মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

সুপার এইটে স্বাধীনতা নিয়ে খেলবে বাংলাদেশ দল : হাতুরুসিংহে

শামীম চৌধুরী ২০ জুন , ২০২৪, ২০:৪৫:৩৪

  • এন্টিগায় অনুশীলনে অধিনায়ক শান্ত-কে কিছু একটা বলছেন কোচ হাতুরুসিংহে। ছবি-বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বড় কোনো প্রত্যাশার কথা শোনাতে পারেননি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পরিস্থিতির বাস্তবতায় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর কাছে সুপার এইটে ওঠাই ছিল বড় চ্যালেঞ্জ।

যুক্তরাষ্ট্রের মাটিতে প্রাক টি-টোয়েন্টি বিশ্বকাপ সিরিজে র‍্যাঙ্কিংয়ে ১০ ধাপ নীচে থাকা স্বাগতিক দলের কাছে টি-টোয়েন্টি সিরিজ ২-১ এ হেরে যাওয়ায় গ্রুপ রাউন্ডের হার্ডল পেরুনো নিয়েই ছিল শঙ্কা।

সেই শঙ্কা কাটিয়ে 'ডি' গ্রুপে রানার্স আপ হয়ে সুপার এইটে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিষেক আসরের ১৭ বছর পর সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে বৈশ্বিক আসরে সেরা ৮-এ বাংলাদেশ।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনে বাংলাদেশ দল বেশ কিছু রেকর্ডও করেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে একক কোনো আসরে দুই-এর অধিক জয় ছিল না বাংলাদেশের। এবার গ্রুপ রাউন্ডে ৩ জয়ে নতুন রেকর্ড করেছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে জয় থাকলে ইতোপূর্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিল না কোনো জয়।

এবার ডালাসে শ্বাসরুদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে সেই রেকর্ড করেছে শান্ত'র নেতৃত্বাধীন বাংলাদেশ দল। সুপার এইটে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি জয়ী দল অস্ট্রেলিয়া। ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে ১০টি মুখোমুখি লড়াইয়ে ৪টি-তে জয়ের রেকর্ড থাকলেও নেই টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো জয়।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের সব ক;টিতেই হারের অতীত আছে বাংলাদেশের। এবার কী সেই অতীত পেছনে ফেলে প্রথম জয়ে নতুন ইতিহাস রচনা করবে বাংলাদেশ দল ? 

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট কিংবা সুপার টেন-এ অতীতে কোনো জয় নেই বাংলাদেশের। সে কারনেই ক্রিকেটারদের উপর বাড়তি কোনো প্রত্যাশার চাপ দিচ্ছেন না কোচ। সুপার এইটে যে কোনো প্রাপ্তি হবে বাংলাদেশ দলের জন্য বোনাস। এন্টিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে অবতীর্ন হওয়ার আগে সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন বাংলাদেশ দলের হেড কোচ হাতুরুসিংহে—‘সুপার এইটে ওঠা ছিল এই টুর্নামেন্টে আমাদের প্রথম লক্ষ্য। আমরা সেটা অর্জন করতে পেরেছি। আমরা  কন্ডিশনকে নিজেদের পক্ষে ব্যবহারও করতে পেরেছি। সুপার এইটে আসতে পেরে আমরা খুবই খুশি। এখান থেকে যেকোনো প্রাপ্তিই হবে বোনাস।’

সুপার এইটে বাংলাদেশ গ্রুপে তিন প্রতিপক্ষের ২টি ভারত-অস্ট্রেলিয়া সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। এই বাঘা বাঘা প্রতিপক্ষদের কঠিন চ্যালেঞ্জে ফেলে দেয়ার টার্গেট নিয়ে সুপার এইটে নামবে বাংলাদেশ দল।

সুপার এইটে বাংলাদেশ দল পূর্ণ স্বাধীনতা নিয়ে খেলবে। এমন হুংকার দিয়েছেন হাতুরুসিংহে—‘আমরা বেশ স্বাধীনতা নিয়েই খেলব। তিনটি দলকেই আমরা যতটা সম্ভব চ্যালেঞ্জ ছুড়ে দেব।’

উপভোগের মন্ত্রে সুপার এইটে খেলবে বাংলাদেশ দল। এ বার্তাটা দিয়েছেন বাংলাদেশ দলের হেড কোচ—‘ চাইব ছেলেরা উপভোগ করুক মাঠে, তা যত বড় ম্যাচই হোক। সবার নির্দিষ্ট দায়িত্ব আছে দলে। তা পালন করার স্বাধীনতা তাদেরকে দেয়া হয়েছে।’

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল যে তিনটি ভেন্যুতে খেলেছে. তার মধ্যে সেন্ট লুসিয়ায় নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচ ছাড়া অবশিষ্ট তিনটি ম্যাচেই পিচ ব্যাটারদের স্বাভাবিক ব্যাটিং করেছে বাধাগ্রস্থ। পিচের চরিত্র বোঝাও কঠিন হয়ে পড়ছে। এটাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বাংলাদেশ দলের হেড কোচ —‘ অন্য সব দলের মতো আমাদের পরিকল্পনাও অভিন্ন ।অন্য সব দলের মতোই, ব্যাটিং কিংবা বোলিংয়ে আমরা শক্তিশালী শুরু করতে চাই। অবশ্য অনেক জায়গাতেই ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং হয়ে উঠছে পিচ। পিচের চরিত্র বোঝা বেশ কঠিন হয়ে পড়েছে।’

এন্টিগায় এসে প্রথম দিন অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দল। বৃষ্টিতে অনুশীলন বাতিল করতে হয়েছে বাংলাদেশ দলকে। রাতে ফ্লাড লাইটের আলোয় শুধু ফিল্ডিং প্র্যাকটিস করতে পেরেছে বাংলাদেশ দল। সুপার এইটে প্রথম ম্যাচে অবতীর্ন হওয়ার আগের দিন ম্যাচ ভেন্যু স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে অনুশীলন করতে পারেনি ওই ভেন্যুতে দক্ষিণ আফ্রিকা-যুক্তরাষ্ট্রের ম্যাচ থাকায়।

অচেনা, অদেখা পিচটা যতোটা চ্যালেঞ্জিং হোক না কেনো, ভালো খেলতে চায় বাংলাদেশ। এ বার্তাটাই দিয়েছেন হাতুরুসিংহে—‘ না, এখনো (উইকেট) দেখিনি। রাতে (পরশু) ফ্লাড লাইটে ফিল্ডিং অনুশীলন করতে আমরা মাঠে গিয়েছিলাম। কিন্তু তখন উইকেট কাভারে ঢাকা ছিল। আমরা কিছু তথ্য পেয়েছি। ম্যাচের আগেই আমরা উইকেট দেখতে পারব। উইকেট যেমনই হোক, আমাদের সেখানে ভালো খেলতে হবে।’

একদিন আগে এন্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৯৪/৪ স্কোর করেছে দক্ষিণ আফ্রিকা। তার জবাব দিয়ে যুক্তরাষ্ট্র ইনিংস টেনে নিতে পেরেছে ১৭৬/৬ পর্যন্ত। তাহলে তো এন্টিগায় ব্যাটারদের ব্যাট চওড়া হওয়ারই আভাস দিচ্ছে। সে কারনেই উপভোগের মন্ত্রে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নির্দেশনা দিয়েছেন হেড কোচ শিষ্যদের।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers