মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে সেন্ট ভিনসেন্টে ক্রিকেট দলের ঈদ উদযাপন

শামীম চৌধুরী, সেন্ট ভিনসেন্ট থেকে ১৬ জুন , ২০২৪, ২০:৩৭:৫০

  • টিম হোটেলে ঈদ এর নামায আদায় করছেন ক্রিকেটাররা। ছবি-বিসিবি

সেন্ট ভিনসেন্টে আর্নস ভেল এলাকায় একটা মসজিদের সন্ধান পাওয়া গেছে। স্থানীয় ১৫৫ জন মুসল্লির জন্য এই মসজিদকে দেখলে একটা বাসা বাড়িই মনে হবে। বাইরে একটা সাইনবোর্ডই এই মসজিদের অবস্থানের কথা বলবে।

এই মসজিদেই স্থানীয় সময় কাল (সোমবার) সকাল ৭টায় সেন্ট ভিনসেন্টের ঈদের জামায়াত অনুষ্ঠিত হওয়ার কথা। তবে ওই সময়ে বাংলাদেশ দল সেন্ট ভিনসেন্ট থেকে পরবর্তী গন্তব্যের ফ্লাইট ধরবে বলে সৌদি আরবের সাথে তাল মিলিয়ে রোববার সকালে ঈদ এর নামায পড়েছে। 

নেপালের সাথে রোববার রাতে ম্যাচ। এই দিনটিকেই ঈদ উদযাপনের জন্য বেছে নিয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশ ক্রিকেট দল এর আগেও বিদেশে ঈদ উদযাপন করেছে। পড়েছে সেখানে ঈদের নামায।

২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশ দল ইস্ট লন্ডনে ঈদ এর নামায আদায় করেছে। তবে সেন্ট ভিনসেন্টে ঈদ যেহেতু সোমবার, তাই রোববার সেখানকার একটি মাত্র মসজিদে ঈদের নামায আলাদাভাবে পড়তে পারেনি।

বাংলাদেশ দলের টিম হোটেলেই রোববার সকাল ৭টায় হয়েছে ঈদ এর নামায। একজন আলেমকে খোঁজ করে এনে ঈদ এর নামাযে ইমামতির দায়িত্ব দেয়া হয়েছে। 

সৌদি আরবের সাথে তাল মিলিয়ে ঈদ এর নামায রোববার আদায়ের কারণটা জানিয়েছেন বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম- ‘আমাদের চিন্তাভাবনা ছিল সোমবার সকালে নামাজ আদায় করব। কিন্তু ম্যাচের পরের দিন ফ্লাইট ধরার একটা তাড়া আছে। সেই ফ্লাইট কখন হয়, কে জানে! এই অনিশ্চয়তা থেকে আজ সকালেই আমরা ইমাম ডেকে ঈদের নামাজ আদায় করে ফেলেছি। সৌদি আরবের সঙ্গে মিল রেখেই ঈদের নামাজ আদায় করেছি আমরা।’

২০১৯ সালে ঈদ উল ফিতরের দিনে বাংলাদেশ দলের টিম হোটেলে রকমারি সুস্বাদু রান্না পাঠিয়ে দিয়েছিল লন্ডনের বাংলাদেশ দূতাবাস। এর আগে অন্য যে সব দেশে ঈদ উদযাপন করেছে ক্রিকেট দল, সেখানের প্রবাসীরা ঈদের খাবার খাইয়েছে ক্রিকেটারদের। তবে এবার ব্যতিক্রমধর্মী ঈদ উদযাপন করেছে বাংলাদেশ দল। সেন্ট ভিনসেন্টে ফাতিমা নামের এক মুসলিম নারীর আছে একটি ক্যাটারিং সার্ভিস। হালাল গোশত সংগ্রহ করে তিনি উপমহাদেশের মুখরোচক খাবার রান্না করতে দক্ষ। সেন্ট ভিনসেন্ট অবস্থানকালে রাতের ডিনারে এই নারীর ক্যাটারিং সার্ভিসই ছিল ক্রিকেটারদের ভরসা।  

ঈদ উল আজহা উদযাপনে ক্রিকেট দলের ২৫ জন সদস্যের জন্য অন্ততঃ ১০টি মুখরোচক মেন্যু তৈরি করেছে টিম হোটেলে পৌছে দিয়েছেন তা। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers