মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

অস্ট্রেলিয়ার কাছে হেরেও সেমির আশা ছাড়ছে না বাংলাদেশ

শামীম চৌধুরী ২১ জুন , ২০২৪, ২১:২০:৫৬

  • অস্ট্রেলিয়ার কাছে হারের পর সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত। ছবি-আইসিসি

সুপার এইটে সুপার পাওয়াররা উঠেছে জেগে। বড় ব্যবধানে হারাচ্ছে প্রতিপক্ষদেরকে। সুপার এইট শুরু করেছে ভারত বড় ব্যবধানে জিতে।

বারবাডোজে আফগানিস্তানকে ৪৭ রানে হারিয়ে এন্টিগায় আগামীকাল বাংলাদেশের মুখোমুখি হবে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের ফেভারিট ভারত।

সেখানে বৃষ্টি আইনে অস্ট্রেলিয়ার কাছে ২৮ রানে হেরে সুপার ফেভারিট ভারতের মুখোমুখি বাংলাদেশ দল। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশকে জিততে হবে। 

এন্টিগায় আগামীকাল বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় প্রতিবেশী ভারতের বিপক্ষে খেলার আগে দুদলের নেট রান রেটের হিসাব এসেছে সামনে। সুপার এইটে প্রথম ম্যাচ হেরে বাংলাদেশের নেট রানরেট এখন-২.৪৭১ । সেখানে সুপার এইটের প্রথম ম্যাচ বড় ব্যবধানে জিতে ভারতের নেট রান রেপ ‍+ ২.৩৫। 

সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারের পরও সেমির স্বপ্ন এখনও দেখছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের রেকর্ড ভাল নয়। ১৩ ম্যাচের মধ্যে বাংলাদেশের একমাত্র জয়টি অর্জিত হয়েছে ২০১৯ সালে, দিল্লীতে। তবে অবশিষ্ট ১২টি হারের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুটি ক্লোজ ম্যাচ আছে। ২০১৬ সালে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বেঙ্গালুরুতে ৩ বলে ২ রানের সহজ হিসাব মেলাতে পারেনি বাংলাদেশ। শেষ বল থ্রিলারে হেরে গেছে বাংলাদেশ ১ রানে।

২০২২ সালে এডিলেডে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে কোহলির ফেক ফিল্ডিং ম্যাচ অফিসিয়ালদের চোখে পড়েনি, কাটা পড়েনি ভারতের ৫ রান। ওই ম্যাচে ৫ রানে হারের আক্ষেপটা এখনও ভোগাচ্ছে বাংলাদেশ  দলকে।

চেনা প্রতিপক্ষ আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়-পরাজয়ের রেকর্ড কাছাকাছি। ৫টি জয়ের বিপরীতে হার ৬টি। এন্টিগায় অস্ট্রেলিয়ার কাছে হারের পর দুই চেনা প্রতিপক্ষের বিপক্ষে জয়ের ছক আঁকছে বাংলাদেশ দল।

সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন বাংলাদেশ দলের অধিনায়ক–‘ অবশ্যই এই দুটি ম্যাচ গুরুত্বপূর্ণ। দুটি ম্যাচ যদি জিততে পারি, তাহলে অবশ্যই আমরা ভালো অবস্থানে যেতে পারব। দলের কাছে আমার চাওয়া, সবাই যেন স্বাধীনভাবে খেলে।’

সুপার এইটে বৃষ্টি পিছু নিয়েছে। এই বিষয়টাও মাথায় রাখতে হচ্ছে বাংলাদেশ দলকে। বৃষ্টিতে সমীকরণ বদলে যেতে পারে। তাই বাংলাদেশের সেমিফাইনালের সম্ভাবনাটাও এখনও দেখছেন তাসকিন– ‘ এখনো আশা ছাড়ছি না। যদি দুই ম্যাচের দুটিই যদি জিততে পারি, তাহলে সেমিফাইনাল খেলার একটা সুযোগ থাকবে। এমনকি পরের ম্যাচে যদি বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি হয়, তাহলে শেষ ম্যাচ জিতলে একটা সুযোগ থাকবে। তাই ব্যাটিং-বোলিং,  দুই বিভাগেই এক্সট্রা অর্ডিনারি কিছু করতেই হবে। কারণ, পরের ম্যাচ হেরে গেলে আমাদের সেমিফাইনালের আর আশা থাকবে না।’

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers