বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

স্বাগতিক উইন্ডিজকে বিদায় করে সেমিতে দক্ষিণ আফ্রিকা

শামীম চৌধুরী ২৪ জুন , ২০২৪, ১১:৩৪:৪৩

  • জয়ের পর জানসেন-রাবাদার লাফ। ছবি-ক্রিকইনফো

ওয়েস্ট ইন্ডিজ : ১৩৫/৮ (২০.০ ওভারে)

দক্ষিণ আফ্রিকা : ১২৪/৭ (১৬.১ ওভারে)

ফল : দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটে জয়ী।

প্লেয়ার অব দ্য ম্যাচ : তাবরাইজ সামছি (দক্ষিণ আফ্রিকা)।

ইংল্যান্ডের কাছে হেরে সেমিফাইনালের পথটা কঠিন করে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। এন্টিগায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা ছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের জন্য ডু অর ডাই। তবে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে উত্তেজনা ছড়িয়ে শেষ পর্যন্ত হতাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ।

১৭ ওভারে ১২৩ রানের টার্গেট পাড়ি দিয়েছে দক্ষিণ আফ্রিকা ৫ বল হাতে রেখে ৩ উইকেটে জিতে। ১৭তম ওভারের প্রথম বলে ওবেদ ম্যাককয়কে লং অনের উপর দিয়ে মার্কো জানসেনের ছক্কায় সেমিফাইনালের টিকিট পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

এন্টিগায় টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে চায়নাম্যান তাবরাইজ সামছির বোলিংয়ে (৩/২৭) ওয়েস্ট ইন্ডিজকে ১৩৫/৮-এ থামিয়ে জয়ের ছক এঁকেছে দক্ষিণ আফ্রিকা। এই মাঝারিমানের স্কোরে রোস্টন চেজ করেছেন ৪২ বলে ৩ চার, ২ ছক্কায় ৫২। মায়ার্স করেছেন ৩৪ বলে ৩৫। তৃতীয় উইকেট জুটিতে তাদের অবদান ৬৫ বলে ৮১।

এমন একটা পার্টনারশিপের পর হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৮৬ থেকে ১১৮-এই ৩২ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেট।

দক্ষিণ আফ্রিকার ১৩৬ রানের লক্ষ্যটা কঠিন করে দিয়েছিলেন আন্দ্রে রাসেল নিজের প্রথম ওভারে ৩ রানে দুই উইকেট পেয়ে। তবে ২ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর যখন ১৫/২, তখন বৃষ্টি নামলে খেলাটা ৭৫ মিনিট স্থগিত থাকে।

ফলে দক্ষিণ আফ্রিকার সামনে পরিবর্তিত টার্গেট দাঁড়ায় ১৭ ওভারে ১২৩। পুনরায় খেলা শুরু হলে ৯০ বলে ১০৮ রানের টার্গেট দক্ষিণ আফ্রিকার জন্য সহজ হয়েছে। ৭ম ওভারে ওয়েস্ট ইন্ডিজের বাঁ হাতি স্পিনার গুদাকেশ মোতিকে হেনরিক ক্লাসেন ১ ছক্কা, ৩ বাউন্ডারি মারলে এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। তবে ইনিংসের শেষ দিকে অফ স্পিনার রোস্টন চেজ ৩ ওভারের একটা স্পেলে (৩-০-১২-৩) দক্ষিণ আফ্রিকার তিন ব্যাটারকে ফিরিয়ে দিলে শেষ ৩ ওভারে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির তৈরি হয়।

১৮ বলে ১৯, ১২ বলে ১৩, ৬ বলে ৫ রানের টার্গেটটা দক্ষিণ আফ্রিকা পাড়ি দিতে পেরেছে টেল এন্ডার জানসেনের ১৪ বলে ২১ রানের হার না মানা ইনিংসে। টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ স্বাগতিক যুক্তরাষ্ট্রের পর সুপার এইটে থেমে গেল ওয়েস্ট ইন্ডিজও। বৃথা গেল রোস্টন চেজ এর অলরাউন্ড পারফরমেন্স (৪২ বলে ৫২ এবং ৩/১২)।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers