মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

ইংল্যান্ডকে হারিয়ে সেমির পথে দক্ষিণ আফ্রিকা

শামীম চৌধুরী ২২ জুন , ২০২৪, ০১:০০:৫৪

  • লিভিংস্টোনকে আউট করে রাবাদার উৎল্লাস। ছবি-ক্রিকইনফো

দক্ষিণ আফ্রিকা : ১৬৩/৬ (২০.০ ওভারে)

ইংল্যান্ড : ১৫৬/৬ (২০.০ ওভারে)

ফল : দক্ষিণ আফ্রিকা ৭ রানে জয়ী।

প্লেয়ার অব দ্য ম্যাচ : ডি কক (দক্ষিণ আফ্রিকা)।

যে জিতবে, ১ ম্যাচ হাতে রেখে সেমিফাইনালের দরজায় কড়া নাড়বে সে। সেন্ট লুসিয়ায় এমন এমনটা সমীকরণের ম্যাচে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে সেমির পথে এক পা দিয়েছে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার ১৬৩/৬ স্কোরের জবাব দিতে এসে শুরুটা ভাল করতে পারেনি ইংল্যান্ড। ব্যাটিং পাওয়ার প্লে-তে ৪১/১ স্কোরে চাপটা পড়েছিল ইংল্যান্ড মিডল অর্ডারদের উপর। এক পর্যায়ে ইংল্যান্ডের স্কোর ছিল ৬১/৪।

সেখান থেকে ৫ম উইকেট জুটিতে হ্যারি ব্রুক-লিয়াম লিভিংস্টোনের ৪২ বলে ৭৮ রানে জয়ের সম্ভাবনা উঁকি দিয়েছিল ইংল্যান্ডের। তবে ১৮তম ওভারে রাবাদার দ্বিতীয় বলে লিভিংস্টোন ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ক্যাচ দিলে (১৭ বলে ৩ চার, ২ ছক্কায় ৩৩) ইংল্যান্ডের হাত থেকে ছুটে যায় ম্যাচটি।

শেষ ওভারে ১৪ রানের টার্গটে নরকিয়ের প্রথম বলে হ্যারি ব্রুক মিড অফে ক্যাচ দিলে (৩৭ বলে ৭ বাউন্ডারিতে ৫৩) হার মানতে বাধ্য হয় ইংল্যান্ড।    

সর্বশেষ ৫০ ওভারের বিশ্বকাপে কী দুর্দান্ত পারফর্মই না করেছেন ডি কক। বিশ্বকাপের ওই আসরে ৪ সেঞ্চুরিতে আলো ছড়িয়েছেন দক্ষিণ আফ্রিকার এই টপ অর্ডার। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ রাউন্ডে কথা বলেনি তার ব্যাট।

তবে সুপার এইটে এসেই ছড়াচ্ছেন তিনি দ্যুতি। এন্টিগায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে সুপার এইটে প্রথম ম্যাচে ৭৪ রানের পর শুক্রবার সেন্ট লুসিয়ায় ইংল্যান্ডের বিপক্ষে করেছেন ৬৫।

চলমান আসরে দ্রুততম ফিফটি (২২ বলে) করেছেন এদিন তিনি। ডি কক-এর টানা দ্বিতীয় ফিফটিতে (২৮ বলে ৪ চার, ৪ ছক্কায় ৬৫) ভর করে ইংল্যান্ডের বিপক্ষে ১৬৩/৬করেছে দক্ষিণ আফ্রিকা।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে ব্যাটিং পাওয়ার প্লে-তে দক্ষিণ আফ্রিকা ব্যাটারদের আঁতকে দিতে পারেনি ইংল্যান্ড বোলাররা। ব্যাটিং পাওয়ার প্লে-তে ডি কক ঝড়ে দক্ষিণ আফ্রিকার স্কোর ৬৩/০। ইনিংসের দ্বিতীয় ওভারে মঈন আলীকে পর পর দুই বলে চার, ছক্কায় ব্যাটটা চওড়া করেছেন ডি কক।

৪র্থ ওভারে আরচ্যারকে মেরেছেন টানা ৩ বলে ৬,৬,৪। এই আরচ্যারের বলে বাটলারের উড়ন্ত ক্যাচে পরিণত হয়েছেন ডি কক। হাফ সেঞ্চুরির ইনিংসের পথে টি-টোয়েন্টি ক্রিকেটে আড়াই হাজারী ক্লাবের সদস্যপদ পেয়েছেন ডি কক। হেনরিকসকে নিয়ে ৫৯ বলে ৮৬ রানের ওপেনিং পার্টনারশিপে দিয়েছেন ডি কক নেতৃত্ব। তবে ডি কক-এর এই ইনিংসটি উদ্বুদ্ধ করেনি টিমমেটদের।

শেষ পাওয়ার প্লে-কে কাজে লাগাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। বাটলারের অবিশ্বাস্য ফিল্ডিং এবং ডেথ ওভারে আরচ্যারের স্পেলে (২-০-১২-১) প্রত্যাশিত স্কোর হয়নি দক্ষিণ আফ্রিকার। ইংল্যান্ড লেগ স্পিনার আদিল রশিদ এই ম্যাচেও প্রতিপক্ষের উপর ছড়িয়েছেন আতঙ্ক (৪-০-২০-১)। অফ স্পিনার মঈন আলী দিয়েছেন প্রথম ব্রেক থ্রু। হেনরিকসকে  (২৫ বলে ১৯) মিড অনে ক্যাচ দিতে বাধ্য করেছেন। 

সেন্ট লুসিয়ায় ইংল্যান্ডের বিপক্ষে মিতব্যয়ী বোলিং করেছেন দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি স্পিনার কেশব মহারাজ (৪-০-২৫-২)।  পেস বোলার রাবাদা দলের প্রয়োজন মিটিয়েছেন (২/৩২)। এই জুটির কল্যানে সুপার এইটে টানা দ্বিতীয় জয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ এখন ২ ম্যাচে ৪ পয়েন্ট। ইংল্যান্ডের সেখানে ২ পয়েন্ট। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers