বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

ফিচার
  >
বিশেষ দিবস

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস আজ

নিউজজি ডেস্ক ৪ জুলাই , ২০২৬, ১৪:৫৬:৩৯

156
  • যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস

ঢাকা: আজ (৪ জুলাই) যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। ১৭৭৬ সালের এই দিনে স্বাধীনতার ঘোষণাপত্র গ্রহণের মধ্য দিয়ে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটিয়ে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রের যাত্রা শুরু হয়। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করেই প্রতি বছর দিনটি জাতীয়ভাবে উদযাপন করা হয়।

ইতিহাস অনুযায়ী, দ্বিতীয় মহাদেশীয় কংগ্রেসে অংশ নেওয়া প্রতিষ্ঠাতা নেতারা ঘোষণা করেন যে, তেরোটি উপনিবেশ আর ব্রিটিশ রাজতন্ত্র বা রাজা তৃতীয় জর্জের অধীন থাকবে না। এর আগে ১৭৭৬ সালের ২ জুলাই কংগ্রেস লি প্রস্তাবের পক্ষে ভোট দিয়ে স্বাধীনতার সিদ্ধান্ত অনুমোদন করে। এরপর ৪ জুলাই আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয়, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে।

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের আগমুহূর্তে দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। ভয়াবহ গরমের কারণে রাজধানী ওয়াশিংটন ডিসিসহ একাধিক অঙ্গরাজ্যে স্বাধীনতা দিবস উপলক্ষে নির্ধারিত প্যারেড ও বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান স্থগিত বা বাতিল করেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার (৩ জুলাই) থেকে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল ও মিডওয়েস্ট অঞ্চলের প্রায় ১৬ কোটি ৫০ লাখ মানুষ চরম দাবদাহের মুখে পড়েছেন।

স্বাধীনতার আড়াইশ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে উৎসবের আবহ থাকলেও বৈরী আবহাওয়ার কারণে অনেক আয়োজনই ব্যাহত হয়েছে। জননিরাপত্তার কথা বিবেচনা করে ফিলাডেলফিয়ার ঐতিহ্যবাহী ‘স্যালুট টু ইন্ডিপেন্ডেন্স সেমি-কুইনসেন্টেনিয়াল প্যারেড’ বাতিল করা হয়েছে। একই কারণে রাজধানী ওয়াশিংটনে আয়োজিত ‘গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’ শুক্রবার সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তীব্র গরমে মেলায় অংশ নেওয়া কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের জরুরি চিকিৎসা দিতে হয়। এছাড়া ৪ জুলাই সকালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ওয়াশিংটনের ঐতিহ্যবাহী ‘ইন্ডিপেন্ডেন্স ডে প্যারেড’ও জননিরাপত্তার স্বার্থে বাতিল করা হয়েছে।

নিউইয়র্ক সিটিসহ বিভিন্ন অঞ্চলে ‘কুলিং সেন্টার’ খোলা হয়েছে। নাগরিকদের প্রতি জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার আহ্বান জানানো হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞ ও কর্তৃপক্ষ জনসাধারণকে প্রচুর পরিমাণে পানি ও তরল খাবার গ্রহণের পরামর্শ দিয়েছেন।

উল্লেখ্য, এবারের দাবদাহকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে মনে করা হচ্ছে। আবহাওয়াবিদদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে এই ধরনের তাপপ্রবাহ এখন আরও বেশি ঘন ঘন এবং দীর্ঘস্থায়ী হচ্ছে। ২৫০ বছর পূর্তির এই ঐতিহাসিক ক্ষণে আনন্দ উদযাপনের চেয়ে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তাকেই প্রশাসন এখন প্রধান্য দিচ্ছে।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers