মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা কাটছে না শান্ত’র

শামীম চৌধুরী, সেন্ট ভিনসেন্ট থেকে ১৮ জুন , ২০২৪, ০৭:০০:৩৬

  • সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত। ছবি-ইন্টারনেট

টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে এই প্রথম সর্বাধিক ৩টি ম্যাচ জিতেছে বাংলাদেশ।  ‘ডি’ গ্রুপে রানার্স আপ হয়ে বাংলাদেশ উঠেছে সুপার এইটে।

গ্রুপ রাউন্ডে বাংলাদেশের তিন পেসার মোস্তাফিজ, তাসকিন, তানজিম হাসান সাকিব এবং লেগ স্পিনার রিশাদের বোলিং ধারাবাহিকতায় সুপার এইটের টিকিট পেয়েছে।

তবে গ্রুপ রাউন্ডের চার ম্যাচে বাংলাদেশের ব্যাটিং করেছে হতাশ। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমে ব্যাট করে সেন্ট ভিনসেন্টে ১৫৯/৫ স্কোর ছাড়া বলার মতো ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ দল।

আইসিসির সহযোগী সদস্য দেশ নেপালের বিপক্ষে প্রথমে ব্যাট করে ১০৬ রানে অল আউট হতে হয়েছে। নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকার ছুঁড়ে দেয়া ১১৪ রানের চ্যালেঞ্জ পাড়ি দিতে এসে বাংলাদেশ হেরেছে ৪ রানে। শ্রীলঙ্কার দেয়া ১২৫ রানের চ্যালেঞ্জে জিততে বাংলাদেশ দলকে খেলতে হয়েছে ১৯ ওভার পর্যন্ত।

সুপার এইটে বাংলাদেশের তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত এবং আফগানিস্তান। সুপার এইটে এই তিন প্রতিপক্ষের মধ্যে দুটি টি-টোয়েন্টির পরাশক্তি। অন্যটি বাংলােদেশের সমকক্ষ।

গ্রুপ রাউন্ডে প্রথমে ব্যাট করে বড় স্কোর করেছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান। প্রথমে ব্যাট করে ইংল্যান্ডের বিপক্ষে ২০১/৭ স্কোর করেছে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরে এটাই সর্বোচ্চ স্কোর। ওমানের বিপক্ষে ১৬৪/৫ স্কোর করেছে অস্ট্রেলিয়া।

স্কটল্যান্ডের ১৮৬ রানের চ্যালেঞ্জ ২ বল হাতে রেখে পাড়ি দিয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের আর এক প্রতিপক্ষ আফগানিস্তানের ব্যাটাররাও আছেন ফর্মে। প্রথমে ব্যাট করে উগান্ডার বিপক্ষে১৮৩/৫ এবং নিউ জিল্যান্ডের বিপক্ষে ১৫৯/৬ স্কোর করেছে আফগানিস্তান। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরে বাংলাদেশ ব্যাটারদের মধ্যে শুধু সাকিব করতে পেরেছেন একটি ফিফটি। নেদারল্যান্ডসের বিপক্ষে তার ৬৪ রানের ইনিংসটি সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাটারদের মধ্যে রান সংগ্রহে (৯২) সবার উপরে সাকিব। তার গড় ৩০.৬৬ বাংলাদেশ ব্যাটারদের মধ্যে সর্বেোচ্চ। ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে মাহমুদউল্লাহ'র এই বিশ্বকাপে ব্যাটিং গড় ২৪.৬৬ বাংলাদেশ ব্যাটারদের মধ্যে সাকিবের পরে। ইনফর্ম হৃদয় সেখানে ২৩.৭৫ গড়ে করেছেন ৯৫ রান। 

তিন টপ অর্ডার লিটন, তানজিদ তামীম এবং শান্ত চরম অফ ফর্মে। গ্রুপ রাউন্ডে অধিনায়ক শান্ত ৪ ইনিংসে ৬.০০ গড়ে করেছেন ২৬ রান। তানজিদ হাসান তামিম ১১.৭৫ গড়ে ৪৭, লিটন ১৪.০০ গড়ে করেছেন ৫৬ রান। 

গ্রুপ রাউন্ডের বাধা পেরিয়ে সুপার এইটে উঠলেও ব্যাটিং দুশ্চিন্তা কাটছে না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’র-

 ‘অবশ্যই চিন্তার কারণ। এভাবে ব্যাটিং করলে মনে হয় না সেটা দলের জন্য ভালো কোনো দিক। আমরা শুরুটাও পাচ্ছি না, শেষে ব্যাটসম্যানেরাও শেষ করতে পারছে না। তাই অবশ্যই চিন্তার কারণ। কিন্তু এখান থেকে আমাদের বের হয়ে আসতেই হবে এবং কীভাবে বের হতে হবে, সেটা নিয়ে অনেক পরিকল্পনা সব সময়ই হয়। কিন্তু এই ভুল বারবারই হচ্ছে। যেটা আমি বলতে পারি, পরের রাউন্ডে এই ভুলগুলো যত কম করা যায়।’

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে শান্তর চার ইনিংস যথাক্রমে ৭, ১৪, ১ ও ৪। সর্বসাকূল্যে করেছেন মাত্র ২৬ রান। অধিনায়ক হয়ে দলকে ব্যাটিংয়ে নেতৃত্ব দিতে পারছেন না। তা নিয়ে চিন্তিত শান্ত- ‘অবশ্যই চিন্তার কারণ (নিজের ব্যাটিং)। এভাবে ব্যাটিং করলে মনে হয় না দলের জন্য ভালো কোনো দিক। ভালো শুরু পাওয়া গুরুত্বপূর্ণ, আমরা ভালো শুরু পাচ্ছি না। ব্যাটাররা ওই রকমভাবে শেষও করতে পারছে না। অবশ্যই চিন্তার কারণ। এখান থেকে আমাদেকেই বেরিয়ে আসতে হবে। কীভাবে বেরুতে হবে, তা নিয়ে অনেক পরিকল্পনা সব সময়ই হয়, কিন্তু এই ভুল বারবারই হচ্ছে। আশা করব পরের রাউন্ডে এসব ভুল যত কম করা যায়।’

সুপার এইটে ব্যাটিংয়ে হতাশা কাটিয়ে উঠবে বাংলাদেশ দল, এমনটাই বিশ্বাস শান্ত’র-‘এই পর্বে যেভাবে খেলেছি, তাতে খুশি। আশা করি, আমাদের বোলিং পারফরম্যান্সটা ধরে রাখতে পারব। আশা করি, আমাদের ব্যাটিং পারফরম্যান্স পরের পর্বে ভালো হবে।’

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers