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে একতরফা হামলা চালায়। জবাবে ইরান ইসরায়েলে ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের ওপর পাল্টা হামলা চালায় এবং হরমুজ প্রণালি বন্ধ করে দেয়।

পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি শুরু হয়। তবে ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় ইরান-আমেরিকা কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছাতে পারেনি । এরপর ট্রাম্প কোনো নির্দিষ্ট সময়সীমা ছাড়াই এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ান। গত ১৩রা এপ্রিল থেকে হরমুজ প্রণালিতে ইরানি জাহাজ চলাচলের ওপর নৌ-অবরোধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ট্রাম্প ঘোষণা করেন, এ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে মার্কিন বাহিনীর শুরু করা বিশেষ অভিযান প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত থাকবে।

এই যুদ্ধ সারা দুনিয়ার মানুষকে আতংকিত করে রেখেছে। বিশেষ করে জ্বালানি তেলের বাজার ক্রমাগত ঊর্ধ্বগামী হওয়ায় বিশ্বমন্দা দেখা দিতে শুরু করেছে। আমেরিকাতেই দাম বেড়েছে ৫২ শতাংশ। যুদ্ধ বন্ধ হওয়ার সম্ভাবনার মধ্যেই কিছুটা কমছে জ্বালানির দাম।

ব্রেন্ট ক্রুড অয়েলের সর্বশেষ তথ্যমতে ,  ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১০৮.৩৫ ডলারে নেমে এসেছে । মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান সরবরাহ স্বাভাবিক করার ইঙ্গিত দেয়ায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

কিন্তু এপ্রিলের শেষ দিকে হরমুজ প্রণালিতে অস্থিরতার কারণে দাম ১১৫ ডলার ছাড়িয়ে গিয়েছিল। যা ছিল চলতি বছরের সর্বোচ্চ।

ইরান- আমেরিকা যুদ্ধ অর্থনৈতিক আতঙ্কের পাশাপাশি আর একটি ভয় ছিল আনবিক অস্ত্রের ব্যবহার। যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার হত তবে তছনছ হয়ে যেত এই গ্রহটি। সকল মানুষের প্রত্যাশা থামুক এই ধ্বংসযজ্ঞ। আসুক শন্তির সুবাতাস। আসুক স্বস্তি।

যুদ্ধ বন্ধের চুক্তিটি খুব দ্রুতই হোক। শুভ কাজে বিলম্ব না হোক। সংস্কৃত প্রবাদটি উদ্ধৃত করে বলা যায় “ শুভস্য শীঘ্রম।”

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers