শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ , ২৪ মুহররম ১৪৪৮

অন্যান্য
  >
বিশ্বকাপ

আফগান রূপকথা থামিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

শামীম চৌধুরী ২৭ জুন , ২০২৪, ০৯:০৬:২৯

  • কাদঁছেন আফগান অধিনায়ক রশিদ খান। পাশে হতাশ কোচ জোনাথন ট্রট। ছবি-ক্রিকইনফো

আফগানিস্তান : ৫৬/১০ (১১.৫ ওভারে)

দক্ষিণ আফ্রিকা : ৬০/১ (৮.৫ ওভারে)

ফল : দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী।

প্লেয়ার অব দ্য ম্যাচ :মার্কো জানসেন (দক্ষিণ আফ্রিকা)।

সেমিতে থেমেছে আফগান রূপকথা। বোলারদের নৈপূণ্যে ডেথ ওভার থ্রিলারে একটার পর একটা ম্যাচ জিতে মনোবল বাড়িয়ে নেয়া দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে পাত্তাই দেয়নি আফগানিস্তানকে।

আফগানিস্তানকে মাত্র ৫৬ রানে অল আউট করে সহজ জয়ে ফাইনালের পথটা সুগম করেছিল দক্ষিণ আফ্রিকা। ৬৭ বল হাতে রেখে ৯ উইকেটে জিতে চোকার্স অপবাদ ঘুঁচিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম ফাইনালের দেখা পেয়েছে দক্ষিণ আফ্রিকা। 

৪৮ ঘন্টা আগে বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার আনন্দটা একটু বেশিই প্রকাশ করেছে আফগানিস্তান। আইসিসির প্রথম কোনো মেগা ইভেন্টে সেমিফাইনালে ওঠার আত্মতুষ্টিতে এতোটাই ভুগেছে দলটি, যে ভুলেই গেছে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষের নাম দক্ষিণ আফ্রিকা, যারা বোলারদের পারফরমেন্সে অপরাজিত থেকে এই পর্যায়ে এসেছে।

এই আত্মতুষ্টিটাই কাল হয়ে দাঁড়িয়েছে। খেলা থেকে মনযোগ উৎসবে সরিয়ে নেয়ার মাশুল দিয়েছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পেতে হয়েছে আফগানিস্তানকে সংক্ষিপ্ত সংস্করণের বৈশ্বিক আসরে সর্বনিম্ন স্কোরের (৫৬/১০ ) লজ্জা পেয়েছে তারা। 

ব্রায়ান লারার একটি ভবিষ্যদ্বানী শুনে পেয়েছে আফগানিস্তান বিশেষ টনিক। লারার নামে স্টেডিয়ামে আফগান রূপকথা রচনার প্রত্যয়ে খেয়েছে ধাক্কা। টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরে যে ভেন্যুতে চেজিং করে জয়ের সংখ্যা ভারী, সেই ব্রায়ান লারা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়াটা হয়েছে তাদের জন্য বুমেরাং। দক্ষিণ আফ্রিকার তিন পেসার মার্কো জানসেন (৩-০-১৬-৩), রাবাদা (৩-১-১২-২), নরকিয়ে (৩-০-৭-৩) এবং চায়নাম্যান তাবরাইজ সামসির বোলিংয়ে (১.৫-০-৬-৩) মাত্র ৫৬ রানে অলআউট হয়েছে আফগানিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯টি আসরে হয়ে যাওয়া ১৭টি সেমিফাইনালে একশ'র নিচে ছিল না কোনো স্কোর। ২০০৯ সালে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে ১০১ রানে অল আউট করার কৃতিত্ব ছিল শ্রীলঙ্কার। সেই লজ্জার রেকর্ড ছাড়িয়ে এবার সর্বনিম্ন স্কোরের সে লজ্জা পেল আফগানিস্তান ত্রিনিদাদে।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে আফগানিস্তানের সর্বনিম্ন স্কোর ছিল ৭২/১০। ২০১৪ সালে অনুষ্ঠিত বিশ্বকাপে মিরপুরে এই স্কোরের লজ্জা পেয়েছিল তারা বাংলাদেশের বিপক্ষে। ১০ বছর আগের সেই লজ্জা-কে ছাড়িয়ে গেছে এবার।

ব্যাটিং পাওয়ার প্লে-তে জানসেন (৩-০-১৬-৩), রাবাদার (২-১-৫-২) এক স্পেলে স্কোরশিটে ২৮ উঠতে ৫ উইকেট হারিয়ে চোখের সরষের ফুল দেখেছে আফগানিস্তান। আজমতউল্লাহ ওমরজাই (১২ বলে ২ বাউন্ডারিতে ১০) ছাড়া এদিন আফগানিস্তানের কেউ ডাবল ডিজিটের নাগাল পাননি। ডাক-পেয়েছেন ৩ ব্যাটার।   

৫৭ রানের চ্যালেঞ্জ নিতে এসে ইনিংসের দ্বিতীয় ওভারে আফগান পেসার ফজলহক ফারুকীর ইনসুইং ডেলিভারিতে প্লেড অনে থেমেছেন ডি কক (৮ বলে ৫)। এর পর আর উইকেট হারায়নি দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বাধিক ১৬টি উইকেটের রেকর্ড ছিল শ্রীলঙ্কার লেগ স্পিনার হাসারাঙ্গার। ২০২১ সালে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে হাসারাঙ্গার সেই রেকর্ড ভেঙ্গে এই আসরে ১৭ উইকেটে নুতন রেকর্ড করেছেন আফগানিস্তানের পেসার ফজলহক ফারুকী।

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ইতোপূর্বে ২ ম্যাচের ২টিতে জয়ের অতীত থেকে টনিক পেয়েছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় উইকেট জুটির ৪৩ বলে ৫৫ রানে ৬৭ বল হাতে রেখে ৯ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা।

৯ম ওভারের প্রথম বলে আজমতউল্লাহ ওমরজাইকে বাউন্ডারিতে শুরু করেছিলেন মার্করাম। ৪র্থ বলে হেনরিক্স স্কোয়ার লেগের উপর দিয়ে ছক্কা এবং পরের বলে স্ট্রেইট বাউন্ডারিতে দক্ষিণ আফ্রিকাকে দিয়েছেন বড় জয় উপহার। মার্করাম ২১ বলে ৪ বাউন্ডারিতে ২৩ এবং হেনরিক্স ২৫ বলে ১ ছক্কা ৩ বাউন্ডারিতে ২৯ রানে ছিলেন অপরাজিত।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers