মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ , ৫ সফর ১৪৪৮

গণমাধ্যম

ফটো সাংবাদিকদের দক্ষতা বাড়াতে তৈরি হবে বিশেষায়িত ইনস্টিটিউট: তথ্যমন্ত্রী

নিউজজি ডেস্ক ১৫ এপ্রিল , ২০২৬, ১৯:৫৩:৫৫

499
  • ফটো সাংবাদিকদের দক্ষতা বাড়াতে তৈরি হবে বিশেষায়িত ইনস্টিটিউট: তথ্যমন্ত্রী

ঢাকা: ফটো সাংবাদিকদের প্রযুক্তিনির্ভর ও সময়োপযোগী দক্ষ জনবলে রূপান্তর করতে একটি বিশেষায়িত প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানিয়েছেন, এই প্রয়োজনীয়তা বিবেচনা করে সংশ্লিষ্ট ভবনটি অ্যাসোসিয়েশনের নিয়ন্ত্রণে দেয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন তিনি।

বুধবার রাজধানীর বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ) মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গণমাধ্যম এখন এক নতুন প্রযুক্তিনির্ভর পর্যায়ে পৌঁছেছে। আগে সাংবাদিকতার প্রধান উপকরণ ছিল কলম আর ক্যামেরা, কিন্তু এখন একটি ছোট স্মার্টফোনই টেলিভিশন, রেডিও ও পত্রিকার কাজ করছে। তিনি সতর্ক করে বলেন:

“সময় ও কাজের ধরন বদলেছে। এই পরিবর্তনের সঙ্গে যদি আমাদের মনোজগতে পরিবর্তন না আসে, তবে পেশাগতভাবে পিছিয়ে পড়ার ঝুঁকি তৈরি হবে।”

ফটো সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, একটি শক্তিশালী ছবি ইতিহাস ও মানবিক সংকটকে বিশ্ববাসীর সামনে নিখুঁতভাবে তুলে ধরতে পারে। তিনি ১৯৭৪ সালের দুর্ভিক্ষ ও ভিয়েতনাম যুদ্ধের ছবির উদাহরণ দিয়ে বলেন, জনমত গঠনে একটি ছবি কখনও হাজার শব্দের চেয়েও বেশি কার্যকর ভূমিকা রাখে।

সাংবাদিকদের অধিকার ও সুযোগ-সুবিধা নিয়ে মন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ আশ্বাস দেন, ওয়েজবোর্ড সংশোধন: মালিকপক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে সাংবাদিকদের জন্য সম্মানজনক বেতন নিশ্চিত করতে ওয়েজবোর্ড সংশোধনের উদ্যোগ নেয়া হবে।

অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু ও ফটো সেকশন সম্প্রসারণসহ বিদ্যমান পেশাগত সমস্যা সমাধানে অংশীজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনা চলবে।

অতীতে সাংবাদিক নির্যাতনের ঘটনাগুলো আইনি প্রক্রিয়ায় আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, অভিযোগ দাখিল করলে দায়ীদের জবাবদিহির আওতায় আনা হবে। গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তথ্যমন্ত্রী বলেন, “ফ্যাসিবাদ একটি রোগের মতো। আজ যে গণতন্ত্রী, আগামীকাল সে ফ্যাসিস্ট হয়ে যেতে পারে। তাই গণমাধ্যমকে সবসময় সজাগ থাকতে হবে।”

বিপিজেএ সভাপতি একে এম মহসীনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সেক্রেটারি  বাবুল তালুকদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণী চৌধুরী, ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম,সাংবাদিক কল্যান ট্রাস্টের এমডি বাসিত জামাল, তথ্য মন্ত্রণালয়ের প্রধান তথ্য কর্মকতা ইয়াকুব আলী, বিএফইউজের সহসভাপতি রাশেদুল হক, বিপিজেএ সহসভাপতি মশিউর রহমান সুমন, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম সজল, সাংগঠনিক সম্পাদক সালেকুজ্জামান চৌধুরী রাজীব, প্রচার সম্পাদক মো. সৌরভ, ক্রীড়া সম্পাদক খোকন  শিকদার।

নিউজজি/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers