বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

ফিচার
  >
বিশেষ দিবস

বিশ্ব বাবা দিবস আজ

নিউজজি ডেস্ক ২১ জুন , ২০২৬, ১২:০১:২৩

240
  • বিশ্ব বাবা দিবস আজ

ঢাকা: সংসারে প্রতিটি সন্তানের কাছে বাবা হলেন এক বটবৃক্ষের মতো, যিনি ছায়া দেন নিরাপত্তা আর নির্ভরতার। শাসন, স্নেহ ও নিখাদ ভালোবাসার এক গভীর আবেগের নামই ‘বাবা’। ভাষা বা উচ্চারণ ভিন্ন হতে পারে, কিন্তু বাবার প্রতি সন্তানের রক্তের বন্ধন ও চিরন্তন ভালোবাসা সব সময়ই একই থাকে। বাবাদের এই অসীম ত্যাগ ও অবদানকে সম্মান জানাতেই প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী পালিত হয় ‘বিশ্ব বাবা দিবস’।

রোববার (২১ জুন) বিশ্বের বিভিন্ন দেশে আনন্দ-উচ্ছ্বাস ও ভালোবাসার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে এই বিশেষ দিনটি।

আজকের দিনে অনেকেই বাবার সঙ্গে সময় কাটানো, উপহার দেওয়া কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে অনুভূতি প্রকাশের মাধ্যমে দিনটি উদযাপন করেন। তবে এই দিবসটি কীভাবে শুরু হলো—তার ইতিহাস অনেকের কাছেই এখনো অজানা।

ইতিহাস ঘেঁটে জানা যায়, ১৯০৮ সালের ৫ জুলাই আমেরিকার পশ্চিম ভার্জিনিয়ার ফেয়ারমন্টের এক গির্জায় প্রথম বাবা দিবস পালন করা হয়। তবে দিবসটিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান রয়েছে সনোরা স্মার্ট ডড নামের ওয়াশিংটনের এক নারীর। ডড তার বাবাকে ভীষণ ভালোবাসতেন। মা মারা যাওয়ার পর তার বাবা উইলিয়াম স্মার্ট একা হাতেই ডডসহ তার অন্য ভাইবোনদের বড় করেছিলেন। মায়ের জন্য আলাদা ‘মা দিবস’ থাকলে বাবার জন্য কেন থাকবে না—এই ভাবনা থেকেই তিনি সম্পূর্ণ নিজের উদ্যোগে ১৯১০ সালের ১৯ জুন প্রথম বাবা দিবস পালন শুরু করেন। এরপর থেকেই ধীরে ধীরে এই দিবসটির জনপ্রিয়তা ও পরিসর বাড়তে থাকে।

দিবসটির গুরুত্ব বিবেচনায় ১৯১৩ সালে আমেরিকান কংগ্রেসে বাবা দিবসকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করার লক্ষ্যে একটি বিল উত্থাপন করা হয়। পরে ১৯২৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজ ওই প্রস্তাবের প্রতি পূর্ণ সমর্থন জানান। তবে আনুষ্ঠানিক স্বীকৃতি আসে আরও পরে—১৯৬৬ সালে প্রেসিডেন্ট লিন্ডন বি. জনসন জুন মাসের তৃতীয় রোববারকে ‘বিশ্ব বাবা দিবস’ হিসেবে ঘোষণা করেন এবং এটি ছুটির দিন হিসেবে নির্ধারণ করা হয়। সেই সময় থেকে বিশ্বের অধিকাংশ দেশেই প্রতি বছর জুনের এই নির্দিষ্ট দিনে বাবা দিবস পালিত হয়ে আসছে।

বিশ্ব বাবা দিবস শুধু একটি আনুষ্ঠানিক উদযাপন নয়; এটি বাবাদের ত্যাগ, পরিশ্রম এবং নিঃশব্দ ভালোবাসাকে স্বীকৃতি দেওয়ার একটি সুযোগ। আধুনিক সমাজে বাবার ভূমিকা শুধু আর্থিক দায়িত্বে সীমাবদ্ধ নয়, বরং মানসিক সমর্থন ও পারিবারিক বন্ধন দৃঢ় রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সন্তানের জীবনে বাবা যেন পৃথিবীর শ্রেষ্ঠ উপহারগুলোর একটি। বছরের প্রতিটি দিনেই বাবার প্রতি ভালোবাসা প্রকাশ পেলেও, এই বিশেষ দিনটি সন্তানকে আরও একবার মনে করিয়ে দেয়—ব্যস্ততার মাঝেও বাবার হাতটি শক্ত করে ধরে বলা, ‘বাবা, তোমাকে অনেক ভালোবাসি।’

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers