বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

জীবনযাত্রা

শবে বরাতে হালুয়া-রুটি বিতরণের ইতিহাস

নিউজজি ডেস্ক ফেব্রুয়ারী ৩, ২০২৬, ১৪:৪২:৪০

339
  • ছবি : সংগৃহীত

ঢাকা: পবিত্র শাবান মাসের ১৪ তারিখের রাত মুসলমানদের কাছে শবে বরাত নামে পরিচিত। এই বরকতময় রাতে আল্লাহর নৈকট্য লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ, দোয়া ও অন্যান্য ইবাদতে আত্মনিয়োগ করেন। মাগরিবের পর থেকেই ইবাদতের আবহ শুরু হয়, যা ফজরের নামাজ আদায়ের মাধ্যমে শেষ হয়।

শবে বরাতকে কেন্দ্র করে মুসলিম পরিবারগুলোতে বিশেষ আয়োজন লক্ষ্য করা যায়। ইবাদতের পাশাপাশি ঘরে ঘরে চলে নানা ধরনের খাবার প্রস্তুতি। এর মধ্যে হালুয়া ও রুটি সবচেয়ে প্রচলিত ও জনপ্রিয়। পরিবারে প্রস্তুতের পাশাপাশি প্রতিবেশী ও আত্মীয়স্বজনদের মধ্যে হালুয়া-রুটি বিতরণ করার একটি সামাজিক প্রথাও গড়ে উঠেছে, যা এই রাতকে আরও আন্তরিক ও মিলনমুখর করে তোলে।

তবে ইতিহাসবিদদের মতে, শবে বরাতে হালুয়া-রুটির প্রচলন কোনো ধর্মীয় বিধান বা ফরজ আমলের অংশ নয়। বরং এটি সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ, যার মূল উদ্দেশ্য হলো আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে এই পবিত্র রাতের আনন্দ ভাগাভাগি করে নেওয়া।

ইতিহাস বিশ্লেষণে দেখা যায়, হালুয়া প্রাচীনকাল থেকেই মিষ্টি খাবারের প্রতীক হিসেবে পরিচিত। বাংলাদেশে শবে বরাত পালনের প্রথা উনিশ শতকের শেষের দিকে শুরু হয়। সে সময় ঢাকার নবাবরা শবে বরাতকে ঘিরে আয়োজন করতেন, যার মধ্যে আলোকসজ্জা, দান-খয়রাত এবং মিষ্টি বিতরণ অন্যতম ছিল। তখন মিষ্টি সাধারণত ঘরে তৈরি করা হতো। এ কারণে হালুয়া প্রস্তুত করা এবং তা বিতরণের রীতি সহজলভ্য ও জনপ্রিয় হয়ে ওঠে।

ইতিহাসবিদরা আরও জানান, নবাবদের শাসনব্যবস্থা, মুসলমানদের সামাজিক আধিপত্য এবং ধর্মীয় অনুশাসন এই তিনটি বিষয় একসঙ্গে প্রকাশ করতেই শবে বরাতে বড় ধরনের উৎসবের আয়োজন হতো। পরবর্তীতে পাকিস্তান আমলে শবে বরাতের দিন সরকারি ছুটি ঘোষিত হলে এর আয়োজন আরও বিস্তৃত হয়। এর ধারাবাহিকতায় খাবারের তালিকায় স্থায়ী জায়গা করে নেয় হালুয়া।

হাদিস থেকে জানা যায়, রাসুলুল্লাহ (সা.) মিষ্টান্নজাত খাবার পছন্দ করতেন। এ কারণে মুসলমানদের মাঝেও মিষ্টি খাবারের প্রতি একটি স্বাভাবিক অনুরাগ লক্ষ্য করা যায়। ইতিহাসবিদদের মতে, এই ঐতিহ্যের প্রভাবেই শবে বরাতের ইবাদতের সঙ্গে মিষ্টি খাবার—বিশেষ করে হালুয়া খাওয়ার প্রচলন ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করেছে।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন