মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

এন্টিগাতেই কী আর একটি মাইলস্টোন সাকিবের

শামীম চৌধুরী ২০ জুন , ২০২৪, ০৬:২১:১২

  • এন্টিগায় অনুশীলনে ফূরফুরে সাকিব। ছবি-বিসিবি

সেন্ট জোন্স রিক্রেয়শন গ্র্যাউন্ড থেকে স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামের দূরত্ব খুব বেশি নয়। মাত্র ৭.২ কিলোমিটার। ছোট্ট দ্বীপরাষ্ট্র এন্টিগার এই দুটি স্টেডিয়ামে পা রাখলেই দুই ক্যারিবিয়ান লিজেন্ডারি ব্রায়ান লারা এবং স্যার ভিভ রিচার্ডসকে স্মরণ করবে যে কেউ।

একটি এন্টিগার সর্বকালের সেরা ক্রিকেটার স্যার ভিভ রিচার্ডসের নামে নির্মিত স্টেডিয়াম। অন্যটি টেস্টে লারার বিশ্বরেকর্ড ইনিংসের স্বাক্ষী স্টেডিয়াম। 

 টেস্টে ৪০০ রানের ম্যাজ্যিক ইনিংসটি ব্রায়ান লারা উপহার দিয়েছেন সেন্ট জোন্স রিক্রেয়েশন গ্র্যাউন্ডে ২০ বছর আগে।  অস্ট্রেলিয়ার বিপক্ষে লারার সেই রেকর্ড টেস্ট ইনিংস আজও স্পর্শ করতে পারেনি কেউ।

ত্রিনিদাদের ছেলে হয়েও ৩০ বছর আগে এই ভেন্যুতে ইংল্যান্ডের বিপক্ষে ৩৭৫ রানের মহাকাব্যিক ইনিংসও আছে ক্যারিবিয়ান ক্রিকেটের বরপুত্র ব্রায়ান চার্লস লারার। এই ভেন্যুতে বাংলাদেশের প্রাণ সাকিবেরও একটি কৃতি আছে।

সাকিবের ওডিআই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি এই ভেন্যুতে। ২০০৭ সালে কানাডার বিপক্ষে ১৩৪ রানের হার না মানা ইনিংসটি এখনো তার প্রিয় ফরম্যাট ওডিআই-এ সেরা।

ক্যারিবিয়ান লিজেন্ডারি, ১৯৭৫ও ১৯৭৯ বিশ্বকাপ জয়ী দলের প্রতিনিধি ডেসমন্ড হেইন্স অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৭৮ সালে করেছেন ১৪৮, সেই ইনিংসের পরেই রাখতে হচ্ছে সাকিবের ইনিংসকে। 

২০০৯ সালের পর লারা-সাকিবের কৃতিগাঁথা ভেন্যু সেন্ট জোন্স রিক্রেয়েশন গ্র্যাউন্ড হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে নির্বাসিত। ক্যারিবিয়ান লিজেন্ডাারি স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামটি ২০০৭ সাল থেকে এন্টিগার প্রধান আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু। 

সেন্ট জোন্স রিক্রেয়েশন গ্র্যাউন্ডে স্মরণীয় স্মৃতি ফেলে আসা সাকিব ১২ মিনিট ড্রাইভিংয়ের পথ পেরিয়ে স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশের সব কটি ম্যাচই খেলেছেন। এই ভেন্যুতে বাংলাদেশের ২টি টেস্ট এবং ২টি ওয়ানডেতে করেছেন প্রতিনিধিত্ব। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের এই আসরে সাকিব এসেছিলেন ৩টি মাইলস্টোনকে সামনে রেখে। টি-টোয়েন্টি ক্রিকেটে আড়াই হাজার রান, ১৫০টি উইকেটের পাশে টি-টোয়েন্টি বিশ্বকাপে সবার আগে উইকেটের হাফ সেঞ্চুরি পূর্ণ করার লক্ষ্য নিয়ে এসেছেন তিনি।

ডালাস এবং নিউইয়র্কে সাকিবের ব্যাট-বল কথা বলেনি। স্মৃতিময় সেন্ট ভিনসেন্টে এসে ফিরে পেয়েছেন ছন্দ। নেদারল্যান্ডসের বিপক্ষে ৬৪ রানের হার না মানা ইনিংসে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে আড়াই হাজার রানের ক্লাবের সদস্যপদ পেয়েছেন।

প্রথম তিন ম্যাচে উইকেটহীন সাকিব নেপালের বিপক্ষে ২ বলের শেষ স্পেলে ২ উইকেট শিকার করে দুটি মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে। আর একটি উইকেট পেলে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে উইকেটের হাফ সেঞ্চুরি পূর্ণ করবেন। ২ টি উইকেট পেলে নিউ জিল্যান্ড পেসার টিম সাউদির পর দ্বিতীয় বোলার হিসেবে দেড়শ উইকেট পূর্ণ হবে সাকিবের। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে প্রত্যাশিত পারফর্ম করতে না পারায় অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ৫-এ নেমে গিয়েছিলেন সাকিব। গ্রুপ রাউন্ডের শেষ দুই ম্যাচে পারফর্ম করে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ৩ নম্বরে উঠে এসেছেন তিনি।

বাংলাদেশের তারকা অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ২১৮। ১৭ বছর আগে সেন্ট জোন্সের সুখস্মৃতি থেকে টনিক নিয়ে সুপার এইটে  অস্ট্রেলিয়ার বিপক্ষে কী অবশিষ্ট ২টি মাইলস্টোন ছুঁবেন সাকিব ? এন্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে এমন কীর্তি দেখার অপেক্ষায় এখন সাকিব ভক্তরা উদগ্রীব।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers