মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

‘‘সেমি-ফাইনালে ‘চোকার’ তকমা পেলেও এবারের দক্ষিণ আফ্রিকা দল ভিন্ন’’

ক্রীড়া ডেস্ক ২৬ জুন , ২০২৪, ১৩:৫৮:৩৮

  • ছবি: ইন্টারনেট

বিশ্বকাপের নক-আউট ম্যাচে চাপের সময়ে বারবার ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকা। তাইতো ‘চোকার’ তকমা গায়ে লেগে গেছে তাদের। তবে এবারের দক্ষিণ আফ্রিকা দলকে ভিন্ন বলেই মনে করেন কোচ রব ওয়াল্টার।

এবারের বিশ্বকাপে একের পর এক ম্যাচ জিতে সেমি-ফাইনালে পা রেখেছে দক্ষিণ আফ্রিকা। ফাইনালে ওঠার লড়াইয়েও ফেভারিট হয়েই নামবে তারা আফগানিস্তানের বিপক্ষে। মানে, ‘চোক’ করার আদর্শ মঞ্চ প্রস্তুত! তবে ব্যাপারটি ওয়াল্টার অস্বীকার করছেন না। এড়িয়েও যাচ্ছেন না। বরং কঠিন সেই বাস্তবতাকে আলিঙ্গন করে নিচ্ছেন। তার মতে, চ্যালেঞ্জটাকে সাদরে গ্রহণ করে নিলেই সমাধান বের করা সম্ভব, ‘সেমি-ফাইনালের মতো ম্যাচের ক্ষেত্রে এক ধরনের বাড়তি উত্তেজনা সবসময়ই সুস্পষ্ট হয়ে ফুটে ওঠে। উদ্বেগ ও রোমাঞ্চের মিশ্র একটা অনুভূতি কাজ করে এবং এই পর্যায় পর্যন্ত আসতে পারলে সবার মধ্যেই এরকম অনুভূতি কাজ করেই।’

প্রোটিয়া কোচ আরও বলেন, ‘ব্যাপারটি হলো, এটিকে স্রেফ আলিঙ্গন করা এবং এরপর উপলব্ধি করা যে, এটা কীভাবে সামলানো যাবে। আমাদের চাওয়া, এসব সামলেই আগামীকাল ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোয় সেরা ক্রিকেট খেলা।’

চলতি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোয় সেরা ক্রিকেট খেলার কাজ দক্ষিণ আফ্রিকার চেয়ে ভালো আর কেউ করেনি। টানা সাত জয়ে তারা পা রেখেছে সেমি-ফাইনালে। এর মধ্যে পাঁচটি ম্যাচই ছিল দারুণ উত্তেজনাপূর্ণ। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি নক-আউটই ছিল, কার্যত কোয়ার্টার-ফাইনালে রূপ নিয়েছিল তা। সেখানেও শেষ সময়ে দারুণ খেলে জিতে যায় তারা।

ওয়াল্টার তাই আত্মবিশ্বাসী কণ্ঠেই জানিয়ে দিলেন, অতীতের ভূত এই দলে নেই, ‘আগে যারা কাছাকাছি এসেও পারেনি, সেটার দায় ওই মানুষগুলোরই। সত্যি বলতে, এই দক্ষিণ আফ্রিকা তো আলাদা দল। আমাদের যা কিছু আছে, সেসবই শুধু আমাদের। আমরা তাকাব আমাদের নিকট অতীতের পারফরম্যান্সে, যেখানে আমরা বারবার উতরে যেতে পেরেছি। সেমিতেও আমরা সেরকমই ভাবছি।’

এখন পর্যন্ত বিশ্বকাপে একবার ফাইনালে উঠতে পারেনি দক্ষিণ আফ্রিকা। সে লক্ষ্য পূরণে বৃহস্পতিবার ত্রিনিদাদে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় আফগানিস্তানের মুখোমুখি হবে প্রোটিয়ারা। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers