বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

রোহিত ঝড়ে বিশ্বকাপের ফাইনালে হারের বদলা ভারতের

শামীম চৌধুরী ২৫ জুন , ২০২৪, ০০:৪৭:৪৬

  • ম্যাক্সওয়েলকে আউট করায় কুলদ্বীপকে রোহিত শর্মার অভিনন্দন। ছবি-ক্রিকইনফো

ভারত : ২০৫/৫ (২০.০ ওভারে)

অস্ট্রেলিয়া : ১৮১/৭ (২০.০ ওভারে)

ফল : ভারত ২৪ রানে জয়ী।

প্লেয়ার অব দ্য ম্যাচ : রোহিত শর্মা (ভারত)।

আহমেদাবাদে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারটা যেনো একটু বেশিই তাঁতিয়ে দিয়েছে ভারতকে। ৭ মাস পর সেই হারের বদলা নিয়েছে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপে, ২৪ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়ে।

সুপার এইটে টানা ৩ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। অন্যদিকে আফগানিস্তানের পর ভারতের কাছে হেরে অস্ট্রেলিয়ার সেমিফাইনাল নির্ভর করছে বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচের ফলাফল এবং নেট  রান রেটের উপর।

২ ম্যাচ হেরেও সেমি'র সম্ভাবনা আছে বাংলাদেশের। আফগানিস্তানকে হারালেই চলবে না,  প্রথমে ব্যাট করে আফগানিস্তানকে ৬২ রানে হারাতে পারলেই সেমিফাইনালে উঠে যাবে বাংলাদেশ। সুপার এইটে পর পর দুই ম্যাচে হেরে যাওয়ার পরও সেমিফাইনালের সম্ভাবনা আছে অস্ট্রেলিয়ার। আফগানিস্তানকে ৬২ রানের কম ব্যবধানে বাংলাদেশ হারালে সেক্ষেত্রে সেমিতে উঠে যাবে অস্ট্রেলিয়া। তবে সেন্ট ভিনসেন্টে বাংলাদেশকে আফগানিস্তান হারিয়ে দিলে এসব সমীকরণ কাজে আসবে না। দ্বিতীয় দল হিসেবে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের টিকিট পাবে আফগানিস্তান।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ব্যাটটা চওড়া করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তার ব্যাটিং ঝড়ে (৪১ বলে ৮ চার, ৮ ছক্বা ৯২) অস্ট্রেলিয়াকে রান পাহাড়ে চাপা দিয়েছে (২০৫/৫) ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি যে কোনো দলের যৌথভাবে সর্বোচ্চ স্কোর। এর আগে ২০১২ সালে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে কলম্বোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ করেছে ২০৫/৪ স্কোর।

সেন্ট লুসিয়ায় এদিন রোহিত শর্মার ব্যাটটা একটু বেশিই চওড়া দেখিয়েছে। সেন্ট লুসিয়ায় সুপার এইটের ম্যাচে মিচেল স্টার্কের দ্বিতীয় ওভারে চার ছক্কা, ১ বাউন্ডারিতে ২৯ রান নিয়ে তা জানিয়ে দিয়েছেন রোহিত শর্মা। ১৯ বলে ৩১তম ফিফটি পূর্ণ করে সেঞ্চুরির দিকে চোখ রেখেছিলেন।  কোহলি (৪১০৩), বাবর আজমকে (৪১৪৫) টপকে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে রানের সিংহাসনে (৪১৬৫) আরোহন করেছেন এদিন।

তবে মাত্র ৯ রানের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম এবং টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৬ষ্ঠ সেঞ্চুরি মিস করেছেন হিটম্যান রোহিত। টিপ-টোয়েন্টি বিশ্বকাপে নিজের সেরা ইনিংস ৯২ রানে থেমেছেন রোহিত স্টার্কের দ্বিতীয় স্পেলে ইয়র্কারে বোল্ড হয়ে। তবে আউট হওয়ার আগে ২২৪.৩৯ স্ট্রাইক রেটে করেছেন ৪১ বলে ৭ চার, ৮ ছক্বায় ৯২ রান।

দ্বিতীয় উইকেট জুটিতে পন্টকে নিয়ে ৩৮ বলে ৮৭ এবং তৃতীয় উইকেট জুটিতে সূর্যকুমারকে নিয়ে ২০ বলে ৩৪ রানে দিয়েছেন নেতৃত্ব। কোহলি (৫ বলে ০) ছাড়া ভারতের সবাই পেয়েছেন রান। সূর্যকুমার ১৬ বলে ৩ চার, ২ ছক্কায় ৩১, দুবে ২২ বলে ২৮ করেছেন। হার্দিক পান্ডিয়া ছিলেন ১৭ বলে ১ চার, ২ ছক্কায় ২৭ রানে অপরাজিত। 

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে এদিন ভারত ব্যাটারদের প্রতি আক্রমনে এলোমেলো হয়েছে অস্ট্রেলিয়া বোলাররা। হ্যাজলউড (৪-০-১৪-১) ছাড়া অন্য সব বোলার এদিন খেয়েছেন মার। সবচেয়ে বেশি মার খেয়েছেন স্টয়নিচ ( ৪-০-৫৬-২)। স্টার্ক ২ উইকেট পেলেও খরচ করেছেন ৪৫ রান। উইকেটহীন লেগ স্পিনার জাম্পার খরচা ৪১ রান।

২০৬ রান চেজ করতে নেমে ব্যাটিং পাওয়ার প্লে-তে ৬৫/১ স্কোরে ভারতকে ভালই চ্যালেঞ্জ ছুঁড়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় উইকেট জুটিতে মিচেল মার্শ-ট্রাভিস হেড ৪৮ বলে ৮১ রান যোগ করলে জয়ের সম্ভাবনা উঁকি দেয় অস্ট্রেলিয়ার। ৫ রানের মাথায় আর্শদ্বীপের রিটার্ন ক্যাচ থেকে বেঁচে যাওয়া মার্শকে কুলদ্বীপ ডিপ স্কোয়ার লেগে ক্যাচ দিতে বাধ্য করেছেন ৩৭ রানের মাথায়।

চায়নাম্যান কুলদ্বীপ পরের ওভারে ফিরিয়েছেন ম্যাক্সওয়েলকে (১২ বলে ১৯)। তার দ্বিতীয় স্পেলে (২-০-১৭-২) ম্যাচে ফিরেছে ভারত। বুমরাহর শেষ স্পেলে (২-০-১৪-১) ট্রাভিস হেড কভারে স্কাই ক্যাচ দিলে (৪৩ বলে ৮ চার, ৪ ছক্কায় ৭৬) এবং আর্শদ্বীপের শেষ ওভারে ম্যাথু ওয়েড, টিম ডেভিড শর্ট থার্ডম্যানে ক্যাচ দিলে বড় ব্যবধানে জয়েরে পথ প্রশস্ত হয় ভারতের। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers