মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

আচরণবিধি ভাঙায় তানজিমকে জরিমানা

ক্রীড়া ডেস্ক ১৯ জুন , ২০২৪, ১০:২৮:৩১

  • ছবি: ইন্টারনেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে গত রোববার কিংসটাউনে  নেপাল অধিনায়ক রোহিত পৌড়েলের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েছিলেন তানজিম হাসান সাকিব। এতে আইসিসি আচরণবিধির লেভেল ১ ধারা ভঙ্গ করায় তানজিমকে ম্যাচ ফির ১৫ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে।

রোহিত পৌড়েলের সঙ্গে তানজিমের উত্তপ্ত বাক্যবিনিময় হয় নেপালের ইনিংসে তৃতীয় ওভারে। আইসিসির প্রেস রিলিজে বলা হয়েছে, তানজিম বল করার পর ‘নেপাল অধিনায়ক রোহিত পৌড়েলের দিকে আক্রমণাত্মকভাবে এগিয়ে যান এবং অযাচিত শারীরিক ভঙ্গি করেন’। এ সময় দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়। আম্পায়ার স্যাম নোগাসকির হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তিনি আলাদা করেন দুজনকে। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনের সঙ্গেও এ সময় কথা বলেন আম্পায়ার।

খেলোয়াড় এবং খেলোয়াড়দের সাপোর্ট স্টাফদের জন্য আইসিসি আচরণবিধির ২.১২ ধারা ভেঙেছেন তানজিম, যেখানে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক ম্যাচে খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি কিংবা অন্য কারও (দর্শকও) প্রতি অযাচিত শারীরিক ভঙ্গি’ দেখালে তিনি দোষী সাব্যস্ত হবেন।

এর পাশাপাশি তানজিমের ডিসিপ্লিনারি রেকর্ডে ১টি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে। গত ২৪ মাসের ব্যবধানে এমন ঘটনা প্রথম ঘটালেন তানজিম। একজন খেলোয়াড় যখন ২৪ মাসের ব্যবধানে ন্যূনতম ৪টি ডিমেরিট পয়েন্ট পান, তখন সেটি সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয় এবং খেলোয়াড়টি নিষিদ্ধ হন।

তানজিম শাস্তি মেনে নেওয়ায় ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন মনে করেননি। নেপাল অধিনায়ক রোহিত অবশ্য ম্যাচ শেষে জানিয়েছিলেন, দুজনের মধ্যে তেমন কিছুই হয়নি।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers