মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

বৈরী আবহওয়ায় ফাইনাল সম্পন্ন না হলে যুগ্ম-চ্যাম্পিয়ন

শামীম চৌধুরী ২৮ জুন , ২০২৪, ২০:৪৫:৪৬

  • বারবাডোজের ব্রিজটাউনে কেনিংসটন ওভাল। যেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হবে। ছবি-ইন্টারনেট

গায়ানায় ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনালে বৃষ্টি বাধায় দু'দফায় বিলম্বিত হয়েছে ম্যাচটি। ১৫৩ মিনিট খেয়ে ফেলেছে বৃষ্টি।

তবে ওই ম্যাচে ২৫০ মিনিট অতিরিক্ত বরাদ্দ রাখায় রিজার্ভ ডে-না থাকার পরও দুর্ভাবনায় পড়তে হয়নি আইসিসিকে। ম্যাচ সম্পন্ন করতে পেরেছে আইসিসি। 

আবহাওয়ার পূর্বাভাস বলছে, বারবাডোজে ফাইনাল ম্যাচেও হানা দিতে পারে বৃষ্টি। স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে যখন ম্যাচ শুরু হওয়ার কথা, তখন আকাশ থাকবে মেঘলা। সম্ভাবনা রয়েছে বজ্রবৃষ্টির। এ পূর্বাভাস দিয়েছে আকুওয়েদার। ফাইনাল ম্যাচে রাখা হয়েছে রিজার্ভ ডে। তবে এই দিনটিতে আকাশ মেঘলা থাকবে, আরও বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। 

শেষ পর্যন্ত যদি রিজার্ভ ডেও বৃষ্টিতে ফাইনাল ভেসে যায়, তাহলে শিরোপা নির্ধারণের ফর্মূলা কী হবে ? তা অবশ্য অনেক আগেই প্লেয়িং কন্ডিশনে ঠিক করে দিয়েছে আইসিসি। 

ফাইনালের নির্ধারিত দিনে (২৯ জুন) বৃষ্টি হলে কার্টেল ওভারের সিদ্ধান্ত নেয়ার আগে অপেক্ষা করতে হবে ১৯০ মিনিট। ম্যাচে ফল নিষ্পত্তি হতে হলে দুই দলকে খেলতে হবে অন্ততঃ ১০ ওভার করে। এই ১০ ওভার করে খেলাও যদি  ফাইনালের নির্ধারিত দিনে সম্পন্ন করা না যায়, তাহলে ফাইনাল ম্যাচটি গড়াবে রিজার্ভ ডে-তে।

রিজার্ভ ডেতে ও যদি বৈরী আবহাওয়ায় ফাইনাল ম্যাচটি সম্পন্ন করা অসম্ভব হয়ে ওঠে, তাহলে দুই ফাইনালিস্ট ভারত–দক্ষিণ আফ্রিকাকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। ম্যাচটি ‌'টাই' হয়ে যদি সুপার ওভারে গড়ায় এবং আবহাওয়ার কারণে সুপার ওভার না হয়, তাহলেও দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers