রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ , ২৪ সফর ১৪৪৮

জীবনযাত্রা

বয়স বাড়লে কেন স্মৃতিশক্তি কমে?

নিউজজি ডেস্ক জুলাই ২০, ২০২৬, ১৪:৪১:২৬

103
  • বয়স বাড়লে কেন স্মৃতিশক্তি কমে

ঢাকা: বয়স বাড়ার সঙ্গে স্মৃতিশক্তি দুর্বল হওয়া এবং চিন্তাশক্তি কমে যাওয়া অনেকের ক্ষেত্রেই দেখা যায়। তবে দীর্ঘদিনের গবেষণার পর এর পেছনের কারণ নিয়ে নতুন তথ্য জানিয়েছেন চীনের বিজ্ঞানীরা।

চীনের শেনচেন ইনস্টিটিউটস অব অ্যাডভান্সড টেকনোলজির গবেষকদের এক গবেষণায় উঠে এসেছে, বয়সের সঙ্গে মস্তিষ্কের রক্তনালীগুলোতে যেসব পরিবর্তন ঘটে, তা মানুষের বুদ্ধিবৃত্তিক সক্ষমতার ওপর প্রভাব ফেলতে পারে। এ গবেষণার ফল প্রকাশ করা হয়েছে নিউরন জার্নালে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, রক্ত-মস্তিষ্ক প্রাচীর মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা ব্যবস্থা। এটি প্রয়োজনীয় পুষ্টি মস্তিষ্কে পৌঁছাতে সাহায্য করে এবং রক্তে থাকা ক্ষতিকর উপাদান থেকে মস্তিষ্ককে রক্ষা করে। দীর্ঘদিন ধরে গবেষকদের ধারণা ছিল, বয়স বাড়ার সঙ্গে এই প্রাচীরের কোষগুলোর সংযোগ দুর্বল হয়ে পড়ে এবং এতে এর কার্যকারিতা কমে যায়।

শেনচেন ইনস্টিটিউটস অব অ্যাডভান্সড টেকনোলজির গবেষকরা ইঁদুরের ওপর পরীক্ষা চালিয়ে দেখেছেন, বয়স্ক হওয়ার অনেক আগেই অর্থাৎ মাঝারি বয়সেই এই প্রাচীরের কার্যকারিতা কমতে শুরু করে। বিশেষ করে মস্তিষ্কের হিপোক্যাম্পাস অঞ্চলে, যা মানুষের স্মৃতিশক্তি এবং শেখার ক্ষমতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে এই প্রভাবটি দ্রুত দেখা দেয়। গবেষকরা দেখেছেন, কোষগুলোর মধ্যকার সংযোগস্থলে ফাঁটল তৈরির আগে কোষের ভেতরের পরিবহন ব্যবস্থা অস্বাভাবিকভাবে সক্রিয় হয়ে ওঠে। ফলে ক্ষতিকর পদার্থগুলো কোষের ভেতর দিয়ে সহজে মস্তিষ্কে প্রবেশ করে।

বয়সের সঙ্গে স্মৃতিশক্তি কেন কমে?

কীভাবে ঘটছে এই ক্ষতি? গবেষণায় দুটি মূল প্রোটিনের ভূমিকা চিহ্নিত করেছেন গবেষকরা। যার একটি স্বাভাবিকভাবে মস্তিষ্কের রক্তনালীতে অপ্রয়োজনীয় পরিবহন সীমিত রাখে। বয়সের সঙ্গে এর পরিমাণ কমে যায়। অন্যটি কোষের ভেতর পরিবহন ব্যবস্থা তৈরিতে সহায়তা করে, যা অস্বাভাবিকভাবে বেড়ে যায়।

গবেষকরা দেখেছেন যে, বয়স্ক ইঁদুরের ক্ষেত্রে যখন প্রোটিনের মাত্রা পুনরায় স্বাভাবিক করা হয়েছে তখন রক্ত-মস্তিষ্ক প্রাচীরের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে ফিরে এসেছে।

শরীরে প্রদাহ নিয়ন্ত্রণকারী অন্য প্রোটিনটি বয়স বৃদ্ধির সঙেগ্ রক্ত ও মস্তিষ্কে বেড়ে যায়, এমনটাও এসেছে গবেষণায়। এই অতিরিক্ত প্রোটিনটিই রক্তনালীর প্রোটিন কমিয়ে দেয়, ফলে প্রাচীরটি তার সুরক্ষা ক্ষমতা হারায়। পরীক্ষায় দেখা গেছে, বয়স্ক ইঁদুরের শরীরে বিশেষ সেই প্রোটিনের সংকেত আটকে দিতে পারলে তাদের রক্ত-মস্তিষ্ক প্রাচীরের লিকেজ কমে গেছে এবং তাদের স্মৃতিশক্তির পরীক্ষায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

এই গবেষণাটি প্রমাণ করে, বয়সের সঙ্গে মস্তিষ্কের রক্তনালীর ক্ষতি কেবল সাধারণ ক্ষয় নয়, এটি নির্দিষ্ট কিছু জৈবিক সংকেতের ফসল। যদিও এখনও ইঁদুরের ওপর পরীক্ষিত। তবে গবেষকদের আশা, এই নতুন পদ্ধতিগুলো অদূর ভবিষ্যতে মানুষের ক্ষেত্রেও প্রয়োগ সম্ভব হবে।সূত্র: সিএমজি

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers