মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

সাকিব-তানজিম-রিশাদের মাইলস্টোন ম্যাচে ভারতের কাছে বড় হার

শামীম চৌধুরী ২২ জুন , ২০২৪, ২৩:৫৭:৩৪

  • ৪০ রানের পথে শান্ত'র একটি শট। ছবি-ক্রিকইনফো

ভারত : ১৯৬/৫ (২০.০ ওভারে)

বাংলাদেশ : ১৪৬/৮ (২০.০ ওভারে)

ফল : বাংলাদেশ ৫০ রানে পরাজিত।

প্লেয়ার অব দ্য ম্যাচ : হার্দিক পাণ্ডিয়া (ভারত)।

এক ম্যাচে তিন তিনটি মাইলস্টোন। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে প্রথম বোলার হিসেবে সাকিব আল হাসান পূর্ণ করেছেন উইকেটের হাফ সেঞ্চুরি।

২০২১ সালে ওমান-সংযুক্ত আরব আমিরাতে সাকিবের ১১টি উইকেট ছিল একক কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ বোলারদের মধ্যে সেরা। সাকিবের সেই রেকর্ড শনিবার ছুঁয়েছেন তানজিম হাসান সাকিব-রিশাদ।

তবে এই তিন বোলারের মাইলস্টোনের ম্যাচে ভারতের রান পাহাড়ে (১৯৬/৫) চাপা পড়ে ম্যাচে লড়াই জমিয়ে তুলতে পারেনি বাংলাদেশ।

চায়নাম্যান কুলদ্বীপ যাদব (৩/১৯), পেস বোলার বুমরাহ (২/১৩) এবং আর্শদ্বীপের বোলিংয়ে (২/৩০) ৫০ রানে হেরে সুপার এইট থেকে বিদাঘণ্টা বেজেছে বাংলাদেশের। 

টসে জিতে এন্টিগায় ব্যাটিং ফ্রেন্ডলি পিচে ফিল্ডি নিয়ে ভারতের ইনিংসে কখনো চাপ সৃষ্টি করতে পারেনি বাংলাদেশ বোলার ফিল্ডাররা। ব্যাটিং পাওয়ার প্লে-তে ৫৩/১ স্কোরে বড় স্কোরের আভাস দিয়েছিল ভারত। শেষ পাওয়ার প্লে-তে ১ উইকেট হারিয়ে ৬২ রান যোগ করে বাংলাদেশকে ফেলে দিয়েছে ভারত বড় চ্যালেঞ্জের মুখে।

মোস্তাফিজ এদিন খেয়েছেন ভীষণ মার (৪-০-৪৮-০)। শেষ ওভারে তার খরচা ১৮ রান। তার শেষ বলে বাউন্ডারির চুমোয় হার্দিক পাণ্ডিয়া ২৭ বলে ফিফটি পূর্ণ করেছেন।

ভারতের ৬টি পার্টনারশিপের মধ্যে ৫টি এদিন বাংলাদেশ বোলারদের মনোবলে দিতে পেরেছে ধাক্কা। প্রথম উইকেট জুটির ২২ বলে ৩৯ , দ্বিতীয় জুটির ২৭ বলে ৩২, ৪র্থ জুটির ১৯ বলে ৩১, ৫ম জুটির ৩৪ বলে ৫৩ এবং অবিচ্ছিন্ন ৬ষ্ঠ জুটির ১৭ বলে ৩৫ রানে ভারত পেয়েছে বড় চ্যালেঞ্জ। 

স্পিন দিয়ে ভারতকে চাপে ফেলতে চেয়েছিলেন শান্ত। ভারতের ওপেনিং পার্টনারশিপ বিচ্ছিন্ন করেছেন তিনি সাকিবের স্পিন দিয়ে। শুরুটা এদিন অবশ্য ভাল করেননি সাকিব। প্রথম ওভারে খরচা করেছেন ১৫ রান। দ্বিতীয় ওভারে প্রথম বলে রোহিতের কাছে ছক্কা, তৃতীয় বলে বাউন্ডারি খেয়ে চতুর্থ বলেও শট খেলতে রোহিতকে প্রলুব্ধ করে মূল্যবান উইকেট পেয়েছেন সাকিব। 

এই বিশ্বকাপে দুটি মাইলস্টোন নিয়ে এসেছিলেন সাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপে উইকেট শিকারের হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন ভারতের বিপক্ষে ২ ওভারের প্রথম স্পেলে (২-০-২৫-১) রোহিতকে শিকার করে। 

গ্রুপ রাউন্ডে ৯ উইকেট পেয়ে সুপার এইটে লক্ষ্য ছিল তার সিনিয়র সাকিবের রেকর্ড ভেঙ্গে ফেলার দিকে। ২০২১ সালে ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের ১১ উইকেটের রেকর্ড ছিল এতোদিন সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে বৈশ্বিক কোনো আসরে বাংলাদেশ বোলারদের মধ্যে সেরা। শনিবার এন্টিগায় ভারতের বিপক্ষে দ্বিতীয় স্পেলে (১-০-৯-২) কোহলিকে বোল্ড (২৮ বলে ৩৭) এবং সূর্যকুমারকে(২বলে ৬) উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করে ২ উইকেট পেয়ে ৩ বছর আগে সাকিবের সেই কৃতিকে স্পর্শ করেছেন তানজিম হাসান সাকিব। ভারতের বিপক্ষে করেছেন প্রশংসিত বোলিংও (৪-০-৩২-২)।

ভারতের বিপক্ষে খরুচে বোলিংয়ে (৪-০-৪৩-২) রিশব পন্ট (২৪ বলে ৩৬) এবং দুবেকে (২৪ বলে ৩৬) শিকার করে ১১ উইকেট পূর্ণ করে ছুঁয়েছেন দুই সাকিবকে।  এই ম্যাচে উইকেট না পেলেও মিতব্যয়ী বোলিং করেছেন মাহমুদউল্লাহ (২-০-৮-০) ও শেখ মেহেদী (৪-০-২৮-০)।

১৯৭ রানের লক্ষ্যটা সামনে রেখে দুই ওপেনার তানজিদ-লিটন ভালই শুরু করেছিলেন। তবে ইনিংসের চতুর্থ ওভারে হার্দিক পাণ্ডিয়াকে ছক্কা মেরে পরের বলে মিড উইকেটে ক্যাচ দিয়ে লিটন থেমে গেলে (১০ বলে ১ চা্র, ১ ছক্কায় ১৩)  ২১ বলে ৩৫ রানের এই পার্টনারশিপ বিচ্ছিন্ন হয়। ইনিংসের মাঝপথে চায়নাম্যান কুলদ্বীপ টানা ৪ ওভারের স্পেলে (৪-০-১৯-৩) তানজিদ (৩১ বলে ৪ বাউন্ডারিতে ২৯) ও হৃদয়কে (৬ বলে ৪) এলবিডাব্লুতে এবং সাকিবকে এক্সট্রা কভারে (৭ বলে ১১) ক্যাচ দিতে বাধ্য করে ম্যাচটা একপেশে করার আভাস দিয়েছেন।

শেষ পাওয়ার প্লে-এর ৩০ বলে ৮৯ রানের দুরূহ টার্গেটের মুখে ঝুঁকিপূর্ণ শট খেলতে যেয়ে শান্ত মিস করেছেন ফিফটি। ৩২ বলে ৪ বাউন্ডারি ৩ ছক্কায় শোভিত ৪০ রানের ইনিংস থেমেছে বুমরাহ'র এক্সট্রা বাউন্সে থার্ডম্যানে ক্যাচ দিয়ে। প্রথম স্পেলে উইকেটহীন আর্শদ্বীপ দ্বিতীয় স্পেলে শিকার করেছেন জাকের আলী অনিককে (৪ বলে ১)।

আর্শদ্বীপ এবং অক্ষয় প্যাটেলকে ৩টি ছক্কা মেরে বুমরাহ-কে মিড উইকেটে খেলতে যেয়ে এক্সট্রা কভারে রিশাদ ক্যাচ দিলে (১০ বলে ১ চার, ৩ ছক্কায় ২৪) ৫০ রানে হার মানতে বাধ্য হয় বাংলাদেশ। টানা ২ ম্যাচ জিতে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে ভারত। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers