মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

রোহিত-সূর্যকুমারে ভারতের চ্যালেঞ্জিং স্কোর

শামীম চৌধুরী ২৮ জুন , ২০২৪, ০০:৫১:৩৭

  • রোহিত-সূর্যকুমার ৫০ বলে ৭৩ রানের জুটির পথে। ছবি-ক্রিকইনফো

ভারত : ১৭১/৭ (২০.০ ওভারে)

গায়নায় দ্বিতীয় সেমিফাইনাল দফায় দফায় বাধাগ্রস্থ করেছে বৃষ্টি। বৃষ্টি আর ভেজা আউটফিল্ডে খেলা শুরু হয়েছে বিলম্বে। টস হয়েছে নির্ধারিত সময়ের ৮০ মিনিট পর। দ্বিতীয় দফায় বৃষ্টিতে ম্যাচ স্থগিত থেকেছে ৭৫ মিনিট।

ভারতের ইনিংসেই বৃষ্টি কেড়ে নিয়েছে নির্ধারিত সময়ের চেয়ে ১৫৩ মিনিট বেশি। বৈরী আবহাওয়া অবশ্য ভারতের চ্যালেঞ্জিং স্কোরে বাধাগ্রস্থ হতে পারেনি।

টসে হেরে রোহিত শর্মার ফিফটি (৩৯ বলে ৫৭) এবং সূর্যকুমারের সময়োচিত ব্যাটিংয়ে (৩৬ বলে ৪৭)  ভারতের স্কোর ১৭১/৭ । গায়ানার শ্লো উইকেটে ইংল্যান্ডের জন্য ১৭২ রানের চ্যালেঞ্জটা একটু কঠিনই মনে হচ্ছে। 

ইনিংসের দ্বিতীয় বলে টপলেকে থার্ডম্যান দিয়ে বাউন্ডারিতে বড় স্কোরের আভাস দিয়েছিলেন রোহিত শর্মা। সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯২ রানের ইনিংসের পর সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে করেছেন ৩৯ বলে ৬ চার, ২ ছক্কায় ৫৭।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৩২তম এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে ১২তম ফিফটি পূর্ণ করেছেন সাম কারানকে সুইপ শটে ফাইন লেগ দিয়ে ছক্কা মেরে। ইংল্যান্ড লেগ স্পিনার আদিল রশিদের গুগলিতে থেমেছেন তিনি ৫৭ রানে।

সর্যকুমারকে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে ৫০ বলে ৭৩ রানে নেতৃত্ব দিয়েছেন তিনি। ফিফটি পেতে পারতেন সূর্যকুমারও। তবে আর্চারের দ্বিতীয় স্পেলে লং অনে ক্যাচ দিয়ে থেমেছেন তিনি ৪৭ রানে এসে। ৩৬ বলের যে ইনিংসে ৪ চার-এর পাশে মেরেছেন ২ ছক্কা।

হার্দিক পাণ্ডিয়া এই ম্যাচেও তুলেছিলেন ব্যাটে ঝড়। ক্রিস জর্ডানকে পর পর দুই বলে লং অন, লং অফের উপর দিয়ে ছক্কায় মাতিয়ে থেমেছেন তিনি পরের বলে লং অফে ক্যাচ দিয়ে (১৩ বলে ২ ছক্কা, ১ চার-এ ২৩)। পরের বলে দুবেকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেছেন (১ বলে ০)। শেষ স্পেলে মার খেলেও (২-০-২৭-৩) জর্ডান পেয়েছেন ৩ উইকেট।

ব্যাটিং পাওয়ার প্লে-তে কোহলি (৯ বলে ৯), পন্টকে (৬ বলে ৪) হারিয়ে ভারতের স্কোর ছিল ৪৬/২। ইংল্যান্ডকে বড় চ্যালেঞ্জে ফেলতে শেষ পাওয়ার প্লে-তে ব্যাট চওড়া করেছে ভারত মিডল অর্ডাররা। শেষ পাওয়ার প্লে-এর ৩০ বলে ৪ উইকেট হারিয়ে ৫৩ রান যোগ করায় স্কোর টেনে নিতে পেরেছে ভারত ১৭১/৭ পর্যন্ত।

জর্ডান ৩ উইকেট পেলেও করেছেন খরুচে বোলিং (৩-০-৩৭-৩)। তবে লেগ স্পিনার আদিল রশিদ (৪-০-২৫-১) এবং অফ স্পিনার লিভিংস্টোন (৪-০-২৪-০) করেছেন মিতব্যয়ী বোলিং। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers