রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ , ২৪ সফর ১৪৪৮

জীবনযাত্রা

মশা কেন কিছু মানুষকে বেশী কামড়ায়?

নিউজজি ডেস্ক জুলাই ১২, ২০২৬, ১৪:০৯:২০

106
  • সংগৃহীত

ঢাকা: একই পরিবেশে থেকেও কেন কিছু মানুষকে মশা বেশি কামড়ায়, আর কেউ কেউ প্রায় রক্ষা পান—এ নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে। প্রচলিত ধারণা অনুযায়ী, ‘মিষ্টি রক্ত’ থাকলেই নাকি মশা বেশি আকৃষ্ট হয়। তবে বিজ্ঞানীরা বলছেন, এই ধারণার পেছনে কোনো প্রমাণ নেই।

গবেষকদের মতে, মশা কাকে বেশি কামড়াবে তা নির্ভর করে কয়েকটি শারীরিক বৈশিষ্ট্যের ওপর। মানুষের শরীর থেকে বের হওয়া কার্বন ডাই-অক্সাইড, দেহের উষ্ণতা, ঘামের গন্ধ এবং ত্বকের নির্দিষ্ট রাসায়নিক উপাদান মশাকে বেশি আকৃষ্ট করতে পারে।

গবেষণায় দেখা গেছে, স্ত্রী মশা ডিম তৈরির জন্য রক্তের প্রয়োজন হয়। তাই তারা প্রায় ১০ মিটার দূর থেকেই মানুষের নিঃশ্বাসে থাকা কার্বন ডাই-অক্সাইড শনাক্ত করতে পারে। যেসব মানুষ বেশি কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করেন, যেমন প্রাপ্তবয়স্ক, বড় শারীরিক গঠনের মানুষ বা ব্যায়াম করার পর, তারা মশার কাছে বেশি আকর্ষণীয় হন।

এ ছাড়া শরীরের তাপমাত্রাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গর্ভবতী নারীদের শরীর তুলনামূলক বেশি উষ্ণ থাকে এবং তারা বেশি কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করেন। ফলে তাদের মশা কামড়ানোর ঝুঁকি সাধারণ মানুষের তুলনায় প্রায় দ্বিগুণ।

বিশেষজ্ঞরা বলছেন, মানুষের ত্বক থেকে নির্গত গন্ধও মশা শনাক্ত করতে পারে। ত্বকের ব্যাকটেরিয়া বিভিন্ন রাসায়নিক যৌগ তৈরি করে, যা বাতাসে ছড়িয়ে পড়ে। যাদের ত্বকে নির্দিষ্ট ধরনের কার্বক্সিলিক অ্যাসিড বেশি থাকে, তারা মশার কাছে অনেক বেশি আকর্ষণীয়।

যুক্তরাষ্ট্রের রকফেলার বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় ৬৪ জন মানুষের ত্বকের গন্ধ বিশ্লেষণ করে দেখা যায়, সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তিকে মশা সবচেয়ে কম আকর্ষণীয় ব্যক্তির তুলনায় প্রায় ১০০ গুণ বেশি পছন্দ করেছে। গবেষকদের মতে, এই বৈশিষ্ট্য দীর্ঘ সময় ধরে প্রায় অপরিবর্তিত থাকে এবং অনেকাংশেই জিনগতভাবে নির্ধারিত।

তবে সবাই সমানভাবে মশার কামড়ে প্রতিক্রিয়া দেখান না। কারও শরীরে কামড়ের পর বড় ও চুলকানিযুক্ত ফোলা দাগ হয়, আবার কারও ক্ষেত্রে সামান্য লালচে দাগ দেখা যায়। তাই অনেক সময় যাদের শরীরে বেশি প্রতিক্রিয়া হয়, তারা মনে করেন মশা তাদেরই বেশি কামড়াচ্ছে।

গবেষকদের পরামর্শ, মশা কম কামড়ালেও আত্মতুষ্ট হওয়ার সুযোগ নেই। কারণ মশাবাহিত বিভিন্ন রোগ থেকে সুরক্ষার জন্য সবারই মশা প্রতিরোধের ব্যবস্থা নেওয়া উচিত। সূত্র: বিবিসি

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers