শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ , ২২ রবিউল আউয়াল ১৪৪৮

ফিচার
  >
উৎসব

উল্ট রথযাত্রা আজ

নিউজজি ডেস্ক ২৪ জুলাই , ২০২৬, ১৫:৫৭:১৬

138
  • সংগৃহীত

ঢাকা: উল্টো রথ টানার মধ্য দিয়ে আজ শুক্রবার শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। গত ১৬ জুলাই নয় দিনব্যাপী এ উৎসবের সূচনা হয়েছিল।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত অর্থ বিশ্ব আর নাথ অর্থ ঈশ্বর—অর্থাৎ জগন্নাথ হলেন জগতের ঈশ্বর। তাঁর কৃপা লাভ করলে মানুষের মুক্তি ঘটে এবং জীবরূপে পুনর্জন্ম নিতে হয় না—এমন বিশ্বাস থেকেই রথে জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রার আয়োজন করা হয়।

উল্টো রথযাত্রা উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মন্দির ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার সকাল থেকে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্রী যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, ভাগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রীমদ্ভগবদ্গীতা পাঠসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে।

রাজধানীতে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) উদ্যোগে শুক্রবার বিকেলে বর্ণাঢ্য উল্টো রথযাত্রার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের মেলা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সভা শেষে উল্টো রথযাত্রার উদ্বোধন করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।

আলোচনা সভায় সভাপতিত্ব করবেন স্বামীবাগ আশ্রমের অধ্যক্ষ ও ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক নিতাই স্বামী মহারাজ। পরে তিনটি সুসজ্জিত রথে জগন্নাথ দেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতি নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে।

শোভাযাত্রাটি পলাশী মোড়, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, জাতীয় প্রেসক্লাব, মতিঝিল, শাপলা চত্বর, ইত্তেফাক মোড়, টিকাটুলি, রাজধানী সুপার মার্কেট ও জয়কালী মন্দির হয়ে স্বামীবাগ ইসকন মন্দিরে গিয়ে শেষ হবে।

সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী, আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়। পুরীর জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে এ উৎসবের ব্যাপক প্রচলন থাকলেও বাংলাদেশেও এটি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব হিসেবে পালিত হয়ে আসছে।

বাংলাদেশের সাভারের ধামরাইয়ে এ উৎসব যশোমাধবের রথযাত্রা নামে পরিচিত। এছাড়া পুরান ঢাকার তাঁতীবাজারের জগন্নাথ জিউ ঠাকুর মন্দির, জয়কালী রোডের রামসীতা মন্দির, শাঁখারীবাজারসহ রাজধানীর বিভিন্ন মন্দির এবং দেশের বিভিন্ন স্থানে আজ উল্টো রথ টানার মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে।

নিউজজি/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers