রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ , ২৩ জিলকদ ১৪৪৭

ফিচার
  >
বিশেষ দিবস

বিশ্ব স্কাউট দিবস আজ

নিউজজি ডেস্ক ২২ ফেব্রুয়ারি , ২০২৬, ১১:৪০:২৬

228
  • বিশ্ব স্কাউট দিবস আজ

ঢাকা: আজ ২২ ফেব্রুয়ারি বিশ্ব স্কাউট দিবস। স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট ব্যাডেন-পাওয়েল–এর জন্মদিন উপলক্ষে দিনটি পালন করা হয়। একই দিনে জন্মেছিলেন তার স্ত্রী ওলাভ ব্যাডেন-পাওয়েল, যিনি বিশ্ব গার্ল গাইড আন্দোলনের অন্যতম পথিকৃৎ। এ কারণে দিবসটি ‘ফাউন্ডারস ডে’ নামেও পরিচিত।

‘স্কাউট’ শব্দের অর্থ অনুসন্ধানী, উদার ও কর্মতৎপর ব্যক্তি—যে আনন্দের মধ্য দিয়ে শিক্ষা গ্রহণ করে এবং মানবসেবায় নিজেকে উৎসর্গ করে। এই আদর্শ ও মূল্যবোধই স্কাউটিং আন্দোলনের ভিত্তি।

১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি জন্ম নেন রবার্ট স্টিফেনসন স্মিথ ব্যাডেন-পাওয়েল। ১৯০৭ সালে তিনি স্কাউটিং আন্দোলনের সূচনা করেন। তার লক্ষ্য ছিল শৃঙ্খলা, নেতৃত্ব, আত্মনির্ভরতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ এক আদর্শ প্রজন্ম গড়ে তোলা। স্কাউটিংয়ের মাধ্যমে ছেলেমেয়েরা দায়িত্বশীল ও সুনাগরিক হিসেবে আত্মপ্রকাশের সুযোগ পায়।

ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনামলে স্কাউটিংয়ের যাত্রা শুরু হয়। স্বাধীনতার পর ১৯৭২ সালে নেতাদের উদ্যোগে ‘বাংলাদেশ স্কাউট সমিতি’ গঠিত হয়। একই বছর সংগঠনটি সরকারি স্বীকৃতি লাভ করে। পরে ১৯৭৮ সালে জাতীয় কাউন্সিলের সিদ্ধান্তে সংগঠনটির নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ স্কাউটস’ রাখা হয়। শুরুতে নারীদের সদস্য হওয়ার সুযোগ ছিল না। ১৯৯৪ সালে স্কাউটিং মেয়েদের জন্য উন্মুক্ত করা হয়। এর ফলে সংগঠনে অংশগ্রহণ আরও বিস্তৃত হয়।

১৯৭৪ সালে বাংলাদেশ ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব দ্য স্কাউট মুভমেন্টের (ডব্লিউওএসএম) ১০৫তম সদস্য হিসেবে স্বীকৃতি পায়। এরপর থেকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্কাউটরা নিয়মিত অংশগ্রহণ করছে।

বর্তমানে দেশের প্রায় সব স্কুল-কলেজেই স্কাউট কার্যক্রম চালু রয়েছে। সংগঠনের তথ্য বলছে, সদস্যসংখ্যা নিয়মিতভাবে বাড়ছে এবং সারা দেশে লক্ষাধিক তরুণ-তরুণী সক্রিয়ভাবে স্কাউটিংয়ের সঙ্গে যুক্ত।

বৃক্ষরোপণ, টিকাদান কর্মসূচি, ত্রাণ বিতরণ, পরিবেশ রক্ষা, দুর্যোগ মোকাবিলা ও বিভিন্ন সামাজিক সচেতনতামূলক উদ্যোগে স্কাউটরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ‘সদা প্রস্তুত’ মূলমন্ত্রকে ধারণ করে তারা দেশ ও জাতির উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers