শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ , ১৮ রমজান ১৪৪৭

ফিচার
  >
প্রাণী ও পরিবেশ

বিশ্বের ১০০ শহরের তালিকায় বায়ুদূষণে দ্বিতীয় ঢাকা

নিউজজি ডেস্ক ২ ফেব্রুয়ারি , ২০২৬, ১১:৪০:৩২

174
  • ছবি : সংগৃহীত

ঢাকা: শুষ্ক আবহাওয়ার কারণে রাজধানীর বায়ুমানের আবারও অবনতি ঘটেছে। বিশ্বের ১০০টি শহরের তালিকায় বায়ুদূষণে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকা। এর মধ্যে সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ১০টি এলাকায় দূষণের মাত্রা ছিল সবচেয়ে বেশি। সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এসব তথ্য জানা গেছে।

আইকিউএয়ার নিয়মিতভাবে বাতাসের মান নিয়ে তাৎক্ষণিক সূচক প্রকাশ করে, যা কোনো শহরের বাতাস কতটা পরিষ্কার বা দূষিত—সে সম্পর্কে তথ্য দেওয়ার পাশাপাশি জনসাধারণকে সতর্ক করে। সোমবার সকাল ৯টায় আইকিউএয়ার সূচকে ২৮৬ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী ও বৃহত্তম শহর কিনশাসা। এ মাত্রার বায়ুমান নাগরিকদের স্বাস্থ্যের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

এদিকে ২৬২ স্কোর নিয়ে তালিকার শীর্ষ ২ নম্বরে অবস্থান করছে রাজধানী ঢাকা। এই মানের বাতাসও নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’। এই অবস্থায় জানালা বন্ধ রাখার পাশাপাশি রাজধানীবাসীদের ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে আইকিউএয়ার।

অন্যদিকে সোমবার সকালে রাজধানীর ১০ এলাকায় বায়ুদূষণ সবচেয়ে বেশি। এই এলাকাগুলো হলো- নিকুঞ্জের এএসএল সিস্টেমস লিমিটেড এলাকা (৪৮১), পুরান ঢাকার বেচারাম দেউড়ি (৩০২), ধানমন্ডি (২৯৯), ইস্টার্ন হাউজিং (২৮১), মিরপুরের দক্ষিণ পল্লবী (২৭৬), মাদানী এভিনিউয়ের বে’জ এইজ ওয়াটার আউটডোর (২৭৪), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২৫৭), খিলগাঁওয়ের গোড়ান (২১৩), পেয়ারাবাগ রেললাইন এলাকা (১৮৭) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুকাররাম ভবন এলাকা (১১৪)।

এছাড়া বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ ৩ নম্বরে আছে মঙ্গোলিয়ার রাজধানী ও বৃহত্তম শহর উলানবাটোর, স্কোর ২০৯। বাতাসের এই মানও নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে ধরা হয়। পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।

এছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন