মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

সমালোচনার মধ্যেও ব্যাট ক্যারি থ্রু দ্য ইনিংসে লিটনের রেকর্ড

শামীম চৌধুরী ২৫ জুন , ২০২৪, ২২:৫২:০৪

  • শেষ ম্যাচে তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেনিংয়ে লিটন দাস। ছবি-বিসিবি

সাকিব, মাহমুদউল্লাহর পর তৃতীয় বাংলাদেশী ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ২ হাজার রানের মাইলফলকের হাতছানি ছিল লিটন দাসের সামনে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এই আসরে ১৯৬ রান করতে পারলেই পূর্ণ হয়ে যেতো এই মাইলফলক। তবে থেমেছেন লিটন ১৩৯ রানে। ২৩.১৬ গড়ে তার রান নিয়ে উঠেছে সমালোচনা। বেশি সমালোচনা হয়েছে তার ৯৩.২৮ স্ট্রাইক রেটে ব্যাটিং নিয়ে।

রান পাচ্ছেন না, নিজের উইকেটটা বিলিয়ে দিচ্ছেন প্রতি ম্যাচে। টি-টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছে-তাই শুরুর পরও লিটন দাসের উপর আস্থা রেখেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। প্রতিটি ম্যাচে খেলার নিশ্চয়তা দেয়া হয়েছে তাকে।

সুপার এইটের শেষ ম্যাচে এসে খেলতে পেরেছেন নিজের মতো। শ্লো উইকেটে আফগানিস্তানের বিপক্ষে ৪৯ বলে ৫ চার, ১ ছক্কায় খেলেছেন হার না মানা ৫৪ রানের ইনিংস। ১১০.২০ স্ট্রাইক রেটে করেছেন রান এই ইনিংসে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্যারিয়ার এটি তার দ্বিতীয় এবং চলমান আসরে একমাত্র ফিফটি।

নাভিন উল হককে দ্বিতীয় ওভারে থার্ডম্যানের উপর দিয়ে ৯১ মিটার ছক্কায় বাংলাদেশকে দেখিয়েছিলেন স্বপ্ন। তবে অন্য এন্ডে ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে দলের জয় নিয়ে ফিরতে পারেননি লিটন।

তবে এই ম্যাচে একটা রেকর্ড করেছেন লিটন। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট ক্যারি থ্রু দ্য ইনিংসের রেকর্ডটা করেছেন লিটন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে এই রেকর্ডটি দ্বিতীয়। প্রথম রেকর্ডটি করেছিলেন ক্রিস গেইল। ২০০৯ সালে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ১০১ রানের ইনিংসে তার অবদান ছিল ৬৩ নট আউট। গেইলের সংগ্রামী ইনিংসের (৫০ বলে ৬৩*) পরও হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ ৫৭ রানে। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট ক্যারি থ্রু দ্য ইনিংসের তিনটিই দ্বিতীয় ইনিংসে।

গেইল, লিটনের দলে আছেন ঘানার রিচমন্ড বালেরি। ২০২৩ সালে বেনোনিতে বোতসোয়ানার বিপক্ষে ৫৬ রানের হার না মানা ইনিংস উপহার দিয়ে ইতিহাস হয়ে গেছেন এই ওপেনার। যদিও ৫৬ বলে ৫৬ রানের হার না মানা ইনিংসে জেতাতে পারেননি দলকে। হেরে গেছে ঘানা সেই ম্যাচে ৩৮ রানে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers