বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

ফিচার
  >
প্রাণী ও পরিবেশ

বায়ুদূষণের শীর্ষে কলকাতা, ঢাকা চতুর্থ

নিউজজি ডেস্ক ৪ জানুয়ারি , ২০২৬, ১১:২৫:৫৩

219
  • ছবি : সংগৃহীত

ঢাকা:  বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরেই মেগাসিটি ঢাকা মারাত্মক বায়ুদূষণের কবলে রয়েছে। যদিও কয়েকদিন আগে রাজধানীর বায়ুমান কিছুটা উন্নতির দিকে ছিল, তবে গেল বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে আবারও দূষণের মাত্রা বাড়তে শুরু করেছে।

রোববার (৪ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ১৯১ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা। এর আগের দিন শনিবার ঢাকার বায়ুমানের স্কোর ছিল ১৬৩। অর্থাৎ মাত্র এক দিনের ব্যবধানে রাজধানীতে বায়ুদূষণ আরও বেড়েছে। এই দুই স্কোরই ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।

এদিকে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের কলকাতা। শহরটির বায়ুমানের স্কোর ২৩২, যা ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ের। একই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যেখানে বায়ুমানের স্কোর ২৩১।

তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি। শহরটির বায়ুমানের স্কোর ১৯৮, যা অস্বাস্থ্যকর পর্যায়ের মধ্যে পড়ে। একই সময়ে পাকিস্তানের আরেক শহর লাহোর অষ্টম অবস্থানে রয়েছে।

ভারতের মুম্বাই ১৬৭ স্কোর নিয়ে সপ্তম অবস্থানে থাকলেও কলকাতা ও দিল্লির তুলনায় সেখানে দূষণের মাত্রা তুলনামূলক কম। এছাড়া ১৭৯ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে বসনিয়া অ্যান্ড হার্জোগোভিনার সারাজেভো, একই স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে ভিয়েতনামের হ্যানয়। চীনের হাংজু ১৬৪ স্কোর নিয়ে নবম এবং উহান ১৫৬ স্কোর নিয়ে দশম অবস্থানে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে তা ‘ভালো’, ৫১ থেকে ১০০ ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।

এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়। আর একিউআই স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘ঝুঁকিপূর্ণ’, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন