বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

জীবনযাত্রা

বার্ধক্যে সুখী থাকার ৪টি অভ্যাস: ডা. কেরি বার্নাইট

নিউজজি ডেস্ক জানুয়ারী ৬, ২০২৬, ১৬:২৯:১৮

125
  • ডা. কেরি বার্নাইট

ঢাকা: সম্প্রতি জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি জরিপে দেখা যায়, দেশটিতে শতবর্ষী প্রবীণদের সংখ্যা প্রায় এক লাখ। বিশ্বের দীর্ঘায়ু দেশ হিসেবে জাপানের সুনাম রয়েছে। এখানেই প্রায়ই বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষদের দেখা পাওয়া যায়। আন্তর্জাতিক গণমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ার পর অনেকের মনেই প্রশ্ন জাগে, দীর্ঘ জীবন উত্তম নাকি সুখী জীবন।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কীভাবে সুখী ও অর্থবহ জীবন কাটানো যায়, তা নিয়ে নতুন ধারণা দিয়েছেন মার্কিন জেরিয়াট্রিশিয়ান (বৃদ্ধদের চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞ) ডা. কেরি বার্নাইট। এই বিশেষজ্ঞ মনে করেন, বার্ধক্যে সুস্থতার পাশাপাশি দরকার ‘জয়স্প্যান’ অর্থাৎ আনন্দময় জীবনের পরিসর।

বিশ্বজুড়ে মানুষ প্রতিবছর বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে দীর্ঘ জীবন পাওয়ার আশায়। কিন্তু সেই বাড়তি বছরগুলো যদি আনন্দহীন হয়, তাহলে সেই দীর্ঘ জীবনের মূল্য কোথায়—এই প্রশ্নই তুলছেন ডা. কেরি।

তার মতে, শুধু কত বছর বাঁচলাম—এটাই নয়, বরং সেই বছরগুলো কেমন কাটল, সেটাই আসল। তাই তিনি লাইফস্প্যান ও হেলথস্প্যানের পাশাপাশি নতুন একটি ধারণা তুলে ধরেছেন—জয়স্প্যান।

'আমি আমার ক্যারিয়ারের প্রথম ২০ বছরে দেখেছি অনেক মানুষ একা, হতাশ এবং জীবনের কোনো উদ্দেশ্য খুঁজে পাচ্ছেন না। তখনই বুঝেছি, বয়স বাড়া মানেই কষ্ট নয়,' যোগ করেন তিনি।

২০২৫ সালে প্রকাশিত তার বই ''Joyspan: The Art and Science of Thriving in Life’s Second Half''–এ তিনি সুখী বার্ধক্যের জন্য চারটি মূল অভ্যাসের কথা বলেছেন।

প্রথম অভ্যাসটি হলো নতুন কিছু শেখা, কৌতূহলী থাকা এবং নিজেকে চ্যালেঞ্জ করা। তার মতে, নতুন কিছু শেখা নিজেকে ব্যস্ত রাখতে সাহায্য করে।

দ্বিতীয়ত, পরিবার, বন্ধু ও সমাজের মধ্যে বিভিন্ন কমিউনিটির সঙ্গে সক্রিয় সম্পর্ক বজায় রাখা। এতে একাকীত্ব অনুভব হয় না।

তৃতীয়ত, কঠিন সময়ে মানসিকভাবে খাপ খাওয়ানো বেশ গুরুত্বপূর্ণ। যেকোন পরিস্থিতিতে মনোবল শক্ত রাখতে পারা একজন প্রবীণ মানুষের জন্য সহজ কাজ নয়। কিন্তু ধৈর্য ধারণ করতে পারলে যেকোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব বলে মনে করেন এই বিশেষজ্ঞ।

সবশেষে, অন্যের জন্য সময় বের করা এবং বিপদে সহায়তা করার মাধ্যমে এক ধরনের আনন্দ অনুভূত হয়।

এই চারটি কাজই চেষ্টা আর অভ্যাসের বিষয়। এগুলো করলে শুধু মন ভালো থাকে না, শরীরও ভালো থাকে বলে মনে করেন ডা. কেরি বার্নাইট।

ডা. বার্নাইটের নিজের মায়ের জীবনই তার সবচেয়ে বড় উদাহরণ। ৯৬ বছর বয়সেও একা থাকেন, প্রাণবন্ত ও হাসিখুশি। বলেন, 'আমার মা অসুস্থ হয়েছেন এবং স্বামীকে হারিয়েছেন। তবুও তিনি জীবনে সুখী থাকার চেষ্টা করছেন এবং অনেক ক্ষেত্রে তিনি সফল।'

বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই ‘জয়স্প্যান’ ধারণা আমাদের শেখাচ্ছে যে বার্ধক্য মানেই জীবন শেষ নয়। বরং সঠিক অভ্যাস আর মানসিক প্রস্তুতিতে জীবনের শেষ অধ্যায়ও হতে পারে সবচেয়ে সুন্দর।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন