মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

সূর্যকুমার-দুবের ব্যাটে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার এইটে ভারত

ক্রীড়া ডেস্ক ১৩ জুন , ২০২৪, ০৭:৩২:০১

  • ছবি: ইন্টারনেট

টানা জয়ে উড়ছিল যুক্তরাষ্ট্র। ভারতকে হারানোর স্বপ্নও দেখেছিল দলটি। সে আবহ বুধবার কিছুটা সময়ের জন্য তৈরিও করেছিল স্বাগতিকরা। শেষ পর্যন্ত অবশ্য তেমনটা হতে দেননি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের এক নম্বর ব্যাটার সূর্যকুমার যাদব ও শিভম দুবে। এ দু’জনের দায়িত্বশীল ব্যাটিংয়ের ওপর ভর করে প্রতিপক্ষকে ৭ উইকেটে হারিয়ে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠেছে রোহিত শর্মার ভারত।

১১১ রানের লক্ষ্য ১০ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে ভারত। ২২ রানে জীবন পেয়ে অপরাজিত ৫০ রানের ইনিংসে দলের জয় নিয়ে ফেরেন সূর্যকুমার। ব্যাটিং দুরূহ উইকেটে তার ৪৯ বলের ইনিংসটি গড়া ২টি করে চার ও ছক্কায়। দুবে অপরাজিত থাকেন ৩১ রানে। ম্যাচের সেরা অবশ্য আর্শদিপ সিং। এই পেসার ৪ ওভারে স্রেফ ৯ রান দিয়ে নেন ৪ উইকেট। 

টস জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ইনিংসের প্রথম ওভারেই শায়ান জাহাঙ্গীরকে ফেরান আর্শদিপ সিং। একই ওভারে অ্যান্ড্রিস গুজকেও দেখান সাজঘরের পথ। ভারপ্রাপ্ত অধিনায়ক অ্যারন জোন্স চাপের মুখে সুবিধা করতে পারেননি। একটি ছক্কা হাঁকালেও ১১ রান করতে তাকে খেলতে হয় ২২ বল।

বিপর্যয়ের মধ্যেই যুক্তরাষ্ট্র পথ দেখে নিতিশ কুমারের ২৩ বলে ২৭, কোরি অ্যান্ডারসনের ১২ বলে ১৫, হারমিত সিংয়ের ১০ বলে ১০ ও শ্যাডলি ভন স্কালকুইকের ১০ বলে ১১ রানের অপরাজিত ইনিংসে। তাতে আর্শদিপ সিংয়ের ক্ষুরধার বোলিংয়ের পরও ৮ উইকেট হারিয়ে ১১০ রানের পুঁজি পায় যুক্তরাষ্ট্র। 

এ দিন ৪ ওভারে মাত্র ৯ রান খরচ করে ৪ উইকেট শিকার করেন দারুণ ছন্দে থাকা আর্শদিপ সিং। ২৪ বলের মধ্যে ১৭ বলেই দেননি কোনো রান। এছাড়া হার্দিক পান্ডিয়া ৪ ওভারে ১ মেডেনে ১৪ রানের খরচায় একটি উইকেট শিকার করেন।

জবাব দিতে নেমে একপর্যায়ে বেশ চাপে পড়ে ভারত। তবে যুক্তরাষ্ট্র তিনবার ওভারের মধ্যবর্তী সময়ে এক মিনিটের বেশি সময়ক্ষেপণ করায় ৫ রান পেনাল্টি পায় ভারত। আর তাতে ম্যাচ হেলে পড়ে ভারতের দিকে।

ভারত প্রথম ওভারেই হারায় বিরাট কোহলিকে, ছন্দ হারানো ভারতীয় তারকা সাজঘরে ফেরেন গোল্ডেন ডাকের শিকার হয়ে। অধিনায়ক রোহিতও সুবিধা করতে পারেননি, ৬ বলে রান করেন ৩। রিশভ পান্ট ২০ বলে ১৮ রান করে সাজঘরে ফিরলে সূর্যকুমার যাদব ও শিভম দুবে দেখেশুনে দলকে নিয়ে যান জয়ের পথে। ১৬তম ওভার শুরুর আগে ৫ রান পেনাল্টি করা হয় যুক্তরাষ্ট্রকে, তার আগে ৩০ বলে ৩৫ রান প্রয়োজন ছিল ভারতের। ১৭তম ওভারে আসে ১৭ রান, ম্যাচের নিয়ন্ত্রণও চলে আসে ভারতের হাতের মুঠোয়। শেষ পর্যন্ত ১৮.২ ওভারে ৩ উইকেট হারিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় ভারত। এরফলে দলটি নিশ্চিত এবারের বিশ্বকাপের সুপার এইট পর্ব। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers