মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ , ২ রবিউস সানি ১৪৪৮

অন্যান্য
  >
বিশ্বকাপ

ঈদের আনন্দ মাটি করেছে ব্যাটাররা

শামীম চৌধুরী, সেন্ট ভিনসেন্ট থেকে ১৭ জুন , ২০২৪, ০৭:২৯:৫০

  • লামিচানের বলে বোল্ড অনিক। ছবি-ক্রিকইনফো

বাংলাদেশ : ১০৬/১০ (১৯.৩ ওভারে)

এর আগেও ঈদ এর আনন্দ মাটি করেছে বাংলাদেশ দল। এবারও বাংলাদেশ ব্যাটাররা নিজেরা নিজেদের কোরবানি দেয়ায় সে শঙ্কা দেখা দিয়েছে।

আইসিসির সহযোগী সদস্য নেপালের কাছে ব্যাটিংয়ে পর্যুদস্ত হয়েছে বাংলাদেশ। পার করতে পারেনি ২০ ওভার। থেমেছে ১০৬/১০-এ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ৭০ রানে অল আউট হওয়ার রেকর্ড আছে বাংলাদেশের। ২০১৬ সালে ইডেন গার্ডেনসে নিউ জিল্যান্ডের বিপক্ষে সেই লজ্জার রেকর্ডের দিকেও এক পর্যায়ে তাকাতে হয়েছে বাংলাদেশকে।

তিন অঙ্কের নাগাল পাওয়া নিয়ে ছিল দুর্ভাবনা। তবে শেষ উইকেট জুটিতে তাসকিন-মোস্তাফিজ ১৮ রান যোগ করলে সে শঙ্কা কেটেছে। 

ব্যাটিং পাওয়ার প্লে-তে প্রথম দুই ম্যাচে হতাশার পর তৃতীয় ম্যাচে সেই ব্যর্থতা থেকে বেরিয়ে এসেছিল বাংলাদেশ। তবে গ্রুপ রাউন্ডের শেষ ম্যাচে ব্যাটিং পাওয়ার প্লে-তে চরম হতাশ করেছে বাংলাদেশ দল। নতুন বলে নেপাল পেসার সম্পল কামির এক স্পেলে (৩-০-১০-২) স্কোরশিটে ৩১ উঠতে বাংলাদেশ হারিয়েছে ৪ উইকেট।

ইনিংসের প্রথম বলে সম্পল কামিকে ডাউন দ্য উইকেটে খেলতে যেয়ে রিটার্ন ক্যাচ দিয়ে তানজিদ হাসান তামিম (১ বলে ০) বিপদের আলামত দিয়েছেন। সেই থেকে উইকেট বিলিয়ে দেয়ার মিছিল দেখেছে দর্শক। 

অফ স্পিনার দিপেন্দ্র সিং আইরিকে ডিফেন্স করতে যেয়ে ব্যাট-প্যাডের বিশাল ফাঁক দিয়ে বোল্ড হয়েছে শান্ত (৫ বলে ৪)। সম্পল কামির তৃতীয় ওভারে সুইপ করতে যেয়ে লিটন দিয়েছেন স্কাই ক্যাচ (১২ বলে ১০)। ব্যাটিং পাওয়ার প্লে-এর শেষ ওভারে অফ স্পিনার রোহিত পুডেলের তৃতীয় বলে সুইপ করতে যেয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে দিয়েছেন ক্যাচ হৃদয় (৭ বলে ১০)।

ব্যাটিং পাওয়ার প্লে-এর পরেও হতাশা কাটেনি বাংলাদেশের। লামিচানের দ্বিতীয় ওভারের শেষ বলে এক্সট্রা কাভারে খেলেছেন মাহমুদউল্লাহ। ফিল্ডারের হাতে বল দেখেও নন স্ট্রাইক এন্ড থেকে সাকিব দিয়েছেন সিঙ্গলের কল। সেই কল-এ দৌড়ে হাফ পিচ পেরুতে পারেননি মাহমুদউল্লাহ। কাটা পড়েছেন রান আউটে (১৩ বলে ১৩)।

আম্পায়ারের সাথে কথা কাটাকাটি করে মেজাজ হারিয়ে নিজের বিপদ ডেকে এনেছেন সাকিব। রোহিত পুডেলের বলে এলবিডাব্লুতে থেমেছেন সাকিব (২২ বলে ১৭)। 

ধর্ষণ মামলা থেকে মুক্তি পেয়ে টি-টোয়েন্টি স্কোয়াডে ঢুকেও যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় প্রথম দুই ম্যাচ মিস করেছেন নেপালের তারকা লেগ স্পিনার লামিচানে। সেন্ট ভিনসেন্টে লামিচানে যুক্ত হয়েই নেপালকে দিয়েছেন ভরসা। তার গুগলি বুঝতেই পারেনি বাংলাদেশ ব্যাটাররা এদিন।

প্রথম স্পেলে (২-০-১৪-০) উইকেটহীন কাটিয়ে দ্বিতীয় স্পেলে বাংলাদেশকে দিয়েছেন বড় ধাক্কা (২-১-৩-২)। দ্বিতীয় স্পেলের প্রথম বলে রিভিউ আপীলে তানজিম হাসান সাকিব বেঁচে গেলেও পরের বলে আর বাঁচতে পারেননি। গুগলিতে হয়েছেন বোল্ড (৫ বলে ৩)। লামিচানের পরের ওভারে রং অন ডেলিভারিতে জাকের আলী অনিক হয়েছেন বোল্ড (২৯ বলে ১২)। 

টি-টোয়েন্টি ক্যারিয়ারে এই উইকেটটি লামিচানের শততম। ওডিআই ক্রিকেটে উইকেট শিকারে দ্রুততম এই লেগ স্পিনার টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিয়ান। ৫৪ ম্যাচে ১০০ উইকেট পূর্ণ করেছেন তিনি। তার চেয়ে ১ ম্যাচ কম খেলে ১০০ উইকেটের দ্রুততম রেকর্ড আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানের।

লেগ স্পিনার ভুর্তেলকে পর পর ২ বলে মিড উইকেট দিয়ে ছক্কা, চার মেরে রিশাদ দেখিয়েছিলেন দলকে চরম বিপর্যস্ত পরিস্থিতি থেকে টেনে তুলতে চেয়েছিলেন। তবে ১৮তম ওভারে দিপেন্দ্র সিং আইরির বলে লং অফ দিয়ে ছক্কা মারতে যেয়ে দিয়েছেন ক্যাচ (৭ বলে ১৩)। স্মৃতিময় ভেন্যুতে শ্লো উইকেটের ফাঁদে নেপালের বিপক্ষে ১০৬/১০ স্কোরে বলার মতো একটিও পার্টনারশিপ নেই। ৫ম উইকেট জুটিতে সাকিব-মাহমুদউল্লাহর ২০ বলে ২২-ই সর্বোচ্চ পার্টনারশিপ।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers