বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

সেমির কক্ষপথে থাকতে স্বাধীনভাবে খেলতে চায় বাংলাদেশ

শামীম চৌধুরী ২২ জুন , ২০২৪, ১৯:০৮:৪০

  • দুই দলের দুই অধিনায়ক শান্ত-রোহিত। গত ১ জুন ওয়ার্ম আপ ম্যাচে টসে'র পর। -ইন্টারনেট

ক্রিকেটের বৈশ্বিক আসরে বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই উত্তেজনা, স্নায়ুচাপের ম্যাচ। শুরুটা ২০০৭ সালে ত্রিনিদাদে ভারতের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় দিয়ে।

২০১৫ বিশ্বকাপে মেলবোর্নে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ অফিসিয়ালদের অবিচার এখনো ভোলেননি বাংলাদেশ সমর্থকরা।

২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে বেঙ্গালুরুতে সুপার টেন-এ বাংলাদেশের ১ রানে হারের ট্র্যাজেডি, ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ভারতের ৫ রানে জয়ে বিতর্ক, এন্টিগায় সুপার এইটে বাংলাদেশ-ভারত ম্যাচকে সামনে রেখে উঠে এসেছে এসব অতীত।   

সুপার এইটে সুপার পাওয়াররা উঠেছে জেগে। বড় ব্যবধানে হারাচ্ছে প্রতিপক্ষদেরকে। সুপার এইট শুরু করেছে ভারত বড় ব্যবধানে জিতে।

বারবাডোজে আফগানিস্তানকে ৪৭ রানে হারিয়ে এন্টিগায় আগামীকাল বাংলাদেশের মুখোমুখি হবে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের ফেভারিট ভারত।

সেখানে বৃষ্টি আইনে অস্ট্রেলিয়ার কাছে ২৮ রানে হেরে সুপার ফেভারিট ভারতের মুখোমুখি বাংলাদেশ দল। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশকে জিততে হবে। 

এন্টিগায় আগামীকাল বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় প্রতিবেশী ভারতের বিপক্ষে খেলার আগে দুদলের নেট রান রেটের হিসাব এসেছে সামনে। সুপার এইটে প্রথম ম্যাচ হেরে বাংলাদেশের নেট রানরেট এখন-২.৪৭১ । সেখানে সুপার এইটের প্রথম ম্যাচ বড় ব্যবধানে জিতে ভারতের নেট রান রেপ ‍+ ২.৩৫। 

সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারের পরও সেমির স্বপ্ন এখনও দেখছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এন্টিগার সেন্ট জোন্স স্টেডিয়ামে বাংলাদেশের জয়ের রেকর্ড থাকলেও স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে কোনো ফরম্যাটের ক্রিকেটে নেই বাংলাদেশের জয়ের রেকর্ড। এই অতীত মুছে ফেলার লক্ষ্যটাও আছে বাংলাদেশ দলের। 

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের রেকর্ড ভাল নয়। ১৩ ম্যাচের মধ্যে বাংলাদেশের একমাত্র জয়টি অর্জিত হয়েছে ২০১৯ সালে, দিল্লীতে। তবে অবশিষ্ট ১২টি হারের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুটি ক্লোজ ম্যাচ আছে। ২০১৬ সালে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বেঙ্গালুরুতে ৩ বলে ২ রানের সহজ হিসাব মেলাতে পারেনি বাংলাদেশ। শেষ বল থ্রিলারে হেরে গেছে বাংলাদেশ ১ রানে।

২০২২ সালে এডিলেডে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে কোহলির ফেক ফিল্ডিং ম্যাচ অফিসিয়ালদের চোখে পড়েনি, কাটা পড়েনি ভারতের ৫ রান। ওই ম্যাচে ৫ রানে হারের আক্ষেপটা এখনও ভোগাচ্ছে বাংলাদেশ  দলকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমির সম্ভাবনা টিকিয়ে রাখতে তাই আজকের ম্যাচে স্বাধীনভাবে খেলার প্রত্যয় বাংলাদেশ দলের।

এমনটাই বলেছেন বাংলাদেশ দলের অধিনায়ক–‘ অবশ্যই এই দুটি ম্যাচ গুরুত্বপূর্ণ। দুটি ম্যাচ যদি জিততে পারি, তাহলে অবশ্যই আমরা ভালো অবস্থানে যেতে পারব। দলের কাছে আমার চাওয়া, সবাই যেন স্বাধীনভাবে খেলে।’

বাংলাদেশের বিপক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বাংলাদেশকে নিয়ে সতর্ক। চলমান আসরে অপরাজিত ভারত যখন বাংলাদেশের মুখোমুখি তখন এন্টিগার কন্ডিশন এবং উইকেটকে বাংলাদেশের সহায়ক বলে মনে করছেন তিনি।

বাংলাদেশের স্পিনকেও সমীহ করছেন তিনি – ‘তারা দারুণ ইউনিট। তাদের অনেক ক্রিকেটার যারা স্পিন ভালো করে। এই কন্ডিশনে তারা বেশ ভালো।  এমন কন্ডিশন তাদের কিছুটা উপকার করবে। আমার ধারণা, উইকেট স্পিনারদের সাহায্য করবে।’ 

আজকের ম্যাচেও আছে বৃষ্টির শঙ্কা। এন্টিগা স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা বাংলাদেশ-ভারত ম্যাচ। এন্টিগায় স্থানীয় সময় ১০টা থেকে ১১টার মধ্যে বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। 

এই বিষয়টাও মাথায় রাখতে হচ্ছে বাংলাদেশ দলকে। বৃষ্টিতে সমীকরণ বদলে যেতে পারে। তাই বাংলাদেশের সেমিফাইনালের সম্ভাবনাটাও এখনও দেখছেন তাসকিন–‘এখনো আশা ছাড়ছি না। যদি দুই ম্যাচের দুটিই যদি জিততে পারি, তাহলে সেমিফাইনাল খেলার একটা সুযোগ থাকবে। এমনকি পরের ম্যাচে যদি বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি হয়, তাহলে শেষ ম্যাচ জিতলে একটা সুযোগ থাকবে। তাই ব্যাটিং-বোলিং,  দুই বিভাগেই এক্সট্রা অর্ডিনারি কিছু করতেই হবে। কারণ, পরের ম্যাচ হেরে গেলে আমাদের সেমিফাইনালের আর আশা থাকবে না।’

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে সাকিবকে চেনারূপে যাচ্ছে না দেখা। নেপালের বিপক্ষে ২ বলের শেষ স্পেলে ২ উইকেট পেয়েছেন শুধু। ভারতের বিপক্ষে অবশ্য তার রেকর্ডটা দারুণ। সে কারণেই আজ এন্টিগায় সাকিবের সামনে হাতছানি দিচ্ছে ২টি মাইলফলক। ১ উইকেট পেলে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে উইকেটের হাফ সেঞ্চুরি পূর্ণ করবেন সাকিব। ২ উইকেট পেলে দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দেড়শ উইকেট পূর্ণ হবে তার।  

ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ একাদশে পরিবর্তনের সম্ভাবনা আছে। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অফ ফর্ম কাটছে না লিটনের। সর্বশেষ ম্যাচে  অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৫ বলে ১৬ রানের ইনিংস নিয়ে হয়েছে বিস্তর সমালোচনা। একাদশ থেকে বাদ পড়ার কথা তাই লিটনের। তবে ভারতের বিপক্ষে অতীত রেকর্ডটা বিবেচনায় আনলে লিটন আর একবার সুযোগ পেতে পারেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে অফ স্পিনার শেখ মেহেদীকে একাদশে এনে সুফল পায়নি টিম ম্যানেজমেন্ট। ফলে তার পরিবর্তে বাঁ হাতি পেসার শরীফুল ইসলামের ফেরার সম্ভাবনা আছে। গত ১ জুন নিউইয়র্কে ভারতের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচে ফলো থ্রুতে বলের আঘাতে চলমান বিশ্বকাপে একটি ম্যাচেও যে খেলার সুযোগ পাননি এই বাঁ হাতি পেসার। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers