রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

ফিচার
  >
বিশেষ দিবস

আজ ‘বিশ্ব হেপাটাইটিস দিবস’

নিউজজি ডেস্ক ২৮ জুলাই , ২০২৬, ১৩:৪৩:৩০

174
  • সংগৃহীত

ঢাকা: বিশ্বজুড়ে প্রতি বছর ২৮ জুলাই পালিত হয় ‘বিশ্ব হেপাটাইটিস দিবস’। ভাইরাল হেপাটাইটিস সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো, রোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে উৎসাহ দেওয়া এবং আক্রান্তদের দ্রুত শনাক্ত করে চিকিৎসার আওতায় আনার লক্ষ্যেই দিবসটি পালন করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) উদ্যোগে পালিত এই দিবসটি নির্ধারণ করা হয়েছে নোবেলজয়ী বিজ্ঞানী ড. বারুখ স্যামুয়েল ব্লমবার্গের জন্মদিনকে স্মরণ করে। হেপাটাইটিস বি ভাইরাস শনাক্তকরণ এবং এর প্রতিষেধক টিকা উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি।

দিবসটি উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমান সরকার বিশেষায়িত স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর চিকিৎসা সুবিধার প্রসার এবং সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা নিরাপত্তা নিশ্চিতে ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য কর্মসূচি এবং অঙ্গীকারের মধ্য দিয়ে পালিত হচ্ছে। দিবসের এ বছরের প্রতিপাদ্য ‘চলুন সহজভাবে বুঝি’। এই প্রতিপাদ্যে হেপাটাইটিস সম্পর্কে ভুল ধারণা দূর করে সচেতনতা সৃষ্টির গুরুত্ব তুলে ধরা হয়েছে। একই সঙ্গে হেপাটাইটিস সম্পর্কে ভয় ও সামাজিক প্রতিবন্ধকতা দূর করে প্রতিরোধ, পরীক্ষা এবং চিকিৎসা সবার জন্য সহজলভ্য করার গুরুত্ব তুলে ধরা হয়েছে।

তিনি আরও বলেন, হেপাটাইটিস বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। প্রতিবছর লাখ লাখ মানুষ হেপাটাইটিস বি ও সি-এর কারণে লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হন। অথচ সময়মতো টিকাদান, পরীক্ষা, নিরাপদ স্বাস্থ্যচর্চা এবং যথাযথ চিকিৎসার মাধ্যমে এ রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সেবাপ্রাপ্তির প্রতিবন্ধকতা দূর করা এখন সময়ের দাবি।

হেপাটাইটিস হলো যকৃতের প্রদাহজনিত একটি রোগ, যা প্রধানত ভাইরাসের সংক্রমণের কারণে হয়ে থাকে। হেপাটাইটিস এ, বি, সি, ডি এবং ই—এই পাঁচ ধরনের ভাইরাস মানুষের শরীরে সংক্রমণ ঘটাতে পারে। এর মধ্যে হেপাটাইটিস বি ও সি দীর্ঘমেয়াদি সংক্রমণ সৃষ্টি করে লিভার সিরোসিস, লিভার ফেইলিউর এবং লিভার ক্যানসারের মতো জটিল রোগের কারণ হতে পারে। অনেক সময় আক্রান্ত ব্যক্তি দীর্ঘদিন কোনো লক্ষণ অনুভব করেন না, ফলে অজান্তেই রোগটি গুরুতর পর্যায়ে পৌঁছে যায়।

বিশ্বব্যাপী প্রতি বছর লাখো মানুষ ভাইরাল হেপাটাইটিসজনিত জটিলতায় প্রাণ হারান। অথচ সময়মতো পরীক্ষা, টিকাদান, নিরাপদ রক্ত সঞ্চালন, জীবাণুমুক্ত চিকিৎসা সরঞ্জাম ব্যবহার এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনের মাধ্যমে এই রোগের বড় একটি অংশ প্রতিরোধ করা সম্ভব। বিশেষ করে হেপাটাইটিস বি-এর কার্যকর টিকা রয়েছে, যা নবজাতকসহ সব বয়সী মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি হেপাটাইটিস সি-এর জন্য বর্তমানে কার্যকর ওষুধও পাওয়া যায়, যা অধিকাংশ ক্ষেত্রে রোগ সম্পূর্ণ নিরাময়ে সক্ষম।

বাংলাদেশেও হেপাটাইটিস এখনো একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। তবে সরকারি ও বেসরকারি পর্যায়ে সচেতনতা কার্যক্রম জোরদার, টিকাদান কর্মসূচির বিস্তার এবং চিকিৎসাসেবা সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, ঝুঁকিপূর্ণ জীবনযাপন এড়িয়ে চলা, একবার ব্যবহারযোগ্য সিরিঞ্জ ব্যবহার, নিরাপদ রক্ত গ্রহণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে হেপাটাইটিস সংক্রমণের আশঙ্কা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

তাদের মতে, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ভাইরাল হেপাটাইটিসের বিস্তার নিয়ন্ত্রণ করা যেতে পারে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সময়মতো টিকা গ্রহণ এবং সঠিক তথ্যের মাধ্যমে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।

বিশ্ব হেপাটাইটিস দিবসের মূল লক্ষ্য হলো—প্রতিরোধ, দ্রুত রোগ শনাক্তকরণ এবং সঠিক চিকিৎসার মাধ্যমে হেপাটাইটিস মোকাবিলা করে একটি সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers