বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

ফিচার
  >
পাঠক বিভাগ

‘তৃতীয়’ শিক্ষকদের পক্ষ থেকে মানবিক আবেদন

রেজওয়ানা আফরোজ ৮ ডিসেম্বর , ২০১৮, ১৪:৪১:১৬

6K
  • ছবি: সংগৃহীত

মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মান্যবর শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিবসহ সংশ্লিষ্টদের নিকট রাজশাহী অঞ্চলের বেসরকারি কলেজের বেতন-বঞ্চিত ‘তৃতীয়’ পদবাচ্যভুক্ত শত শত শিক্ষকের মানবিক আবেদন :

রাজশাহী অঞ্চলের বিভিন্ন বেসরকারি ডিগ্রি কলেজে শত শত শিক্ষক রয়েছেন- যাদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হলেও নিছক ফরমুলার মারপ্যাঁচে ফেলে ‘তৃতীয়’ শিক্ষক নাম দিয়ে ন্যায্য বেতন-ভাতা থেকে বঞ্চিত রাখা হচ্ছে বছরের পর বছর। এটি অত্যন্ত অন্যায্য, অমানবিক এবং শ্রম শোষণের নামান্তর। এই আধুনিক যুগে শিক্ষার মতো একটি পবিত্র অঙ্গনে এ ধরনের ব্যবস্থা টিকে থাকা কি দাস যুগের পরিস্থিতির সঙ্গে তুলনীয় নয়? আমরা এ বিষয়ে নিম্নোক্ত বিষয়সমূহ তুলে ধরতে চাই-

১। তৃতীয় শিক্ষকগণ শিক্ষাগত যোগ্যতায় কোনো অংশেই অন্যান্য শিক্ষকের চেয়ে কম নয়। বরং কোনো কোনো ক্ষেত্রে দ্বিতীয় শিক্ষক বা আর সকল শিক্ষকের চেয়ে একাডেমিক রেজাল্টও ভালো।

২। এসব তৃতীয় শিক্ষক নিয়োগ দেয়া হয় যেন ডিগ্রি পর্যায়ের দ্বিতীয় শিক্ষকগণের এম.পি.ও ভুক্তি হয়। কোন কলেজ ডিগ্রি পর্যায়ে কোন বিষয়ের একজন তৃতীয় শিক্ষক দেখাতে না পারলে সেই কলেজের ঐ দ্বিতীয় শিক্ষকের এম.পি.ও ভুক্তি হবে না। তার মানে এই দাঁড়ায় যে, দ্বিতীয় শিক্ষকের ভাগ্য নির্ভর করে তৃতীয় শিক্ষকের উপরে। একজন শিক্ষকের ভাগ্য নিয়ে কোন ধরনের অমানবিকতা?

৩। এসব তৃতীয় শিক্ষককে সাধারণত কলেজ থেকে বেতন ভাতাদি প্রদান করার কথা থাকে- যদিও বাস্তবে সেটি ঘটে না। আর কোন কোন ক্ষেত্রে ঘটলেও তা অতি নগণ্যক্ষেত্রে। তবে কি এসব তৃতীয় শিক্ষকগণের যাবতীয় যোগ্যতা থাকা সত্ত্বেও তারা মানুষ পর্যায়ে পড়েন না?

৪। যেখানে একজন তৃতীয় শিক্ষকের অনুপস্থিতির কারণে একজন দ্বিতীয় শিক্ষকের এম.পি.ও ভুক্তি তথা জীবিকা নির্বাহের অন্তরায় হয় তাহলে কি ঐ তৃতীয় শিক্ষকের জীবন-যাপনের জন্য কোনোরূপ অর্থের প্রয়োজন হয় না? তার কি জীবন-যাপন করতে হয় না? নাকি তৃতীয় শিক্ষকগণ অন্য কোনো গ্রহের বাসিন্দা- যার খাওয়া-পরা-বাসস্থান, চিকিৎসা ইত্যাদির প্রয়োজন পড়ে না?

৫। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি স্তরে বিষয় অধিভুক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ৩ জন শিক্ষক থাকার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু এম.পি.ও নীতিমালা অনুযায়ী ডিগ্রি প্যাটার্নে ২ জন শিক্ষকের বেতনভাতার সরকারি অংশ দেয়া হয়। এ অবস্থায় তৃতীয় শিক্ষকদের বেতনভাতার সরকারি অংশ দেয়ার বিষয়ে বিবেচনা করতে হাই কোর্ট একটি নির্দেশনা দেন। ঐ নির্দেশনার পর গত ১ অগাস্ট শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় ৪৩৫ জন তৃতীয় শিক্ষকের এম.পি.ও দিতে সিদ্ধান্ত নেয়া হয়। ঐ সিদ্ধান্তের আলোকে মন্ত্রণালয় তাদের এম.পি.ও ভুক্তির নির্দেশনা জারি করে। তাহলে বাকিদের কী হবে? তারা কি অন্য গ্রহে পাড়ি দেবে?

৬। চলতি ফরমুলা অনুযায়ী তৃতীয় শিক্ষকগণ জনবল কাঠামোর আওতায় পড়েন না। যেখানে শিক্ষা ক্ষেত্রে উন্নতির জন্য মাননীয় প্রধানমন্ত্রী যাবতীয় সাহায্য সহযোগিতা করছেন সেখানে কোনো স্থানে, কোনো আলোচনাতেই তৃতীয় শিক্ষকগণের প্রসঙ্গটি আসে না। তাহলে কি মাননীয় প্রধানমন্ত্রী এই তৃতীয় শিক্ষক কনসেপ্টটি সম্পর্কে আদৌ অবগতই নন?

৭। এসব তৃতীয় শিক্ষকদেরকে অধিকার আদায়ের জন্য আন্দোলন, অনশন, মামলা ইত্যাদি করতে হয় এবং কোন কোন ক্ষেত্রে এ সকল শিক্ষকগণ নিজ বাড়ি ঘর, জমি-জমা বিক্রি করে এসব মামলা মোকদ্দমার খরচ চালান। প্রশ্ন হচ্ছে যাবতীয় যোগ্যতা এবং প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও এ সকল শিক্ষকগণ কেন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত? কেন তাদের মামলা মোকদ্দমা বা আন্দোলন করে অধিকার আদায় করতে হবে? স্বাভাবিকভাবে কেন তারা জীবন যাপনের জন্য তাদের ন্যায্য প্রাপ্য পাবে না?

৮। সম্প্রতি বহু আন্দোলন এবং মামলা মোকদ্দমার পর সরকার ২০১০ সাল পর্যন্ত নিয়োগকৃত ৪৩৫ জন শিক্ষকগণের এম.পি.ও ভুক্তির ঘোষণা দিয়েছেন। কিন্তু এখনো অনেক তৃতীয় শিক্ষক বাকি রয়ে গেছেন। স্বাভাবিক নিয়মেই একই ধারাবাহিকতায় এ সকল শিক্ষকগণের এম.পি.ও হতে পারতো এবং সকলের একসাথেই হতে পারতো। ন্যায্য অধিকারের জন্য কেন এই আন্দোলন, কেন এই অপেক্ষা যেখানে বছরের পর বছর সমশ্রম দিতে তৃতীয় শিক্ষকগণ কখনই কোনো কমতি করেন না?

৯। অনেকেই বলে থাকেন, জেনে শুনে তৃতীয় শিক্ষক পদে নিযুক্ত হয়ে কেন সমমান, সমমর্যদা বা সমভাতাদি চান। এই প্রশ্ন কি তৃতীয় শিক্ষকগণের জন্য যথেষ্ট অপমানজনক নয়?

রেজওয়ানা আফরোজ

প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ

শাহ মখদুম কলেজ, রাজশাহী

নিউজজি/জেডকে

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers