মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

এবার ৪০ রানে অলআউট উগান্ডা, নিউ জিল্যান্ডের প্রথম জয়

ক্রীড়া ডেস্ক ১৫ জুন , ২০২৪, ১০:২৬:০৯

  • ছবি: ইন্টারনেট

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে কোন ম্যাচেই নিজেদের মেলে ধরতে পারেনি উগান্ডা। সেই ধারাবাহিকতায় শনিবার টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের তোপে দলটি গুটিয়ে গেল মাত্র ৪০ রানে। নিউ জিল্যান্ড দরকারি ৪১ রান তুলে নিয়েছে ৯ উইকেট আর ৮৮ বল হাতে রেখে। এরফলে চলতি বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হওয়া কিউইরা। 

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে নিউ জিল্যান্ডের জয়ের ভীত গড়ে দেন দুই অভিজ্ঞ পেসার টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের দুর্দান্ত নৈপুণ্যে। প্রথম ওভারেই দুই উইকেট তুলে নিয়ে শুরুটা করেন বোল্ট। পরে সাউদি ৪ ওভার বল করে মাত্র ৪ রান দিয়ে নেন ৩ উইকেট, ছিল একটি মেডেনও। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪ ওভারের স্পেলে এটি সেরা ইকোনমির রেকর্ড। সাউদি ভেঙেছেন উগান্ডারই ফ্রাঙ্ক এনসুবুগার রেকর্ড, যিনি পাপুয়া নিউগিনির বিপক্ষে ৪ ওভারে ২ মেডেনসহ ৪ রানে নিয়েছিলেন ২ উইকেট।

বোল্ট ৪ ওভারে ১ মেডেনসহ ৭ রানে নেন ২ উইকেট। ৩.৪ ওভারে ৮ রানে ২ উইকেট মিচেল স্যান্টনারের। নিউ জিল্যান্ডের বোলিং তোপে ১৫ রানে ৫ উইকেট হারানো উগান্ডা ৭ উইকেটে পৌঁছে গিয়েছিল ৩৯ রানে। কিন্তু আঠারতম ওভারে সাউদি টানা দুই বলে উইকেট নিয়ে আরেকবার ৩৯-এ গুটিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি করেন। হ্যাটট্রিক ঠেকাতে নামা কসমস কিউয়েতা এক রান নিয়ে সেখান থেকে উদ্ধার করলেও পরের ওভারে স্যান্টনারের বলে আউট হন।

উগান্ডার পক্ষে সর্বোচ্চ ১৮ বলে ১১ রান করেন কেনেথ ওয়াসোয়া। ওপেনার রোনাক প্যাটেল ২ রান করতে খেলেন ২০ বল, যা বিশ্বকাপে কমপক্ষে ২০ বল খেলা ইনিংসগুলোর মধ্যে সর্বনিম্ন স্ট্রাইক রেট (১০)। দ্বিতীয় সর্বনিম্ন স্ট্রাইক রেটের জন্ম হয়েছে ব্রায়ান মাসাবার জন্য। যিনি ২০ বল খেলে অপরাজিত থাকেন ৩ রানে।

আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে আগেই  গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হওয়া নিউ জিল্যান্ড আরও একটি ম্যাচ খেলবে। ১৭ জুনের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি।

সংক্ষিপ্ত স্কোর:

উগান্ডা: ১৮.৪ ওভারে ৪০ (রোনাক ২, সেসাজি ০, ওবুয়া ০, রামজানি ০, ওয়াসোয়া ১১, রিয়াজাত ২, নাকরানি ৪, মাসাবা ৩*, আচেলাম ৯, মিয়াগি ০, কিয়েউতা ১; বোল্ট ৪-১-৭-২, সাউদি ৪-১-৪-৩, স্যান্টনার ৩.৪-০-৮-২, ফার্গুসন ৪-০-৯-১, রবীন্দ্র ৩-১-৯-২)।

নিউ জিল্যান্ড: ৫.২ ওভারে ৪১/১ (অ্যালেন ৯, কনওয়ে ২২*, রবীন্দ্র ১*; কিউয়েতা ২-০-১৩-০, মিয়াগি ২.২-০-১৬-০, রিয়াজাত ১-০-১০-১)।

ফল: নিউ জিল্যান্ড ৯ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা: টিম সাউদি।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers