রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ , ২৪ সফর ১৪৪৮

ফিচার
  >
প্রাণী ও পরিবেশ

বৃষ্টিতে ঢাকার বাতাসে স্বস্তি, দূষণে শীর্ষে ১০ এলাকা

নিউজজি ডেস্ক ২৬ জুলাই , ২০২৬, ১১:০৭:৪৩

142
  • সংগৃহীত

ঢাকা: টানা কয়েক দিনের বৃষ্টির প্রভাবে রাজধানী ঢাকার বাতাসের মানে কিছুটা উন্নতি এসেছে। এর ফলে বিশ্বের ১২৬টি শহরের বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান নেমে এসেছে ১৬ নম্বরে। তবে রোববার (২৬ জুলাই) সকালে রাজধানীর ১০টি এলাকায় তুলনামূলকভাবে বায়ুদূষণের মাত্রা বেশি ছিল।

সকাল সাড়ে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত তাৎক্ষণিক সূচকে এ তথ্য উঠে এসেছে। প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন শহরের বাতাসের মান নিয়মিত পর্যবেক্ষণ করে এবং দূষণের মাত্রা সম্পর্কে জনসাধারণকে হালনাগাদ তথ্য ও সতর্কতা দিয়ে থাকে।

রোববার সকাল সাড়ে ৯টার আইকিউএয়ার সূচক অনুযায়ী, বায়ুদূষণের দিক থেকে তালিকার শীর্ষে ছিল পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার রাজধানী কামপালা।

শহরটির বাতাসের মানের স্কোর ২২৫। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। পাশাপাশি ১৭০ স্কোর নিয়ে তালিকার শীর্ষ ২ নম্বরে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গ। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’।

এ ছাড়া বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় ১৬৮ স্কোর নিয়ে শীর্ষ ৩ নম্বরে আছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী ও বৃহত্তম শহর কিনশাসা। বাতাসের এই মানও নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে ৯৪ স্কোর নিয়ে তালিকার ১৬ নম্বরে আছে রাজধানী ঢাকা। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘সহনীয়’ হিসেবে বিবেচনা করা হয়। এই অবস্থায় সংবেদনশীল গোষ্ঠীর মানুষদের জানালা বন্ধ রাখার পাশাপাশি ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে আইকিউএয়ার।

এদিকে রোববার সকালে রাজধানীর ১০ এলাকায় বায়ুদূষণ সবচেয়ে বেশি। এই এলাকাগুলো হলো- পুরান ঢাকার বেচারাম দেউড়ি (১৫৬), ধানমন্ডি (১৩৯), বারিধারা লেকসাইড এলাকা (১০৫), উত্তর বাড্ডার আব্দুল্লাহবাগ এলাকা (১০৫), গুলশান লেক পার্ক (১০৪), শহিদ শাহাবুদ্দিন রোডের বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এলাকা (৯৯), মাদানী এভিনিউয়ের বে’জ এইজ ওয়াটার আউটডোর (৯২), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (৭৭), খিলগাঁওয়ের গোড়ান (৬৮) এবং গুলশান ২ এর রোব ভবন এলাকা (৫১)।বাংলাদেশ সংবাদ

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে ধরা হয়। পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers